IPL 2025: অনিশ্চিত রাহুল, অক্ষরের দিল্লির সামনে পন্থের লখনউ! পুরানো দলের বিরুদ্ধে দ্বৈরথে কেমন রণকৌশল?
IPL 2025: আইপিএলে কাল হোম ম্যাচে দিল্লি ক্যাপিটালস মুখোমুখি হচ্ছে লখনউ সুপার জায়ান্টসের। অক্ষর প্যাটেলদের অবশ্য এই হোম ম্যাচ খেলতে হচ্ছে বিশাখাপত্তনমে।
ম্যাচের তাৎপর্যপূর্ণ দিক হলো, দিল্লি ক্যাপিটালস ছেড়ে দেওয়ার পর সেই দলের বিরুদ্ধেই লখনউকে নেতৃত্ব দেবেন ঋষভ পন্থ। আবার লখনউ অধিনায়ককে ছেড়ে দেওয়ার পর দিল্লি নিয়েছে লোকেশ রাহুলকে। তবে কালকের ম্যাচে তাঁর খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।

দুই দলই সাফল্য পাওয়ার লক্ষ্যে অনেক নতুন মুখকে নিয়েছে নিলাম থেকে। লখনউ সুপার জায়ান্টস অবশ্য অভিযান শুরুর আগে কিছুটা অস্বস্তিতে। ময়াঙ্ক যাদব, আকাশ দীপ, আবেশ খান ফিট হননি। মহসীন খান ছিটকে যাওয়ায় শার্দুল ঠাকুরকে নিয়েছে লখনউ।
দিল্লি ক্যাপিটালসের বোলিং বিভাগ বেশ বৈচিত্র্যপূর্ণ। মিচেল স্টার্ক, মোহিত শর্মা, মুকেশ কুমার, টি নটরাজনরা যেমন জোরে বোলিংয়ের বিকল্প, তেমনই অধিনায়ক অক্ষর প্যাটেলের সঙ্গে কুলদীপ যাদবের স্পিন ভোগাতে পারে প্রতিপক্ষ ব্যাটারদের। মনে করা হচ্ছে, পরীক্ষা হতে চলেছে লখনউয়ের ব্যাটিংয়ের সঙ্গে দিল্লির বোলিংয়ের।
রাহুল আজ দিল্লি ক্যাপিটালস দলের সঙ্গে যোগ দিলেও ব্যক্তিগত কারণে তাঁর খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। রাহুল না খেললে একাদশে থাকতে পারেন ঘরোয়া ক্রিকেটে দারুণ ছন্দে থাকা করুণ নায়ার। ফাফ দু প্লেসির সঙ্গে দিল্লি ওপেন করতে পাঠাতে পারে জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ককে।
লখনউ সুপার জায়ান্টসের চিন্তা বোলিং বিভাগ নিয়ে। কম্বিনেশন ঠিক করাটাই কঠিন কাজ হতে চলেছে জাহির খানের। লখনউ সুপার জায়ান্টসের ওপেনিং জুটিও স্বাভাবিকভাবেই বদলাচ্ছে। মিচেল মার্শের সঙ্গে যুবরাজ চৌধুরী ওপেন করতে পারেন। লখনউয়ের মিডল ও লোয়ার অর্ডারে বেশ কয়েকজন আগ্রাসী ব্যাটার নজর আছে।
এই ম্যাচে নজর থাকবে বাংলার শাহবাজ আহমেদ ও অভিষেক পোড়েলের দিকে। অভিষেক দিল্লির বড় ভরসা, শাহবাজ এবার প্রথম খেলবেন লখনউয়ের হয়ে।
গত বছর বিশাখাপত্তনমেই কেকেআর ২৭২ রান তুলেছিল। যদিও গত অগাস্টে অন্ধ্র প্রিমিয়ার লিগের ১৯টি ম্যাচে মাত্র ১ বার কোনও দল দুশোর উপর রান করেছিল। যদিও উইকেটের চরিত্রের ধারাবাহিকতা বজায় থাকলে কালও হাই স্কোরিং ম্যাচ প্রত্যাশা করতে পারেন ক্রিকেটপ্রেমীরা।
আইপিএলে দিল্লি ক্যাপিটালস ও লখনউ সুপার জায়ান্টস মুখোমুখি হয়েছে ৫ বার। লখনউ জিতেছে তিনটি ম্যাচ। দিল্লি ২টিতে। গত বছর দিল্লি দুবারই হারিয়েছিল লখনউকে। ২০২২ সালে দুবার টানা দিল্লিকে পরাস্ত করেছিল লখনউ সুপার জায়ান্টস। ২০২৩ সালে জয়ের হ্যাটট্রিক সম্পন্ন করে। কিন্তু এবার তাদের হারের হ্যাটট্রিক বাঁচাতে লড়তে হবে।
দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ- জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, ফাফ দু প্লেসি, অভিষেক পোড়েল (উইকেটকিপার), লোকেশ রাহুল বা করুণ নায়ার, ট্রিস্টাস স্টাবস, অক্ষর প্যাটেল (অধিনায়ক), আশুতোষ শর্মা, সমীর রিজভি বা মোহিত শর্মা, কুলদীপ যাদব, মিচেল স্টার্ক, মুকেশ কুমার। ইমপ্যাক্ট সাব- টি নটরাজন।
লখনউ সুপার জায়ান্টসের সম্ভাব্য একাদশ- যুবরাজ চৌধুরী, মিচেল মার্শ, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), নিকোলাস পুরাণ, আয়ুষ বাদোনি, ডেভিড মিলার, আবদুল সামাদ, শাহবাজ আহমেদ, রাজবর্ধন হাঙ্গারগেকর, রবি বিষ্ণোই, শামার জোসেফ। ইমপ্যাক্ট সাব- প্রিন্স যাদব।












Click it and Unblock the Notifications