IPL 2025: বাদানি-বেণুর সঙ্গে টি২০ বিশ্বকাপজয়ীকে জুড়ল দিল্লি ক্যাপিটালস, মট ছিলেন কেকেআরেও
IPL 2025: আইপিএলে অধিনায়কের নাম এখনও ঘোষণা করেনি দিল্লি ক্যাপিটালস। তবে কোচিং স্টাফে যুক্ত করা হলো ম্যাথু মটকে।
অস্ট্রেলীয় মট দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ হলেন। তিনি ইংল্যান্ডকে টি২০ বিশ্বকাপও জিতিয়েছেন।

আইপিএলের প্রথম মরশুমেই ম্যাথু মট ছিলেন কলকাতা নাইট রাইডার্সে। জন বুকানন ছিলেন হেড কোচ, তাঁর সহকারী কোচ ছিলেন মট। ২০০৯ সালে কেকেআর পয়েন্ট তালিকায় সকলের নীচে থেকে শেষ করেছিল।
সেই আইপিএলের পর বুকাননকে সরিয়ে দেওয়া হয়। মট ইন্টারভিউ দিয়েছিলেন হেড কোচ হওয়ার জন্য। যদিও কেকেআর ডাভ হোয়াটমোরকে কোচ করে। ফলে কেকেআরের সঙ্গে সম্পর্কেও যতি পড়ে মটের।
২০২২ সালে ম্যাথু মটকে সাদা বলের দলের অর্থাৎ টি২০ ও একদিনের আন্তর্জাতিকের কোচ নিযুক্ত করে ইংল্যান্ড। ২০২২ সালে মটের কোচিংয়েই ইংল্যান্ড জেতে টি২০ বিশ্বকাপ। কিন্তু ২০২৩ সালের বিশ্বকাপ ও গত বছর টি২০ বিশ্বকাপে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয় থ্রি লায়ন্স।
চার বছরের চুক্তি থাকলেও বছর দুয়েকের মধ্যেই শেষ অবধি সরতে হয় মটকে। কেউ বলেন, মট নিজে থেকেই পদত্যাগ করেছেন। কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়, বিশ্বকাপে কাঙ্ক্ষিত ফল না হওয়ায় মটকে সরিয়ে দিয়েছে ইংল্যান্ড। গত সেপ্টেম্বরে মট তিন বছরের জন্য বিগ ব্যাশে সিডনি সিক্সার্সের সহকারী কোচ হয়েছেন।
আইপিএলে দিল্লি ক্যাপিটালস এবারের ও আগামীবারের আইপিএলের জন্য হেড কোচ করেছে হেমাঙ্গ বাদানিকে। আইপিএলের দলের ডিরেক্টর অব ক্রিকেট হয়েছেন বেণুগোপাল রাও। হেড কোচ রিকি পন্টিংয়ের স্থলাভিষিক্ত হন বাদানি, সৌরভের জায়গায় বেণুকে আনে বর্তমান ম্যানেজমেন্ট। এবার সহকারী কোচ হিসেবে অস্ট্রেলীয় মটের উপর আস্থা রাখল দিল্লি ক্যাপিটালস।












Click it and Unblock the Notifications