IPL 2024: নারিন ঝড়ে বেসামাল লখনউ, কেকেআরের বড় রানের পথ প্রশস্ত সুনীলের ছক্কার রেকর্ডে
IPL 2024: চলতি আইপিএলে সুনীল নারিনের ব্যাট হাতে বিধ্বংসী ফর্ম অব্যাহত থাকল লখনউয়েও। আজ টস জিতে কেকেআরকে ব্যাট করতে পাঠায় লখনউ সুপার জায়ান্টস।
ফিল সল্ট ও সুনীল নারিন- দুই ওপেনার শুরু থেকেই ঝড় তোলেন। পাওয়ারপ্লে-র মধ্যে সল্ট ফিরলেও নারিন ছিলেন রণংদেহী মেজাজে। তারই ফাঁকে দখলে নিলেন ঈর্ষণীয় রেকর্ড।

এবারের আইপিএলে গৌতম গম্ভীরের সুপারহিট স্ট্র্যাটেজি নারিনকে দিয়ে ওপেন করানো। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে শতরান হাঁকিয়েছিলেন, করেন ১০৯ রান। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৮৫ ও পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলেন ৭১ রানের ইনিংস। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ইডেনে ৬ রানে আউট হলেও এদিন মারকাটারি ব্যাটিং করলেন।
আজ ২৭ বলে অর্ধশতরান পূর্ণ করেন নারিন। রবি বিষ্ণোইয়ের শিকার হওয়ার আগে করলেন ৩৯ বলে ৮১। মেরেছেন ৬টি চার, সাতটি ছয়। চলতি আইপিএলে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় বিরাট কোহলি (১১ ম্যাচে ৫৪২), ঋতুরাজ গায়কোয়াড় (১১ ম্যাচে ৫৪১)-এর পরেই তিনে নারিন।
সুনীল নারিন এবারের আইপিএলে ১১ ম্যাচে ১১ ইনিংসে ৪৬১ রান করেছেন। গড় ৪১.৯০, স্ট্রাইক রেট ১৮৩.৬৬। যা বিরাট কোহলি (১৪৮.০৮) এবং ঋতুরাজ (১৪৭.০১)-এর চেয়ে বেশি। ব্যাটিং গড়ে অবশ্য স্বাভাবিকভাবেই তাঁদের চেয়ে পিছিয়ে ক্যারিবিয়ান তারকা।
চলতি আইপিএলে সবচেয়ে বেশি ছক্কা মারার নজিরটিও নিজের দখলে নিলেন নারিন। এখনও অবধি তাঁর ব্যাট থেকে এসেছে ৩২টি ছক্কা। নারিন এদিন টপকে গেলেন হেইনরিখ ক্লাসেনের ৩১টি ছয় মারার নজিরকে, যদিও ক্লাসেন একটি ইনিংস কম খেলেছেন। অভিষেক শর্মা ২৮, শিবম দুবে ২৬, রিয়ান পরাগ ২৫, বিরাট কোহলি ও ঋষভ পন্থ ২৪টি করে ছয় মেরেছেন। জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক ও ফিল সল্ট মেরেছেন ২৩টি করে ছয়।
চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্স প্রথম দল হিসেবে একানা স্টেডিয়ামে দুশো রান পার করল। কেকেআর তুলল ৬ উইকেটে ২৩৫। নারিনের ইনিংসের পাশাপাশি ফিল সল্ট ১৪ বলে ৩২, অঙ্গকৃষ রঘুবংশী ২৬ বলে ৩২, আন্দ্রে রাসেল ৮ বলে ১২, রিঙ্কু সিং ১১ বলে ১৬, অধিনায়ক শ্রেয়স আইয়ার ১৫ বলে ২৩ রান করেন। ৬ বলে ২৫ রানে অপরাজিত থাকেন রামনদীপ সিং, ১ বলে ১ রানে অপরাজিত থাকেন ভেঙ্কটেশ আইয়ার। ৪ ওভারে ৪৯ রান দিয়ে তিন উইকেট নেন নবীন উল হক। রবি বিষ্ণোই ৪ ওভারে ৩৩, যশ ঠাকুর ৪ ওভারে ৪৬ ও যুধবীর সিং ২ ওভারে ২৪ রান দিয়ে ১টি করে উইকেট নেন।












Click it and Unblock the Notifications