IPL 2024: আইপিএলের কোন নিয়মগুলি আইসিসির থেকে আলাদা? বোলারদের চওড়া হবে হাসি, জমবে ব্যাট-বলের দ্বৈরথ
IPL 2024: আইপিএলের সপ্তদশ সংস্করণ শুরু হচ্ছে কাল থেকে। আজ চেন্নাইয়ে রয়েছে ক্যাপ্টেন্স মিট। কাল চিপকে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
অধিনায়কদের টুর্নামেন্টের নিয়মকানুন সম্পর্কে নির্দেশিকাও দেওয়া হবে। এবার আইপিএলে আসছে এক নয়া নিয়ম।

ইতিমধ্যেই জানা গিয়েছে তৃতীয় আম্পায়ার বা টিভি আম্পায়ারদের কাজ সহজ ও মসৃণ করে দিতে চালু হচ্ছে স্মার্ট রিপ্লে সিস্টেম। এতে অনেকটাই সময় যেমন বাঁচবে, তেমনই নিখুঁত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে বলে আশা করছে। মাঠে ক্রিকেটারদের জন্যও থাকছে কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম।
আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট ও একদিনের আন্তর্জাতিকে ওভারে দুটি করে বাউন্সার দেওয়া যায়। টি২০ আন্তর্জাতিকে ওভারপিছু একটি বাউন্সার দেওয়ার নিয়ম রয়েছে। যদিও ঘরোয়া ক্রিকেটে এবার সৈয়দ মুস্তাক আলি টি২০-তে ওভারপিছু দুটি বাউন্সার দেওয়ার নিয়ম চালু করেছিল বিসিসিআই।
সেই নিয়মই এবার প্রযোজ্য হবে আইপিএলের ক্ষেত্রে। যা বোলারদের রণকৌশলে এক অন্য মাত্রা যোগ করবে। উপভোগ্য হবে ব্যাটার বনাম বোলারদের দ্বৈরথ। বিশেষজ্ঞরা মনে করছেন, ওভারপিছু দুটি বাউন্সার দেওয়ার নিয়ম খুব কার্যকরী হবে ডেথ ওভারের ক্ষেত্রে। যেখানে ইয়র্কারের সঙ্গে আরেকটি মোক্ষম অস্ত্র এলো বোলারদের হাতে।
কোনও স্টাম্পিংয়ের আবেদন হলে তা দেখার জন্য টিভি আম্পায়ারের দ্বারস্থ হন আম্পায়াররা। এ ক্ষেত্রে আইসিসির নিয়মের সঙ্গে আইপিএলের নিয়মের তফাত রয়েছে। তা হলো, স্টাম্পিংয়ের আগে যদি বল ব্যাটারের ব্য়াটে লাগে এবং ক্যাচ হয় সেক্ষেত্রে টিভি আম্পায়ার আউট দিতে পারেন না। তিনি দেখেন স্টাম্পিং হয়েছে কিনা।
কিন্তু বিসিসিআই মনে করে, এই নিয়মটি সঠিক নয়। তাই আইপিএলে যে নিয়ম চালু রয়েছে সেটিই অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ স্টাম্পিং রেফারেলের ক্ষেত্রেও টিভি আম্পায়ার দেখবেন বল ব্যাটে লেগে আজ ক্যাচ হয়েছে কিনা। সেটা হলে তিনি আউট ঘোষণা করে দিতে পারবেন।
আইসিসি সাদা বলের আন্তর্জাতিক ক্রিকেটে চালু করেছে স্টপ ক্লকের ব্যবহার। একটি ওভার শেষের পর পরবর্তী ওভার শুরুর মাঝে যাতে সময় নষ্ট না হয়, সে কারণেই এই বন্দোবস্ত। যদিও আইপিএলের ক্ষেত্রে স্টপ ক্লকের সেই নিয়ম জারি থাকছে না বলে সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।
এদিকে, আজ চেন্নাইয়ে ক্যাপ্টেনদের বৈঠকে ১০ দলের অধিনায়করাই হাজির থাকবেন। বৈঠক সেরে অধিনায়করা নিজেদের ম্যাচ যেখানে রয়েছে সেখানে ফিরে যাবেন। শ্রেয়স আইয়ার চেন্নাই গিয়েছেন, তিনি রাতে ফিরে আসবেন। ইডেনে আজ অনুশীলনে তিনি থাকতে পারছেন না। কাল সিএসকে বনাম আরসিবি ম্যাচের আগে হবে উদ্বোধনী অনুষ্ঠান।












Click it and Unblock the Notifications