আইপিএলে প্রথম ঈর্ষণীয় কীর্তি গড়ার মুখে 'বার্থ-ডে বয়' সুনীল নারিন, ফাইনালে ট্র্যাক রেকর্ড কেমন?
IPL 2024 Final: আজ সন্ধ্যায় চেন্নাইয়ের চিপকে আইপিএল ফাইনালে মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও সুনীল নারিন। তৃতীয়বার আইপিএল খেতাব জয়ের লক্ষ্যে নামছে নাইটরা।
২০১৪ সালে শেষবার ট্রফি জিতেছিল কেকেআর। ২০২১ সালে ফাইনালে উঠেও জেতা হয়নি। আজ ১০ বছর ধরে চলতে থাকা ট্রফির খরা নাইটরা মেটাতে পারবে কিনা সেদিকে তাকিয়ে সকলে।

সুনীল নারিন হয়ে উঠতে পারেন কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ারের সবচেয়ে বড় ট্রাম্প কার্ড। আজ তাঁর জন্মদিন। সকলকে অবাক করে দিয়ে আপাতত কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি রান করেছেন নারিন। বল হাতেও কার্যকরী ভূমিকা নিয়েছেন।
চলতি আইপিএলে নারিন ১৪ ম্যাচে ১৩ ইনিংসে ৪৮২ রান করেছেন। ওপেনার হিসেবে তাঁকে নামানোর সিদ্ধান্তকে পুরোপুরি সঠিক প্রমাণ করে। সর্বাধিক স্কোর ১০৯। গড় ৩৭.০৭, স্ট্রাইক রেট ১৭৯.৮৫। একটি শতরান ও তিনটি অর্ধশতরান রয়েছে। শূন্যে আউট ১ বার।
নারিনের ব্যাট থেকে এসেছে ৫০টি চার ও ৩২টি ছয়। আর ১৮ রান করলে তিনি ৫০০ রানে পৌঁছে যাবেন। আইপিএলে প্রথম ক্রিকেটার হিসেবে কোবনও মরশুমে ৫০০ রান ও ১৫ বা তার বেশি উইকেট দখলের নজির আর কারও নেই। ফলে এদিন ফাইনালে ১৮ রান করলে ঈর্ষণীয় কীর্তি গড়ে ফেলবেন নারিন।
এবারের আইপিএলে সুনীল নারিন ১৪ ম্য়াচে ১৩ ইনিংসে ৫১ ওভার হাত ঘুরিয়ে ৩৫২ রান দিয়ে ১৬টি উইকেট পেয়েছেন। সেরা বোলিং ২২ রানে ২ উইকেট। মাঝের ওভারগুলিতে প্রতিপক্ষের রানের গতিতে রাশ টানতে নারিনের ভূমিকার প্রশংসা করেছেন শ্রেয়স। বোলার নারিনের গড় ২২, ইকনমি ৬.৯০।
২০১২ সালে প্রথমবার কেকেআর আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল। সেবার ২৪ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা হন নারিন। ফাইনালে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নারিন ৪ ওভারে ৩৭ রান দেন, উইকেট পাননি।
২০১৪ সালের আইপিএল ফাইনালে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে কেকেআরের নারিন ৪ ওভার বল করে ৪৬ রান দিয়ে ১ উইকেট পেয়েছিলেন নারিন, বোল্ড করেছিলেন পাঞ্জাবের অধিনায়ক জর্জ বেইলিকে। ২০২১ সালের ফাইনালে চেন্নাই সুপার কিংসের কাছে কেকেআর হেরেছিল। সেই ফাইনালে নারিন ৪ ওভারে ২৬ রান দিয়ে ঋতুরাজ গায়কোয়াড় ও রবিন উথাপ্পার উইকেট তুলে নিয়েছিলেন। চারে ব্যাট করতে নেমে আউট হয়েছিলেন ২ রানে। আজ চিপকের উইকেট ব্যাটিং সহায়ক হতে পারে। স্পিনাররাও কার্যকরী হন। ফলে কেকেআরে হয়ে সব আইপিএল ফাইনাল খেলা নারিন আজ নায়ক হতেই পারেন।












Click it and Unblock the Notifications