IPL 2025: মুম্বই ম্য়াচের আগে দলে বদল সিএসকের, দক্ষিণ আফ্রিকার তরুণ প্রতিভাকে নিল চেন্নাই
দলে বদল অব্যাহত চেন্নাই সুপার কিংসের। কয়েকদিন আগেই চোট পাওয়া ঋতুরাজ গায়কোয়াড়ের পরিবর্তে সিএসকে দলে নিয়েছিল তরুণ ক্রিকেটার আয়ুষ মাত্রেকে। এবার আরও একজন নতুন ক্রিকেটারকে দলে নিল চেন্নাই সুপার কিংস। এবারও তরুণ প্রতিভার উপরেই জোর দিল সিএসকে টিম ম্যানেজমেন্ট। তবে দেশীয় ক্রিকেটার নন, বিদেশি ক্রিকেটারকে দলে নিল সিএসকে।
সিএসকে দলে একটি বিদেশি ক্রিকেটার কোটা খালি থাকায় তারা চোট পাওয়া পেসার গুরজাপন্ত সিংয়ের পরিবর্তে ডেওয়াল্ড ব্রেভিসকে সই করিয়েছে। শুক্রবার দুপুরে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন দলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে এই পরিবর্তনের বিষয়টি।

ডেওয়াল্ড ব্রেভিস এখনও পর্যন্ত দক্ষিণ আফ্রিকার হয়ে কয়েকটি ম্যাচই খেলতে পেরেছেন । ডেওয়াল্ড ব্রেভিসকে ইতিমধ্যেই কিংবদন্তি এবি ডি'ভিলিয়ার্সের সঙ্গে তুলনা করা হচ্ছে। প্রোটিয়া এই ক্রিকেটার মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে এর আগে দশটি ম্যাচ খেলেছেন। এর পাশাপাশি মেজর লিগ ক্রিকেটে এবং এসএ ২০-তে মুম্বই ইন্ডিয়ান্স দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন।
২১ বছর বয়সী এই তরুণ ক্রিকেটের এখনও পর্যন্ত ৮১টি টি২০ ম্যাচ খেলেছেন তার স্ট্রাইকরেট ১৪৫। এর আগে অন্য টি২০ টুর্নামেন্ট গুলিতেও দুরন্ত ছন্দে ছিলেন ডেওয়াল্ড ব্রেভিস। বিশেষ করে দক্ষিণ আফ্রিকান ক্রিকেট লিগে ডেওয়াল্ড ব্রেভিস ছিলেন সর্বোচ্চ স্ট্রাইকরেট সম্পন্ন ব্যাটার। দেশের মাঠে সেই টুর্নামেন্টে তাঁর স্ট্রাইক রেট ছিল ১৮৪.১৭।
আগামী রবিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নামছে সিএসকে। এই মুহূর্তে চেন্নাইয়ের অবস্থা একেবারেই ভালো নয়। আইপিএলে লিগ টেবিলে সবার শেষে রয়েছে ধোনি ব্রিগেড। সাতটি ম্যাচ খেলা হলেও মাত্র দুটিতে জয় পেয়েছে তারা। চার পয়েন্ট নিয়ে দশ নম্বর স্থানে রয়েছে সিএসকে।
কিন্তু মুম্বইয়ের বিরুদ্ধে খেলতে নামার আগেই তাদেরই প্রতিভাবান ক্রিকেটারকে ধরে তুলে নিল সিএসকে। এবার চেন্নাই দলের পারফরম্যান্স মন ভরাতে পারছে না তাদের সমর্থকদের। যদিও শেষ ম্যাচে জয় পেয়েছে সিএসকে। তবে হার্দিকদের বিরুদ্ধে চেন্নাই কিন্তু আয়ুষ বা ডেওয়াল্ড ব্রেভিসকে দলে খেলিয়ে চমক দিতে পারে। কাঁটা দিয়েই কাঁটা তোলার নীতিতে সিদ্ধহস্ত ধোনি।












Click it and Unblock the Notifications