IPL 2024: ২ ওভারে ৫৮! জ্যাকসের অবিশ্বাস্য ব্যাটিংয়ে পঞ্চম দ্রুততম শতরান, দাঁড়িয়ে দেখলেন উচ্ছ্বসিত বিরাট
IPL 2024: চলতি আইপিএলে শতরানের সংখ্যা বেড়ে হলো ১১। জস বাটলার ও জনি বেয়ারস্টোর পর ইংল্যান্ডের তৃতীয় ব্যাটার হিসেবে আজ শতরান হাঁকালেন উইল জ্যাকস।
টি২০ কেরিয়ারে তৃতীয় তথা আইপিএলে নিজের প্রথম শতরানটি পেয়ে অপরাজিত রইলেন ইংল্যান্ডের বছর ২৫-এর এই অলরাউন্ডার। ৪১ বলে অপরাজিত ১০০ রানে পাঁচটি চার ও ১০টি ছক্কা।

বিরাট কোহলি যেভাবে খেলছিলেন তাতে তিনি নবম আইপিএল শতরান পাবে কিনা তা নিয়ে চর্চা চলছিল। কিন্তু ঝড় তুলে জ্যাকস শতরান করে বেরিয়ে গেলেন। কোহলি করলেন অপরাজিত ৭০।
১৪তম ওভারের শেষে জেতার জন্য আরসিবির দরকার ছিল ৬ ওভারে ৫৩। বিরাট কোহলি তখন ৪৩ বলে ৬৯ রানে অপরাজিত। উইল জ্যাকস ২৯ বলে ৪৪ রানে ব্যাট করছিলেন। এর পরের দুই ওভারেই ২৯ রান করে তুলল আরসিবি। যার পুরোটাই জ্যাকসের তাণ্ডবে। শুরুতে ছন্দ পেতে সমস্যা হচ্ছিল। কিন্তু মোহিত শর্মার ওভার আত্মবিশ্বাস বাড়ায় জ্যাকসের।
১১তম ওভারে মোহিত শর্মা ১২ রান দেন, তাঁর বলে একটি ছয় ও চার মারেন উইল জ্যাকস। মোহিত শর্মা নিজের দ্বিতীয় ওভারটি করতে যান ১৫তম ওভারে। সেই ওভারে জ্যাকসের দাপটে আরসিবি তোলে ২৯ রান। প্রথম বলে চার, পরের বলে ছয়। তৃতীয় ডেলিভারিটি নো, তাতেও ছক্কা। তৃতীয় বলে ২, চতুর্থ বলে ছয়, পঞ্চম বলে চার।
১৫তম ওভারের শেষে জ্যাকসের স্কোর দাঁড়ায় ৩৬ বলে ৭২। আরসিবির জিততে তখন দরকার ৩০ বলে ২৪। তবে এতে জ্যাকসের শতরান আটকায়নি। ষোড়শ ওভারে রশিদ খানের প্রথম বলে বিরাট কোহলি নেন ১টি রান। পরের পাঁচটি বলে ৬, ৬, ৪, ৬, ৬ মারেন জ্যাকস। তাতে জিতে যায় আরসিবি। জ্যাকসের শতরানও পূর্ণ হয়।
আইপিএলে ৩০ বলে শতরান করেছিলেন ক্রিস গেইল। ইউসুফ পাঠান ৩৭, ডেভিড মিলার ৩৮, ট্রাভিস হেড ৩৯ বলে আইপিএলে শতরান পেয়েছেন। এদিন জ্যাকস পেলেন ৪১ বলে, যা আইপিএলের ইতিহাসে পঞ্চম দ্রুততম এবং চলতি আইপিএলে দ্বিতীয় দ্রুততম।
চোটের কারণে গত বছর আইপিএলে খেলতে পারেননি। আজকের ম্যাচের পর জ্যাকসের রান ৫ ম্যাচে ১৭৬। ম্যাচের সেরার পুরস্কার নিয়ে বললেন, খুব ভালো লাগছে। শুরুর দিকে সমস্যা হচ্ছিল। কিন্তু বিরাট কোহলি ছন্দে থেকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন দলের রানকে। পজিটিভ থাকতে চেষ্টা করছিলাম। মোহিত শর্মার ওভারের পর রিল্যাক্সড হয়ে যাই। বিরাট কোহলির সঙ্গে ব্যাট করতে পারাটাও দারুণ অনুভূতি।
বিরাট কোহলি জ্যাকসের ইনিংসকে বিস্ময়কর বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, জ্যাকস যখন ব্যাট করতে নামেন তখন প্রত্যাশিতভাবে মারতে পারছিলেন না। কিন্তু জ্যাকস কতটা বিস্ফোরক হতে পারেন, তা আমরা জানি। মোহিত শর্মার ওভারে জ্যাকস আগ্রাসী ব্যাটিং করে সাফল্য পেতেই আমার ভূমিকা বদলে যায়। শেষ অবধি থাকতে পারাটাই আমার কাছে বড়।
জ্যাকস ইংল্যান্ডের হয়ে ২টি টেস্ট, ৭টি একদিনের আন্তর্জাতিক ও ১১টি টি২০ আন্তর্জাতিক খেলেছেন। কোনওটিতেই শতরান দূরের কথা, অর্ধশতরান নেই। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩টি, লিস্ট এ-তে ১টি ও টি২০-তে চারটি শতরান জ্য়াকসের নামের পাশে। টি২০ বিশ্বকাপের আগে এই শতরান তাঁর বিশ্বকাপের দলে সুযোগের দাবি জোরালো করবে।
টেস্টে ৬টি, ওডিআইয়ে ৪টি ও টি২০ আন্তর্জাতিকে ১টি উইকেট রয়েছে জ্যাকসের। টেস্ট শেষ খেলেছেন ২০২২ সালে। ২০২৩ সালের ডিসেম্বরে ইংল্যান্ডের হয়ে ওডিআই ও টি২০ আন্তর্জাতিক খেলেছেন জ্যাকস।
এদিকে, এবারের আইপিএলে ৪৫তম ম্য়াচে মোট শতরানের সংখ্যা হয়ে গেল ১১। জস বাটলার ২টি শতরান পেয়েছেন। উইল জ্য়াকস, জনি বেয়ারস্টো, ট্রাভিস হেড, সুনীল নারিন ও মার্কাস স্টইনিস শতরান হাঁকিয়েছেন বিদেশিদের মধ্যে। ভারতীয়দের মধ্যে এবারের আইপিএলে সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল ও ঋতুরাজ গায়কোয়াড়।












Click it and Unblock the Notifications