IPL 2025 Exclusive: রাহানেদের থেকে আরও ভালো খেলা দেখতে চান, কেকেআরের পারফরম্যান্স নিয়ে কী বললেন স্নেহাশিস?
আইপিএলে ইতিমধ্যেই সাতটি ম্যাচ খেলে ফেলেছে কেকেআর। এর মধ্যে তিনটি ম্যাচে জয় পেল বাকি চারটি ম্যাচে হারতে হয়েছে নাইট ব্রিগেডকে। নাইটদের খেলায় ধারাবাহিকতার অভাবটা এবার স্পষ্ট। ৭ ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে ৬ নম্বরে আছে কেকেআর। এখনও সাত ম্যাচ বাকি। কেকেআর চ্যাম্পিয়ন দল হওয়ায় এবার তাদের থেকে প্রত্যাশাও তুঙ্গে।
প্রথম ম্যাচে ঘরের মাঠে আরসিবির বিরুদ্ধে পরাজয় দিয়ে এবারে আইপিএল যাত্রা শুরু করেছিল কেকেআর। এরপর জয় পরাজয় মিলিয়ে আপাতত এগিয়ে চলেছে অজিঙ্ক রাহানের দল। কেকেআরের গতবারের চ্যাম্পিয়ন দল। ফলে তাদের নিয়ে প্রত্যাশাও অনেকটাই বেশি। কিন্তু এখনও পর্যন্ত কেকেআর প্রত্যাশা নিরিখে পারফরম্যান্স করতে পারেনি। ঘরের মাঠে তিনটি খেলার মধ্যে দুটিতেই হারতে হয়েছে কেকেআরকে।

এই পরিস্থিতিতে আগামী সোমবার গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলতে নামছে রাহানে ব্রিগেড। তার আগে কেকেআরের পারফরম্যান্স বিশ্লেষণ করলেন প্রাক্তন ক্রিকেটার তথা সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। ওয়ান ইন্ডিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে কেকেআরের পারফরম্যান্স প্রসঙ্গে স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেছেন, কেকেআর দল এখনও পর্যন্ত ভালো পারফরম্যান্স করেছে। কয়েকটি ম্যাচ কেকেআর হেরে গিয়েছে। কেকেআর খুবই ভালো দল। তবে দল অনুসারে কেকেআরকে আরও ভালো খেলতে হবে।
এর পাশাপাশি চলতি আইপিএলের খেলা প্রসঙ্গে স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেছেন, এখনও পর্যন্ত আইপিএলের প্রায় প্রতিটি ম্যাচই ভালো হয়েছে। তবে ইডেন গার্ডেন্সের শেষ ম্যাচটা লখনউ বনাম কেকেআরের খেলাটার কথা আলাদাভাবে বলতে পারি। মানুষ একটা দুর্দান্ত ম্যাচ দেখেছে। মানুষ এই ধরনের খেলা দেখতেই মাঠে আসে। এই ধরনের খেলাযই টি২০-তে দেখতে চায়।
ইডেনে কেকেআরের খেলা মানে ভরা গ্যালারির চিত্র দেখতে পাওয়া যায়। তবে এবারের একটি ম্যাচ সেই দৃশ্য অমিল ছিল। যদিও আগামী ম্যাচগুলোতে ফের স্বমহিমায় ইডেনের গ্যালারিকে দেখতে পাওয়া যাবে বলেই আশাবাদী সিএবি সভাপতি।
তিনি বলেন, কলকাতার মানুষ ক্রিকেট পাগল এরা যে কোন খেলাতেই মাঠে আসতে চান, এখানকার মানুষ ক্রিকেটই খুবই ভালোবাসেন। আমরা এইসব ক্রিকেট প্রেমী মানুষের কাছে কৃতজ্ঞ তারা আসেন বলেই এত সুন্দর দেখায় ইডেনকে। এখনও পর্যন্ত একটি ম্যাচ বাদ দিলে প্রতিটি ম্যাচেই ভালো দর্শক হয়েছে। আমরা আশা করছি আগামী ম্যাচেও ভরা ইডেনকেই দেখা যাবে।
বৃহস্পতিবার একটি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিতে চন্দননগরে আসেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সঙ্গে ছিলেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় সহ অন্যান্য ক্রিকেট প্রশাসনের বর্তমান ও প্রাক্তন কর্তারা। চন্দননগর মানেই যেমন আলোর শহর তেমন মিষ্টিরও শহর।
এই শহরে বিশেষ অতিথি এলেই তাঁর উপহারের তালিকায় থাকে মিষ্টি। ব্যতিক্রম হল না সৌরভ-স্নেহাশিসের ক্ষেত্রেও। স্মারকতো ছিলই সঙ্গে মহারাজকে দেওয়া হলো চন্দননগরের বিখ্যাত জলভরা সন্দেশ। ১০ বছর পর আবার চন্দননগরে এলেন সৌরভ। ফলে তাঁকে ঘিরে উন্মাদনা ছিল চরমে। কিন্তু সৌরভ মঞ্চে উঠার কিছুক্ষণের মধ্যেই শুরু হল প্রবল বৃষ্টি। ফলে অনুষ্ঠানের তাল কাটল। বক্তব্যও রাখতে পারলেন না দাদা। প্রবল বৃষ্টিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানও সম্পূর্ণ হল না। বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগের কারণে অনুষ্ঠান মাঝপথেই পণ্ড হয়।












Click it and Unblock the Notifications