IPL 2025: জিতলেই পয়েন্ট তালিকার শীর্ষে! দিল্লি ক্যাপিটালস বনাম আরসিবি দ্বৈরথ হাই স্কোরিং হওয়ার সম্ভাবনা
IPL 2025: আইপিএলে কাল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিরাট কোহলিদের কাছে এটি বদলার ম্যাচ।
কালকের এই ম্যাচ যারাই জিতবে তারাই দখলে নেবে পয়েন্ট তালিকার শীর্ষস্থান। চলতি আইপিএলে বেঙ্গালুরুতে আরসিবিকে হারিয়েছিল দিল্লি ক্যাপিটালস।

দিল্লি ক্যাপিটালস ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে রয়েছে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে। এক ম্যাচ বেশি খেলা আরসিবিরও ঝুলিতে ১২ পয়েন্ট। আরসিবি রয়েছে তিনে, নেট রান রেট ০.৪৮২। দিল্লি ক্যাপিটালসের নেট রান রেট ০.৬৫৭। যারাই জিতবে তারাই চলতি আইপিএলে প্রথম দল হিসেবে ১৪ পয়েন্টে পৌঁছে যাবে।
আইপিএলে দিল্লি ও বেঙ্গালুরুর ফ্র্যাঞ্চাইজির দ্বৈরথ হয়েছে ৩২টি। ১৯টিতে জিতেছে আরসিবি, দিল্লির জয় ১২টিতে, একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। শেষ পাঁচটি দ্বৈরথের নিরিখে আরসিবি জিতেছে তিনটিতে, দিল্লি ২টিতে। আরসিবি গত বছর বেঙ্গালুরুতে দিল্লিকে হারালেও এবার পারেনি।
গত ১০ এপ্রিল বেঙ্গালুরুতে আরসিবি মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালসের। আরসিবি ৭ উইকেটে ১৬৩ তুলেছিল। জবাবে দিল্লি ক্যাপিটালস ১৩ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্য়াচ জিতেছিল। ৫৩ বলে অপরাজিত ৯৩ করে ম্যাচের সেরা হন লোকেশ রাহুল।
লোকেশ রাহুল বেঙ্গালুরুর, কর্ণাটকের হয়ে খেলেন। ফলে চিন্নাস্বামী তাঁর কাছে হোম গ্রাউন্ড। সেই মাঠে রাহুল এবার জিতিয়েছেন দিল্লি ক্যাপিটালসকে। অরুণ জেটলি স্টেডিয়াম আবার দিল্লির বিরাট কোহলির হোম গ্রাউন্ড। ফলে কোহলি নিজের শহরে আরসিবির জয়ধ্বজা ওড়াতে চাইবেন।
বিরাট কোহলি অরুণ জেটলি স্টেডিয়ামে খেলেছিলেন রঞ্জি ম্যাচ। সেই ম্যাচ ঘিরে ছিল উৎসবের মেজাজ। কাল দিল্লির এই স্টেডিয়ামে বিরাটের জন্য আরসিবি বিপুল জনসমর্থন যে পাবে তা বলার অপেক্ষা রাখে না। বিরাট এই স্টেডিয়ামে আইপিএলে ১০ ইনিংসে ৪৮৩ রান করেছেন। গড় ৬৯, স্ট্রাইক রেট ১৪৫-এর উপর।
আরসিবি এবারের আইপিএলে পাঁচটি অ্যাওয়ে ম্যাচের পাঁচটিতেই জিতেছে। সেই ধারা বজায় রাখতে চাইবে রজত পাটীদারের দল। লোকেশ রাহুল দিল্লি ক্যাপিটালসের হয়ে সর্বাধিক রান করেছেন এবার। দারুণ ছন্দেও আছেন। ফলে কোহলি বনাম রাহুল দ্বৈরথ আকর্ষণীয় হতে চলেছে।
চলতি আইপিএলে কোটলায় এবার দুটি ম্যাচই হাই স্কোরিং হয়েছে। পেসারদের তুলনায় স্পিনারদের সাফল্যই বেশি। ডিউ ফ্যাক্টর হতে পারে। ফলে প্রথমে ব্যাট করা দলকে বড় রান তুলতে হবে। ফাফ দু প্লেসি ফিট হলে দিল্লি ক্যাপিটালস দলে ফিরতে পারেন। নচেৎ দুই দলেই তেমন পরিবর্তনের সম্ভাবনা নেই।
দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য দল- অভিষেক পোড়েল, ফাফ দু প্লেসি, করুণ নায়ার, লোকেশ রাহুল (উইকেটকপার), অক্ষর প্যাটেল (অধিনায়ক), ট্রিস্টান স্টাবস, আশুতোষ শর্মা, বিপ্রাজ নিগম, মিচেল স্টার্ক, কুলদীপ যাদব, মুকেশ কুমার। ইমপ্যাক্ট সাব- দুষ্মন্ত চামিরা।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সম্ভাব্য দল- বিরাট কোহলি, ফিল সল্ট, দেবদত্ত পাড়িক্কল, রজত পাটীদার (অধিনায়ক), জিতেশ শর্মা (উইকেটকিপার), রোমারিও শেফার্ড, টিম ডেভিড, ক্রুণাল পাণ্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজলউড, যশ দয়াল। ইমপ্যাক্ট সাব- সুযশ শর্মা।












Click it and Unblock the Notifications