IPL 2025: আইপিএলে দুইয়ে দুই করে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে শ্রেয়সের পাঞ্জাব, ঘরের মাঠে লজ্জার হার লখনউয়ের
IPL 2025: আইপিএলে ফের দুরন্ত জয় ছিনিয়ে নিল পাঞ্জাব কিংস। টানা দুটি ম্যাচে জয় পেল শ্রেয়স আইয়ারের দল। আজ লখনউয়ে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে জয় এলো ৮ উইকেটে। ২২ বল বাকি থাকতেই।
অর্শদীপ সিং তিন উইকেট নেন। প্রভসিমরণ সিং করেন ঝোড়ো অর্ধশতরান। ছক্কা মেরে দলকে জিতিয়ে টানা ২ ম্যাচে হাফ সেঞ্চুরি করে অপরাজিত থাকেন শ্রেয়স আইয়ার।

আজ লখনউয়ে টস জিতে লখনউ সুপার জায়ান্টসকে ব্যাট করতে পাঠান পাঞ্জাব কিংস অধিনায়ক শ্রেয়স আইয়ার। লখনউ সুপার জায়ান্টস ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭১ রান তোলে। তিনে নামা নিকোলাস পুরাণ ৩০ বলে ৪৪ রান করে কমলা টুপি দখলে রাখলেন। মেরেছেন পাঁচটি চার ও ২টি ছয়।
আয়ুষ বাদোনি একটি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৩৩ বলে ৪১ রানের ইনিংস খেলেন। ওপেনার এইডেন মার্করাম করেন ১৮ বলে ২৮। ১২ বলে ২৭ রান করেন সাতে নামা আবদুল সামাদ। মিচেল মার্শ ১ বলে ০ রানে সাজঘরে ফেরেন। অধিনায়ক ঋষভ পন্থের অবদান ৫ বলে ২।
ডেভিড মিলার ১৮ বলে ১৯ রানের বেশি করতে পারেননি। শার্দুল ঠাকুর ৩ বলে ৩ ও আবেশ খান কোনও বল না খেলে অপরাজিত থাকেন। অর্শদীপ সিং ৪ ওভারে ৪৩ রান দিয়ে মার্শ, বাদোনি ও সামাদকে সাজঘরে ফেরান। শেষ ওভারে নেন ২ উইকেট।
লকি ফার্গুসন ৩ ওভারে ২৬, গ্লেন ম্যাক্সওয়েল ৩ ওভারে ২২, মার্কো জানসেন ৪ ওভারে ২৮ ও যুজবেন্দ্র চাহাল ৪ ওভারে ৩৬ রান দিয়ে ১টি করে উইকেট নেন। মার্কাস স্টইনিস ২ ওভারে ১৫ রান খরচ করে কোনও উইকেট পাননি।
জবাবে খেলতে নেমে তৃতীয় ওভারের পঞ্চম বলে ২৬ রানে ওপেনিং জুটি ভাঙে পাঞ্জাব কিংসের। ৯ বলে ৮ রান করে দিগ্বেশ রাঠীর শিকার হন প্রিয়াংশ আর্য। দিল্লির সতীর্থকে আউট করে তাঁর কাছে গিয়ে নোটবুক সেলিব্রেশনে মাতেন দিগ্বেশ। যার মাধ্যমে মনে করালেন ওয়েস্ট ইন্ডিজের কেসরিক উইলিয়ামসকে।
এরপর শ্রেয়স আইয়ারকে নিয়ে ঝোড়োগতিতে রান তুলতে থাকেন পাঞ্জাব কিংসের ওপেনার প্রভসিমরণ সিং। তিনি ২৩ বলে অর্ধশতরান পূর্ণ করেন। রাঠীর বলেই ডিপ মিড উইকেট দিয়ে ছক্কা মারতে গিয়ে তিনি বাউন্ডারি লাইনের কাছে ক্যাচ দিলেন। বাদোনি লাফিয়ে ছক্কা বাঁচান। তিনি ক্যাচ নিতে পারবেন না বুঝে বল মাঠের ভিতর পাঠান, যা তালুবন্দি করেন রবি বিষ্ণোই।
It took something extraordinary to halt the carnage of #PrabhsimranSingh! 🙌🏻
— Star Sports (@StarSportsIndia) April 1, 2025
Will #LSG turn the tide and stage a comeback in this thriller? 🤔🔥
Watch LIVE action of #LSGvPBKS ➡ https://t.co/GLxHRDPCtX#IPLOnJiostar | LIVE NOW on Star Sports 1, Star Sports 1 Hindi &… pic.twitter.com/S3Dc3t60rF
প্রভসিমরণ ৯টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৩৪ বলে ৬৯ রান করে আউট হন। পাঞ্জাব কিংসের দ্বিতীয় উইকেট পড়ে ১০.১ ওভারে ১১০ রানের মাথায়। পাঞ্জাব কিংস ১৭২ রানের জয়ের লক্ষ্যে পৌঁছে গেল ১৬.২ ওভারে। তিনটি চার ও চারটি ছয়ের সাহায্যে ৩০ বলে ৫২ রানে অপরাজিত থাকলেন পাঞ্জাব অধিনায়ক শ্রেয়স।
ইমপ্যাক্ট সাব নেহাল ওয়াধেরা তিনটি চার ও চারটি ছয় মেরে ২৫ বলে ৪৩ রানে অপরাজিত থাকলেন। ৪ ওভারে ৩০ রান দিয়ে ২ উইকেট পেলেন রাঠী। এই জয়ের ফলে পয়েন্ট তালিকার দুইয়ে উঠে এলো পাঞ্জাব কিংস। নেট রান রেট ১.৪৮৫। লখনউ আপাতত ছয়ে।












Click it and Unblock the Notifications