IPL 2025: বোলারের দোষ নেই, নো বল বিতর্কে নিয়ম বদলের পক্ষেই মন্তব্য কেকেআর তারকা বরুণের
আইপিএল মানেই চার-ছক্কা বা জয়-পরাজয়ের খেলা নয়, একইসঙ্গে বিভিন্ন ইস্যুতে একাধিক বিতর্কও হয়। বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদ এবং মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে ম্যাচে নো বল নিয়ে আগুনে বিতর্ক সৃষ্টি হয়েছে। নিয়ম মেনে বল করেও উইকেটরক্ষকের দোষে উইকেট পাওয়া থেকে বঞ্চিতই থাকতে হয় জিশান আনসারিকে। নো বল বিতর্কে এবার মন্তব্য করলেন কেকেআরের স্পিনার বরুণ চক্রবর্তীও।
প্রথমেই জেনে নেওয়া যাক কী হয়েছিল গোটা ঘটনাটি। সপ্তম ওভারে জিশান মুম্বইয়ের ব্যাটার রিকেলটনকে আউট করেন। কিন্তু আম্পায়ার নো বলের সিদ্ধান্ত জানান। জিশানের ওভারস্টেপিংয়ের কারণে নো বল হয়নি। কামিন্সও নিয়ম মেনেই ক্যাচ তালুবন্দি করেন। রিকেলটনকে অপেক্ষা করার নির্দেশ দেন তৃতীয় আম্পায়ার। তখনও বোঝা যাচ্ছিল না কী হয়েছে। তার পরে রিপ্লে-তে গোটা বিষয়টি স্পষ্ট হয়।

কিন্তু সমস্যা হল অন্য জায়গায়। রিকেলটন যখন শটটি নেন তখন হায়দরাবাদের উইকেটরক্ষক হেইনরিখ ক্লাসেনের গ্লাভস ছিল উইকেটের সামনে। নিয়ম অনুযায়ী তা পিছনে থাকার কথা। এর ফলে নো বল হয়।
এরপর থেকেই এই নো বল নিয়ে প্রবল বিতর্ক শুরু হয়। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরাও এই বিষয় মন্তব্য করেন। এরই মধ্যে বিতর্কিত নো বল নিয়ে নিজের মত প্রকাশ করলেন কেকেআরের তারকা স্পিনার। বরুণ লেখেন, উইকেটকিপারের গ্লাভস যদি উইকেটের সামনে চলে আসে, তা হলে সেক্ষেত্রে ডেড বল ঘোষণা করা উচিত।এই সব ক্ষেত্রে উইকেটরক্ষকের আরও সতর্ক থাকা প্রয়োজন। এই ক্ষেত্রে নো বল এবং ফ্রি হিট দেওয়া কাম্য নয়। আমার প্রশ্ন বোলারের দোষ কোথায়? আমার তো এটাই মনে হচ্ছে। এই বিষয়ে আপনারদের কী মত।
গোটা বিষয়টি নিয়েই টুইটে প্রশ্নই তুলছেন বরুণ চক্রবর্তী। কেকেআর তথা ভারতীয় দলের স্পিনারের স্পষ্ট মত নিয়ম বদলানো উচিত। কারণ বোলারের মতে, বোলারের দোষ না থাকলে নো দেওয়া উচিৎ নয়।
যদিও ক্রিকেটীয় নিয়ম বলছে, বল ক্রিজ পেরনোর আগে উইকেটরক্ষকের গ্লাভস ক্রিজে ঢুকে গেলে তা 'নো' বল হিসাবে গণ্য করা হয়। ফলে জিশানের ক্ষেত্রেও এই নিয়ম মেনেই নো বল ডাকেন তৃতীয় আম্পায়ার। এর ফলে রিকেলটন আরও একবার জীবন পান, একই সঙ্গে একটি ফ্রি হিটও পায় দল। ফলে আগামী দিনে আরও সতর্ক থাকতে হবে উইকেটরক্ষকদের। কারণ একটা নো বলই ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে।












Click it and Unblock the Notifications