IPL 2025: অবসর নিয়ে সিদ্ধান্ত নেবেন কবে? জানিয়ে দিলেন মহেন্দ্র সিং ধোনি
IPL 2025: মহেন্দ্র সিং ধোনির অবসর নিয়ে জল্পনার অন্ত নেই। গতকাল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংস ম্যাচ দেখতে ধোনির বাবা-মায়ের উপস্থিতি সেই জল্পনায় ইন্ধন জুগিয়েছে।
মহেন্দ্র সিং ধোনি দীর্ঘক্ষণ ক্রিজে কাটিয়েও দলকে জেতাতে পারেননি। তাঁর ব্যাটিংয়ে দেখা যায়নি মাহিসুলভ দাপট। স্বভাবতই হতাশ ধোনি-ভক্তরা।

প্রশ্ন উঠছে, মহেন্দ্র সিং ধোনির উপস্থিতির জন্যই কি চেন্নাই সুপার কিংসের কম্বিনেশন ঠিক করা যাচ্ছে না? দিল্লি ম্যাচে ধোনিকে যেভাবে স্ট্রাগল করে ব্যাট করতে দেখা গিয়েছে তাতে অনেক নেটাগরিক আর্জি জানিয়েছেন ধোনিকে অবসর নেওয়ার জন্য।
চেন্নাই সুপার কিংসের হেড কোচ স্টিফেন ফ্লেমিং অবশ্য গতকালই ম্যাচের পর জানিয়েছিলেন, তাঁদের মধ্যে এই নিয়ে আলোচনা হয় না। ধোনি ক্রমাগত স্ট্রং হচ্ছেন। ধোনির সঙ্গে কাজ করাও উপভোগ করছেন ফ্লেমিং।
বিজয় শঙ্করকে নিয়ে ৯.২ ওভার ক্রিজে কাটিয়েও দলকে জেতাতে না পারার জন্য অনেকে ধোনির দিকে আঙুল তুলছেন। যতটা আগ্রাসী হওয়া দরকার ছিল সেটাও দেখা যায়নি। ফ্লেমিংয়ের দাবি, পিচে তখন বল গ্রিপ করছিল। ফলে ব্যাটিং করা মোটেই সহজ ছিল না। ইচ্ছাশক্তিতেও খামতি ছিল না। প্রথম ইনিংসে পিচ ভালো থাকলেও পরে ক্রমাগত তা মন্থর হবে, বুঝেছিল সিএসকে।
ধোনি অবশ্য এবারের আইপিএল যে পুরোটাই খেলবেন সেটা জানিয়ে দিলেন এক সাক্ষাৎকারে। ধোনি জুলাই মাসেই ৪৪ বছর পূর্ণ করবেন। ফলে আগামী বছর আইপিএলে তিনি খেলবেন কিনা সেটাই বড়সড় প্রশ্ন। খেলার সম্ভাবনা উড়িয়েও দেননি মাহি।
রাজ শামানির পডকাস্টে ধোনি বলেন, এখনই অবসর নিয়ে ভাবছি না। আমি আইপিএলে খেলছি। আমি এক বছর ধরে ধরে পরিকল্পনা করে থাকি। এখন আমার বয়স ৪৩, আইপিএল শেষ হলে ৪৪ পূর্ণ করব। তারপর আরও ১০ মাস পাব এটা ঠিক করার জন্য যে, আইপিএল খেলব নাকি খেলব না।
7️⃣and8️⃣ making it great! 💪🏻🔥pic.twitter.com/VRlz2CyA84
— Chennai Super Kings (@ChennaiIPL) April 5, 2025
ধোনি এরপরই বলেন, অবসরের সিদ্ধান্ত আমি ঠিক করব না। সবটাই নির্ভর করবে শরীরের উপর। ফলে আমি আগামী এক বছরের কথা ভেবেই যাবতীয় পরিকল্পনা করি খেলার বিষয়ে। ধোনি মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে আটে নেমে ২ বলে ০ রানে অপরাজিত ছিলেন।
আরসিবির বিরুদ্ধে তিনি নয় নম্বরে নামেন। যা নিয়ে প্রবল চর্চা হয়েছিল। অনেকেই মনে করেন, ধোনির নয়ে নামায় লাভ হচ্ছে না সিএসকের। সেই ম্যাচে ধোনি ১৬ বলে ৩০ রানে অপরাজিত ছিলেন। তবে জিততে পারেনি সিএসকে।
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ধোনি সাতে নেমে ১১ বলে ১৬ রান করেন। সেই ম্যাচেও হারে সিএসকে। দিল্লি ক্যাপিটালসের কাছে হেরে সিএসকে হারের হ্যাটট্রিক করল চলতি আইপিএলে। ধোনি সাতে নেমে ২৬ বলে ৩০ রান করেন। ১টি করে চার ও ছয় মারেন। সিএসকে ম্যাচটি হারে ২৫ রানে।












Click it and Unblock the Notifications