IPL 2025: রাম নবমীতে ইডেন থেকে সরছে নাইটদের খেলা! কোথায় হবে কেকেআর বনাম লখনউ ম্যাচ?
রাম নবমী দিনে কেকেআরের ম্যাচ ঘিরে গত কয়েক সপ্তাহ ধরেই জটিলতা অব্যাহত ছিল। সুচি অনুযায়ী আগামী ৬ই এপ্রিল ইডেনে রয়েছে কেকেআর বনাম লখনউ দলের ম্যাচ। কিন্তু ওই দিনেই আবার রাম নবমী। ফলে কলকাতা জুড়ে ধর্মীয় মিছিল বেরোবে। এই পরিস্থিতিতে রামনবমীর দিনে ইডেনে আইপিএল ম্যাচের নিরাপত্তা দেওয়া সম্ভব নয় বলেই আগেই কলকাতা পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে।
বিগত কয়েকদিন ধরে কলকাতা পুলিশ এবং সিএবি কর্তাদের মধ্যে আলোচনা হয়েছে বিষয়টি নিয়ে। কিন্তু শেষ পর্যন্ত হয়ত ম্যাচ সরে যেতে পারে ইডেন থেকে। সরকারিভাবে বিসিসিআইয়ের পক্ষ থেকে কোন ঘোষণা করা না হলেও সূত্রের খবর অনুসারে আগামী ৬ই এপ্রিল রাম নবমীর দিনে কেকেআর বনাম লখনউ ম্যাচ কলকাতায় নাও হতে পারে।সূচি পরিবর্তন করতে কোনভাবেই রাজি নয় বিসিসিআই। ফলে ম্যাচের স্থান পরিবর্তন হতে পারে। সুত্রের খবর অনুসারে এই ম্যাচ কলকাতা থেকে গুয়াহাটিতে স্থানান্তরিত হতে পারে।

বর্তমান বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়র শহর গুয়াহাটি। সেখানে আইপিএলের বেশ কিছু ম্যাচ অনুষ্ঠিত হবে। সেই তালিকাতেই অন্তর্ভুক্ত হতে পারে কেকেআরের একটি অতিরিক্ত ম্যাচও। কারণ পুলিশি নিরাপত্তা কলকাতায় ম্যাচ না হওয়ার ক্ষেত্রে প্রধান অন্তরায়। কোনভাবেই পুলিশের কাছ থেকে নিরাপত্তা সংক্রান্ত সবুজ সংকেত পাওয়া যাচ্ছে না। ফলে ম্যাচ অন্য়ত্র সরে যাওয়ার সম্ভাবনাই বেশি। এই পরিস্থিতিতে কলকাতার আশেপাশের শহরেই ম্যাচটি করানোর চিন্তাভাবনা করছে বিসিসিআই।
এই ক্ষেত্রে প্রথমেই নাম উঠে এসেছে গুয়াহাটির। তবে এখনও চূড়ান্ত কোন ঘোষণা হয়নি আরও কয়েকবার সিএবির সঙ্গে পুলিশের বৈঠক হতে পারে যদি কোন রফাসূত্র বেরোয়। তবে কলকাতায় একান্ত ম্যাচ না হলে ৬ তারিখ লখনউ বনাম কলকাতা নাইট রাইডার্সের ম্যাচটি গুয়াহটিতেই হতে পারে। ৬ এপ্রিলের ম্যাচ দুপুর ৩টে থেকে শুরু হয়ে সন্ধের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা। দুর্গাপুজো বা কালীপুজোর মতো গোটা শহর উৎসবে মেতে ওঠে না। কিন্তু দুপুরের পরই শহরে ধর্মীয় মিছিল গুলি বেরোয়।
কেকেআর বনাম লখনউ দলের খেলা বিগত কয়েক মরশুম ধরেই অন্য মাত্রা পেয়েছে, কারণ লখনউ দলের মালিক কলকাতার শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা। ফলে এই ম্যাচ কলকাতার ক্রিকেট প্রেমীদের কাছে অতিরিক্ত আর্কষণ। কিন্তু রাম নবমীর দিনেই এই ম্যাচ পড়ায় তা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। ২০২৪ সালেও রামনবমীর দিনে ইডেনে ম্যাচ নিয়ে জটিলতা তৈরি হয়েছিল।
এই বিষয়টিকে ঘিরে লেগেছে রাজনীতির রংও। রামনবমীর দিনে কলকাতায় কেকেআরের ম্যাচের বিরোধিতা করেছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। তিনি সিএবিকে ম্যাচের দিন পরিবর্তনের আবেদন জানিয়েছেন। তিনি বলেন, সেইদিন পশ্চিমবঙ্গ ব্যাপী রাম নবমীর শোভাযাত্রা বেরোবে। সেইদিন সকল মানুষ তাতে যোগদান করবেন এবং শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন। কারও সেদিন খেলা দেখতে যাওয়ার সময় হবে না এমনকি টিভি দেখারও সময় হবে না।












Click it and Unblock the Notifications