IPL 2025: ১৩ বছর পর ঘরের মাঠে চরম লজ্জা চেন্নাই সুপার কিংসের, ধোনিদের শেষ চারে যাওয়ার আশা আছে?
IPL 2025: আইপিএলে চেন্নাই সুপার কিংসের দুর্গ ভঙ্গুর হয়ে গিয়েছে। মহেন্দ্র সিং ধোনির হাতে নেতৃত্বের ব্যাটন গেলেও ভোল পাল্টাচ্ছে না সিএসকের।
সানরাইজার্স হায়দরাবাদ এই প্রথম শুক্রবারই চিপকে চেন্নাই সুপার কিংসকে হারানোর স্বাদ পেল। যার সঙ্গে চরমতম লজ্জার সাক্ষী হয়ে থাকল চেন্নাই সুপার কিংস।

ম্যাচের পর চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি সাফ জানিয়ে দিলেন, ব্যাটিং ক্লিক না করাতেই হার। লাগাতার ব্যর্থতার মূল কারণ মাঝের ওভারে ভালো ব্যাটিং করতে না পারা। একসঙ্গে বেশিরভাগ ক্রিকেটার ব্যর্থ হলে কাজটা কঠিন হয়ে যায়, স্বীকারোক্তি ধোনির।
ধোনির কথায়, আইপিএলের মতো টুর্নামেন্টে ১ বা ২টি জায়গায় সমস্যা হলে তা পুষিয়ে নেওয়া তবু যায়। কিন্তু একসঙ্গে চার বা তার বেশি প্লেয়ার একসঙ্গে ব্যর্থ হলে পরিকল্পনার বাস্তবায়ন ঘটানো সম্ভব হয় না। প্রতি ম্যাচে ১৮০-২০০ করতে হবে তা নয়। কিন্তু দল যে কন্ডিশন অনুধাবন করে খেলতে পারছে না, সেটাই উল্লেখ করেছেন ক্যাপ্টেন কুল।
চেন্নাই সুপার কিংস ৯ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে রয়েছে পয়েন্ট তালিকার শেষ স্থানে। নেট রান রেট মাইনাস (-) ১.৩০২। চেন্নাই সুপার কিংসের ম্যাচ বাকি পাঞ্জাব কিংস (৩০ এপ্রিল চেন্নাইয়ে), রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (৩ মে বেঙ্গালুরু), কলকাতা নাইট রাইডার্স (৭ মে কলকাতা), রাজস্থান রয়্যালস (১২ মে চেন্নাই) ও গুজরাত টাইটান্স (১৮ মে আমেদাবাদ)।
এই ম্য়াচগুলির একটিতে হারলেই সরকারিভাবে আইপিএল থেকে বিদায় হয়ে যাবে চেন্নাই সুপার কিংসের। সব ম্যাচ জিতলে হবে ১৪ পয়েন্ট। তাতেও প্লে-অফে ওঠা কার্যত অসম্ভব। কারণ, ইতিমধ্যেই তিনটি দল ১২ পয়েন্ট করে পেয়েছে। আরও তিনটি দল দাঁড়িয়ে ১০ পয়েন্টে।
চেন্নাই সুপার কিংসের জন্য যেটা দরকার তা হলো সব ম্যাচ বড় ব্যবধানে জেতা। যাতে যদি একটি দল ১৪ পয়েন্ট নিয়ে প্লে-অফে যায় তাহলে নেট রান রেট যেন বাধা না হয়। একইসঙ্গে পয়েন্ট তালিকার প্রথম ৬টি দল যেন তিনটি করে ম্যাচ জিততে না পারে। এই দলগুলির মধ্যে আরসিবি, মুম্বই ইন্ডিয়ান্স ও লখনউ সুপার জায়ান্টস ৯টি করে ম্যাচ খেলেছে। গুজরাত, দিল্লি ও পাঞ্জাব কিংস খেলেছে ৮টি করে ম্য়াচ।
চিপককে চেন্নাই সুপার কিংসের দুর্গ বলা হয়। সেখানেই ১৩ বছর পর এই প্রথম চেন্নাই সুপার কিংস চারটি হোম ম্য়াচে পরাস্ত হলো। সানরাইজার্স হায়দরাবাদের কাছে ঘরের মাঠে প্রথম হার। এবারই চিপকে ১৭ বছর পর চেন্নাই সুপার কিংসকে হারিয়েছিল আরসিবি।
দিল্লি ক্যাপিটালসও ১৫ বছর পর প্রথমবার চেন্নাই সুপার কিংসকে হারাতে সক্ষম হয় চেন্নাইয়ে। চিপকে কেকেআরের বিরুদ্ধে এবারই নিজেদের সর্বনিম্ন স্কোর খাড়া করে সিএসকে। সবমিলিয়ে এবারের অভিযান মোটেই সুখকর হলো না চেন্নাই সুপার কিংসের পক্ষে। এমনকী কলকাতায় আসার আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে পারে সিএসকে। ফলে কেকেআর বনাম সিএসকে ম্যাচ ঘিরে উন্মাদনাতেও ভাঁটা পড়বে ক্রিকেটের নন্দনকাননে।












Click it and Unblock the Notifications