IPL 2025: আইপিএলে শেষ ৮ ওভারের রানে দুইয়ে পাঞ্জাবের কীর্তি! গিলের সমালোচনায় বীরু
IPL 2025: আইপিএলে হাই স্কোরিং ম্যাচে গতকাল আমেদাবাদে গুজরাত টাইটান্সকে ১১ রানে হারিয়েছে পাঞ্জাব কিংস। বিশেষ করে ফলাফল নির্ধারণে ফারাক গড়েছে ডেথ ওভারে।
পাঞ্জাব কিংস শেষ ৫ ওভারে ৮৭ রান তুলেছিল। শেষ ৮ ওভারে ১৩৫। ফলে টার্গেট যে কঠিন হয়ে যায় ম্যাচের শেষে তা স্বীকার করেছেন গুজরাত টাইটান্স অধিনায়ক শুভমান গিল।

শ্রেয়স আইয়ার, মার্কাস স্টইনিস ও শশাঙ্ক সিংয়ের ঝোড়ো ব্যাটিংয়ে পাঞ্জাব কিংস শেষ ৮ ওভারে ১৩৫ রান তুলেছে। ১২ ওভারের শেষে পাঞ্জাব কিংসের স্কোর ছিল ৪ উইকেটে ১০৮। সেটাই ২০ ওভারের শেষে গিয়ে দাঁড়ায় ৫ উইকেটে ২৪৩ রানে।
১৩তম ওভার করেন সাই কিশোর, পাঞ্জাব তোলে ১৭। ১৪তম ওভারে রশিদ খান ১৪ রান দেন। ১৫তম ওভারটি করেন মহম্মদ সিরাজ, ওঠে ১৭ রান। ১৬তম ওভারে পাঞ্জাব তোলে ১০ রান, সাই কিশোর ১ উইকেট পান। প্রসিদ্ধ কৃষ্ণ ১৭তম ওভার করতে গিয়ে দেন ২৪।
এই ওভারে তিনটি ছয়, একটি চার ও একটি দুই রানের দৌলতে ৩৮ বলে ৯০ রানে পৌঁছে যান শ্রেয়স আইয়ার। রশিদ খান করেন ১৮তম ওভারটি, পাঞ্জাব তোলে ২০ রান। ১৯তম ওভারে ১০ রান দেন কাগিসো রাবাডা। সিরাজের শেষ ওভারে ২৩ রান তোলে পাঞ্জাব কিংস।
যদিও শেষ ৮ ওভারে সর্বাধিক রান তোলার নিরিখে পাঞ্জাবের কীর্তি রইল দুই নম্বরে। ২০১৬ সালে গুজরাত লায়ন্সের বিরুদ্ধে শেষ ৮ ওভারে ১৪৫ রান তুলেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ২০১০ সালে চেন্নাই সুপার কিংস ১৩ থেকে ২০ ওভারের মধ্যে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ১৩৩ রান তুলেছিল।
শেষ ৮ ওভারে ২০১৪ সালে কিংস ইলেভেন পাঞ্জাব ১৩১ তোলে সিএসকের বিরুদ্ধে। চলতি আইপিএলে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সানরাইজার্স হায়দরাবাদ এবং ২০২২ সালে রাজস্থানের বিরুদ্ধেই সিএসকে ১৩ থেকে ২০ ওভারের মধ্যে ১৩০ রান সংগ্রহ করেছিল।
গতকালের ম্যাচের পর বীরেন্দ্র শেহওয়াগের উপলব্ধি শুভমান গিলের অধিনায়কত্ব প্রত্যাশিত মানে পৌঁছয়নি। ক্রিকবাজকে বীরু বলেন, গিলের নেতৃত্বে প্রস্তুতি ও সক্রিয়তায় খামতি দেখা গিয়েছে। যখন সিরাজ ভালো বল করছিলেন তখন আরশাদ খানকে আনা হলো। পাওয়ারপ্লে-তে আরশাদ ২১ রান দেওয়ায় মোমেন্টামটাই গেল বদলে।
বীরুর মতে, সিরাজ যখন নতুন বলে ভালো বল করছিলেন তখন তাঁকে ডেথ ওভারের জন্য সরিয়ে রাখার কোনও যুক্তি ছিল না। এমনকী শেষে মারও খেলেন সিরাজ।












Click it and Unblock the Notifications