IPL 2025: ধোনির অবসরের সময় নিয়ে মুখ খুললেন ফ্লেমিং, অক্ষর নাম তুললেন এলিট লিস্টে
IPL 2025: আরসিবি চিপকে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে এবার জয় পেয়েছিল ২০০৮ সালের পর। আর এদিন ২০১০ সালের পর প্রথমবার চিপকে দিল্লির কাছে হারল চেন্নাই সুপার কিংস।
এই ম্যাচ দেখতে মাঠে হাজির ছিলেন মহেন্দ্র সিং ধোনির বাবা-মা। মেয়েকে নিয়ে খেলা দেখতে এসেছিলেন ধোনির স্ত্রী। তাতেই জল্পনা ছড়ায় তবে কি এবারই অবসর নিচ্ছেন ধোনি?

চেন্নাই সুপার কিংসের সামনে ছিল ১৮৪ রানের টার্গেট। ধোনি নামেন ১০.৪ ওভারে ৭৪ রানে চার উইকেট পড়ার পর। তারপর আর চেন্নাই সুপার কিংস উইকেট হারায়নি। তবে সিএসকে পাঁচ উইকেটে ১৫৮ রানের বেশি তুলতে পারেনি।
ধোনি অপরাজিত থাকেন ২৬ বলে ৩০ রানে। একটি করে চার ও ছয় মেরেছেন। ধোনিকে ব্যাটিং অর্ডারে উপরের দিকে না আনার কারণ হিসেবে চেন্নাই সুপার কিংস জানিয়েছিল, হাঁটুর সমস্যায় দীর্ঘক্ষণ ব্যাট করা কঠিন ধোনির পক্ষে। কিন্তু ধোনি আজ অনেকক্ষণই ক্রিজে কাটালেন।
আজ চিপকে ধোনির বাবা-মায়ের উপস্থিতি দেখে জল্পনা চলল, আজই ধোনি অবসর নেবেন কিনা। সাংবাদিক বৈঠকে এর উত্তরে বিরক্তি প্রকাশ করে হেড কোচ স্টিফেন ফ্লেমিং জানালেন, এ ব্যাপারে তাঁর কোনও ধারণা নেই।
ফ্লেমিং বলেন, ধোনির কেরিয়ার কখন শেষ হবে তাতে আমার ভূমিকা নেই। তবে আমি তাঁর সঙ্গে কাজ করা এখনও উপভোগ করছি। ধোনি নিজেকে এখনও শক্তিশালী করে চলেছেন। আমাদের মধ্যে এ বিষয়ে (অবসর) কোনও কথাও হয় না। আপনারাই (সাংবাদিকরা) খালি এ প্রশ্ন করে থাকেন।
চলতি আইপিএলে ধোনি চারটি ম্যাচে তিনবার অপরাজিত থেকে ৭৬ রান করেছেন। সর্বাধিক অপরাজিত ৩০। গড় ৭৬, স্ট্রাইক রেট ১৩৮.১৮। পাঁচটি চার, চারটি ছয় মেরেছেন। উইকেটকিপার হিসেবে ১টি ক্যাচ ধরেছেন, স্টাম্পিং তিনটি।
Chennai ✅
— Delhi Capitals (@DelhiCapitals) April 5, 2025
Next stop, Bengaluru ⏳pic.twitter.com/wEBdIjuuuC
এদিকে, আজ ১৫ বছর পর দিল্লি ফ্র্যাঞ্চাইজি চিপকে চেন্নাই সুপার কিংসকে হারানোয় জোড়া কীর্তি স্পর্শ করলেন দিল্লি ক্যাপিটালস অধিনায়ক অক্ষর প্য়াটেল। ২০০৮ সালের আইপিএলে বীরেন্দ্র শেহওয়াগের নেতৃত্বে দিল্লি ডেয়ারডেভিলস চিপকে প্রথমবার হারায় চেন্নাই সুপার কিংসকে।
এরপর দিল্লি ২০১০ সালে চিপকে সিএসকের বিরুদ্ধে জয় পায় গৌতম গম্ভীরের নেতৃত্বেও। ফলে এদিনের জয়ে অধিনায়ক হিসেবে বীরু ও গম্ভীরের কীর্তি ছুঁলেন অক্ষর। দিল্লির অধিনায়ক হিসেবে আইপিএলে এতদিন প্রথম তিনটি ম্যাচ টানা জেতার নজির ছিল বীরেন্দ্র শেহওয়াগের। শেহওয়াগের সেই কীর্তি অক্ষর স্পর্শ করলেন চলতি আইপিএলে জয়ের হ্যাটট্রিক সেরে।












Click it and Unblock the Notifications