IPL 2025: বাবা হওয়ার পর মাঠে ফিরছেন লোকেশ রাহুল, কোন ম্যাচে তাঁকে পাবে দিল্লি ক্যাপিটালস?
IPL 2025: চলতি আইপিএলে লোকেশ রাহুল দিল্লি ক্য়াপিটালসের প্রথম ম্যাচে খেলতে পারেননি। তবে দ্বিতীয় ম্যাচ থেকেই তিনি খেলার জন্য প্রস্তুত থাকবেন।
গত সোমবার দিল্লি ক্যাপিটালস ৩ বল বাকি থাকতে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়েছে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। সেদিনই রাহুল ও আথিয়া শেট্টির কোলে আসে কন্যাসন্তান।

দিল্লি ক্যাপিটালসকে প্রথম দুটি ম্যাচ খেলতে হচ্ছে বিশাখাপত্তনমে। রাহুল বিশাখাপত্তনমে পৌঁছেও গিয়েছিলেন। তবে সন্তানসম্ভবা স্ত্রী আথিয়ার পাশে থাকতে রবিবার রাতেই তিনি বিশাখাপত্তনম থেকে মুম্বইয়ের বাড়িতে চলে যান। অবশ্যই দিল্লি ক্যাপিটালস ম্যানেজমেন্টের অনুমতি নিয়ে।
ওই ম্যাচের আগের দিন দিল্লি ক্যাপিটালস অধিনায়ক অক্ষর প্যাটেল জানিয়েছিলেন, রাহুল দলের সঙ্গে যোগ দিলেও খেলার বিষয়ে নিশ্চয়তা নেই। পারিবারিক কারণের কথা উল্লেখ করা হলেও পরে জানা যায় সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতেই রাহুলের এই সিদ্ধান্ত।
রবিবার বিশাখাপত্তনমে বিকেল সাড়ে তিনটে খেকে দিল্লি ক্যাপিটালস মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদের। জানা যাচ্ছে, সেই ম্যাচে রাহুল খেলবেন। রাহুল বর্তমানে ভারতের টি২০ দলের বাইরে থাকলেও দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুরন্ত ছন্দে ছিলেন।
ভারতের টি২০ দলে প্রত্যাবর্তনের জন্য রাহুল গুরুত্ব দিচ্ছেন আইপিএলকে। তাঁকে ১২ কোটি টাকায় কিনেছে দিল্লি ক্যাপিটালস। বিশাখাপত্তনমে দলের সঙ্গে যোগ দেওয়ার আগে মুম্বইয়ে ভারতের সহকারী কোচ অভিষেক নায়ারের তত্ত্বাবধানে ব্য়াটিং অনুশীলনও সেরেছেন।
দিল্লি ক্যাপিটালসে উইকেটকিপিং করছেন অভিষেক পোড়েল। ফলে রাহুলকে সম্ভবত কিপিং করতে হবে না। প্রথম ম্যাচে পোড়েল ব্যাট হাতে ব্যর্থ হলেও তিনি একাদশে থাকবেন। সেক্ষেত্রে রাহুলকে দলে আনা হতে পারে সমীর রিজভির জায়গায়। রিজভির ফিল্ডিং আগের ম্যাচে ভালো হয়নি। ব্যাট হাতেও ৪ বলে ৪ রানের বেশি করতে পারেননি। রাহুল খেললে দিল্লির ব্যাটিং শক্তি নিশ্চিতভাবেই বাড়বে।












Click it and Unblock the Notifications