IPL 2025: গম্ভীর না থাকাতেই অস্তিত্ব রক্ষার লড়াইয়ে কেকেআর! নাইট শিবিরে রোমাঞ্চের অভাব বোধ ফিট হর্ষিতের
IPL 2025: আইপিএলে গত বছর কলকাতা নাইট রাইডার্স দাপট দেখিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। সেখানে এ বছর নাইটদের অস্তিত্বের জন্য লড়াই চালাতে হচ্ছে।
৯ ম্যাচে ঝুলিতে ৭ পয়েন্ট। ফলে প্লে-অফে যেতে কেকেআরের কাছে সব ম্যাচই কার্যত মরণ-বাঁচন দ্বৈরথ। তবে শ্রেয়স আইয়ার নন। গৌতম গম্ভীরের অভাব যে অনুভূত হচ্ছে, তা জানিয়ে দিলেন হর্ষিত রানা।

হর্ষিত রানা দিল্লির হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন। ফলে কালকের দ্বৈরথ কেকেআরের কাছে অ্যাওয়ে ম্যাচ হলেও হর্ষিতের কাছে হোম ম্যাচ। আইপিএল নিলামের আগে হর্ষিতকে আনক্যাপড হিসেবে রেখে দিয়েছিল কেকেআর।
বিগত ৬ মাসে ভারতীয় দলে তিনটি ফরম্যাটেই অভিষেক হয়েছে হর্ষিতের। চলতি আইপিএলে তিনি ৯ ম্যাচে ১১টি উইকেট নিয়েছেন। কেকেআরে যুগ্মভাবে সর্বাধিক উইকেটশিকারী। পাঞ্জাব কিংস ম্যাচে চোট পেয়েছিলেন ক্যাচ ধরতে গিয়ে। তবে হর্ষিতই জানালেন, কোনও সমস্যা নেই। কালকের ম্যাচ খেলার জন্য তিনি ফিট।
গম্ভীরের পরিবর্তে কেকেআরের মেন্টর হিসেবে এসেছেন ডোয়েন ব্র্যাভো। হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সহকারী হিসেবে ফিরেছেন অভিষেক নায়ার। হর্ষিত বলেন, সাপোর্ট স্টাফ প্রায় একইরকম আছে। হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত রয়েছেন। অভিষেক নায়ার ফিরেছেন। তবে ব্যক্তিগতভাবে বলতে পারি, রোমাঞ্চ ভাবটা এবার মিস করছি।
From the City of Joy to the Capital City, hello Delhi! ✨ pic.twitter.com/QOfnbZNSQQ
— KolkataKnightRiders (@KKRiders) April 28, 2025
হর্ষিতের কথায়, অভিষেক নায়ার আসার পর পরিস্থিতি কিছুটা বদলেছে। তাঁর মনোভাব খুব আধুনিক। ম্যাচের পরিস্থিতি ভালো অনুধাবন করতে পারেন। আমাদের দলে ভারতীয় ক্রিকেটারদের সম্পর্কে তিনি ওয়াকিবহাল। সকলের প্রতিভার বিকাশ ঘটাতে তিনি সহায়তা করেছেন। সেটা খুব কার্যকরী।
গম্ভীরের অনুপস্থিতিতেও সাপোর্ট স্টাফরা দলে প্রত্যাশিত পরিবেশ বজায় রেখেছেন। তবু গম্ভীরের জন্যই কিছুটা ফাঁকা ফাঁকা লাগছে হর্ষিতের। তিনি বলেন, গৌতম গম্ভীর যে বাতাবরণ তৈরি করে দলকে এগিয়ে নিয়ে যান, সেই ক্ষেত্রে কিছুটা খামতি পরিলক্ষিত হচ্ছে।
গম্ভীর, হর্ষিতদের শহরেই কাল নাইটদের প্লে-অফের রাস্তা কার্যত বন্ধ হয়ে যাবে কিনা তা বলবে সময়। তবে গৌতম গম্ভীরের অনুপস্থিতিতে দলকে ঠিকভাবে চন্দ্রকান্ত পণ্ডিত অ্যান্ড কোম্পানি তাতাতে পারছেন কিনা তা নিয়েই সংশয় তৈরি হলো হর্ষিতের বক্তব্যে।












Click it and Unblock the Notifications