IPL 2025: রাহানের হাতের চোট কতটা গুরুতর? রাজস্থান ম্যাচে খেলতে না পারলে কেকেআরের নেতৃত্বে কে?
IPL 2025: অজিঙ্ক রাহানে কি রবিবার ইডেনে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দিতে পারবেন? এটাই এখন বড় প্রশ্ন।
নজিরবিহীনভাবে গতকাল দুই দলের অধিনায়কই হাতে চোট পান। দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক অক্ষর প্যাটেল ও কেকেআরের রাহানে, দুজনেই চোট পান ফিল্ডিংয়ের সময়।

দ্বাদশ ওভারে মাঠ ছাড়তে হয় রাহানেকে। ফলে দিল্লি ক্যাপিটালসের ইনিংসের দ্বিতীয়ার্ধের সিংহভাগই নেতৃত্ব দেন সুনীল নারিন। কেন না, সহ অধিনায়ক বেঙ্কটেশ আইয়ারের জায়গায় আগেই ইমপ্যাক্ট সাব হিসেবে বৈভব অরোরাকে নেওয়া হয়েছিল।
শর্ট কভারে ফিল্ডিং করছিলেন রাহানে। আন্দ্রে রাসেলের বলে ফাফ দু প্লেসির শট বাঁচাতে গিয়েছিলেন। বল তাঁর হাতে লাগে। এক রান নেন দু প্লেসি। এরপরই হাত ঝাঁকাতে দেখা যায় রাহানেকে। মাঠে ছুটে যায় কেকেআরের মেডিক্যাল টিম। এরপর রাহানে বেরিয়ে যান।
The captains who gave it their all… literally 🫠🩹 pic.twitter.com/p04jqOlSnu
— KolkataKnightRiders (@KKRiders) April 29, 2025
খেলার শেষে দেখা যায় তাঁর ডান হাতে শক্ত ব্যান্ডেজ বাঁধা। রাহানে ম্যাচের পর জানান, তাঁর হাতের অবস্থা খারাপ নয়। আশা করছেন পরের ম্যাচের আগেই সব ঠিক হয়ে যাবে। ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে কেকেআরের সূত্র উল্লেখ করে লেখা হয়েছে, প্রাথমিকভাবে দেখা গিয়েছে রাহানের চোট গুরুতর কিছু নয়।
আজ সকালে রাহানের চোট পরীক্ষা করে দেখবেন দলের ফিজিও প্রশান্ত পঞ্চাদা। রাহানে গতকাল ম্যাচ জেতার পিছনে সুনীল নারিনের শেষ ২ ওভারের ভূমিকার কথা স্বীকার করেছেন। তিনি আশাবাদী, বাকি ম্যাচগুলি জিতে প্লে-অফে পৌঁছনোর ব্যাপারে।
আজ রাতেই কলকাতা ফিরছে কেকেআর। তবে রাহানে যদি রবিবার খেলতে না পারেন তাহলে নেতৃত্ব কে দেবেন, সেটা নিয়ে চর্চা শুরু হয়েছে। বেঙ্কটেশ আইয়ারকে বিপুল টাকা খরচ করে কেকেআর নিলাম থেকে নিলেও সহ অধিনায়ক চলতি আইপিএলে চূড়ান্ত ব্যর্থ।
বেঙ্কটেশ ১০ ম্যাচে মাত্র ১৪২ রান করেছেন। ১টি অর্ধশতরান রয়েছে। চারটি ইনিংসে দুই অঙ্কের রান পাননি। ফলে তাঁকে দল থেকে বাদ দেওয়ার দাবিও উঠতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়। তবে রাজস্থান ম্যাচে আইয়ারের বাদ পড়ার সম্ভাবনা নেই বললেই চলে। ফলে রাহানে না থাকলে তিনিই টস করতে যাবেন।
Birthday Rituals! 💜🎂 pic.twitter.com/0opJJLf7Uu
— KolkataKnightRiders (@KKRiders) April 29, 2025
কেকেআরের সামনে দুটি হোম ম্যাচ রয়েছে। মে মাসের ৪ তারিখ রাজস্থান রয়্যালস এবং ৭ তারিখ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। তারপর সানরাইজার্স হায়দরাবাদ ও আরসিবির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ। দিল্লির বিরুদ্ধে জয় নিশ্চিতভাবেই স্বস্তি দিল কেকেআরকে। হোটেলে ফিরে ক্রিকেটাররা মাতেন আন্দ্রে রাসেলের বার্থ ডে সেলিব্রেশনে। তাঁর জন্মদিনে কেকেআর জেতায় খুশি রাসেলও।












Click it and Unblock the Notifications