IPL 2025: ধোনির হাতে জাদুকাঠি নেই! লখনউয়ের চ্যালেঞ্জ সামলানোর আগে মন্তব্য CSK হেড কোচের
IPL 2025: কাল লখনউয়ে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামছে চেন্নাই সুপার কিংস। টানা পাঁচটি ম্যাচ হেরে তারা ইতিমধ্যেই পয়েন্ট তালিকার তলানিতে।
ঋতুরাজ গায়কোয়াড় আইপিএল থেকে ছিটকে যাওয়ায় নেতৃত্বের ব্যাটন ফিরে এসেছে মহেন্দ্র সিং ধোনির কাছে। কিন্তু ধোনির নেতৃত্বেও কেকেআরের কাছে চিপকে পর্যুদস্ত হয়েছে ধোনিবাহিনী।

চেন্নাই সুপার কিংসের ৬ ম্যাচে রয়েছে মাত্র ২টি পয়েন্ট। এখন একটি ম্যাচ হারলেই সিএসকে কার্যত ডু-অর-ডাই পরিস্থিতিতে পৌঁছে যাবে। কিন্তু সমর্থকদের আশার বাণী সেভাবে শোনাতে পারছেন না সিএসকে হেড কোচ স্টিফেন ফ্লেমিং।
ফ্লেমিং বলেন, ধোনির প্রভাব নিশ্চিতভাবেই রয়েছে। তবে তিনি ভবিষ্যদ্বক্তা নন। তাঁর হাতে জাদুকাঠিও নেই। যদি তা থাকতো তাহলে তা ঘষে দিয়ে দলকে আগেই ঘুরে দাঁড় করানো সম্ভব হতো। অর্থাৎ ফ্লেমিং বুঝিয়ে দিলেন রাতারাতি অবস্থা বদলের মতো পরিস্থিতি নেই।
তবে ফ্লেমিং এমনও বলেন, আমি আর ধোনি দুজনেই নিজেদের ক্রিকেট কেরিয়ারে এমন পরিস্থিতিতে পড়েছি। এই সময় এনার্জি খুব জরুরি হয়। সেই এনার্জি যাতে সঠিক জায়গায় কাজে লাগে তা নিশ্চিত করার জন্য ধোনি-সহ আমাদের সকলকে কঠোর পরিশ্রম করতে হবে।
কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৯ উইকেটে ১০৪ রান তুলেছিল চেন্নাই সুপার কিংস। দল সেই ম্য়াচে প্রতিদ্বন্দ্বিতাই করতে না পারায় অবাক ও হতাশ ফ্লেমিং। এটাই সবচেয়ে বেশি যন্ত্রণা দিচ্ছে। দলকে সুনামের প্রতি সুবিচার করার জন্য ছন্দে ফেরানোর চ্যালেঞ্জ নিয়ে ধাপে ধাপে খামতি চিহ্নিত করে সেই সমস্যা মেটাতে চান সিএসকের হেড কোচ।
চেন্নাই সুপার কিংস ছয় ম্যাচে মাত্র ৩২টি ছয় মেরেছে। কোনও ব্যাটার দেড়শোর উপর রান পাননি, স্ট্রাইক রেটও দেড়শোর উপরে যায়নি। তবে বিগ হিটিং বা পাওয়ারহিটিংকে গুরুত্ব দেওয়ার চেয়েও ফ্লেমিং বেশি জোর দিচ্ছেন ব্যাট-বলের ভারসাম্য বজায় রাখার উপরেই।
POV : You see lions' smiles go ➡️👍🏻😁👍🏻#WhistlePodu #Yellove pic.twitter.com/O7ztXL773d
— Chennai Super Kings (@ChennaiIPL) April 13, 2025
শিবম দুবে কালকের ম্যাচে খেলতে পারবেন বলে আশাবাদী ফ্লেমিং। কেকেআর ম্যাচে তাঁর চোট লেগেছিল। ধারাবাহিক, শক্তিশালী নিকোলাস পুরাণকে থামানো যে বড় চ্যালেঞ্জ হতে চলেছে চেন্নাই সুপার কিংস বোলারদের কাছে, সেটাও মেনে নিয়েছেন ফ্লেমিং। পুরাণকে দ্রুত ফিরিয়েই জেতার পথ প্রশস্ত করতে চাইছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।












Click it and Unblock the Notifications