IPL 2024: সূর্যকুমারের ফিটনেসে সন্তুষ্ট নয় এনসিএ, মঙ্গলেই বড় ধাক্কা খেল মুম্বই ইন্ডিয়ান্স
IPL 2024: অনিশ্চয়তা ছিলই। এবার নিশ্চিত হয়ে গেল সূর্যকুমার যাদবকে ছাড়াই আইপিএলের প্রথম ম্যাচে নামতে হবে হার্দিক পাণ্ডিয়ার মুম্বই ইন্ডিয়ান্সকে। সূর্যকে কবে পাওয়া যাবে, সেটাও স্পষ্ট নয়।
আজ বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট আকাদেমিতে ফিটনেস যাচাই হয় টি২০ আন্তর্জাতিকে বিশ্বের ১ নম্বর ব্যাটারের। যদিও এনসিএ ম্যানেজমেন্ট তাতে সন্তুষ্ট নয়।

দক্ষিণ আফ্রিকায় ভারতকে টি২০ আন্তর্জাতিক সিরিজে নেতৃত্ব দিয়েছিলেন সূর্যকুমার। যদিও তারপর থেকেই তিনি মাঠের বাইরে। গোড়ালির চোট সারাতে অস্ত্রোপচার হয়েছে। রিহ্যাব সেরে সূর্যকুমার আইপিএলের আগে ফিট হয়ে যাবেন বলে আশায় ছিল মুম্বই ইন্ডিয়ান্স টিম ম্যানেজমেন্ট।
আজ এনসিএর বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সূর্যর ফিটনেস পরীক্ষার দিকেই তাকিয়ে ছিলেন সকলে। সকালের দিকে সূর্য শ্রী রামচন্দ্রের ছবি পোস্ট করে করজোড়ো প্রার্থনা করার ইমোজিও দেন ইনস্টাগ্রাম স্টোরিতে। কিন্তু তার কয়েক ঘণ্টা পর ইনস্টাগ্রাম স্টোরিতেই হার্টব্রেক ইমোজি পোস্ট করেন SKY।
এতেই বুঝে নিতে অসুবিধা হয়নি, আইপিএল খেলার জন্য এনসিএ-র থেকে সবুজ সঙ্কেত পাওয়ার প্রতীক্ষা আরও দীর্ঘায়িতই হলো। ২৪ মার্চ আমেদাবাদে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে মুম্বই ইন্ডিয়ান্স। আপাতত সেই ম্য়াচ থেকেই ছিটকে গেলেন সূর্য।
ক্রিকবাজের প্রতিবেদনে উল্লেখ, ২১ মার্চ পরবর্তী ফিটনেস টেস্ট রয়েছে। সেই পরীক্ষায় সূর্য উত্তীর্ণ হবেন বলে আশায় মুম্বই ইন্ডিয়ান্স। উল্লেখ্য, শর্ত দিয়েই শ্রেয়সকে আইপিএল খেলার ছাড়পত্র দিয়েছে এনসিএ। রক্ষণাত্মক শট খেলার সময় খুব ঝুঁকতে বা দুই পায়ের ব্যবধান খুব বাড়াতে বারণ করা হয়েছে।
লোকেশ রাহুলকে আইপিএলের প্রথম দিকে উইকেটকিপিং করতেও বারণ করা হয়েছে এনসিএ-র তরফে। সূর্যকে তেমন কোনও শর্ত দিয়ে ফিটনেস সংক্রান্ত ছাড়পত্র এনসিএ দেয় কিনা সেটাই দেখার। সূর্য প্রথম ম্যাচে খেলতে না পারলেও দ্বিতীয় ম্যাচ থেকে পাওয়া যেতে পারে বলে আশাবাদী হার্দিক-বাহিনী। এদিকে, ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের প্র্যাকটিস ম্যাচ ক্লোজড ডোর হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications