IPL 2024: মহেন্দ্র সিং ধোনির CSK অধিনায়কত্ব ছাড়ার কারণ কী? জানালেন ফ্লেমিং, মাহিকে নিয়ে ববির পোস্ট ভাইরাল
IPL 2024: মহেন্দ্র সিং ধোনি কেন আচমকা অধিনায়কত্ব ছাড়লেন? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ক্রিকেট মহলে। বিশেষ করে ২০২২ সালে এমন সিদ্ধান্তের বড় মাশুল দিয়েছিল চেন্নাই সুপার কিংস।
তবে চেন্নাই সুপার কিংস হেড কোচ স্টিফেন ফ্লেমিং দাবি করলেন, তাঁরা জানতেন ধোনি এমন সিদ্ধান্ত নিতে চলেছেন বলে। ফলে ধোনির সিএসকে ক্যাপ্টেন্সি ছাড়া অপ্রত্যাশিত নয় একেবারেই।

কাল চিপকে আইপিএলের উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস খেলতে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে। তার ঠিক আগের দিনই অধিনায়ক বদলের ঘোষণা করেছে চেন্নাই সুপার কিংস। ধোনির থেকে ব্যাটন গিয়েছে ঋতুরাজ গায়কোয়াড়ের হাতে।
২০২২ সালে ঠিক একইভাবে রবীন্দ্র জাদেজাকে অধিনায়ক করা হয়েছিল। যদিও সেই সিদ্ধান্তে সিএসকে বিপাকে পড়তেই ফের নেতৃত্বের ভার ফিরেছিল ধোনির কাঁধে। ফ্লেমিংয়ের কথায়, ২০২২ সালে ধোনির অধিনায়কত্ব ছাড়ার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। তিনি খেলা দারুণ বোঝেন। ফলে পরবর্তী অধিনায়ক হিসেবে তরুণদের তৈরি করার দরকার ছিল।
যদিও এবার পরিস্থিতি আলাদা বলেই দাবি করেছেন ফ্লেমিং। তিনি আজ বলেছেন, আমরা এবার ভালোভাবেই প্রস্তুত। আগেরবার যখন ধোনি ক্যাপ্টেন্সি ছাড়েন সেটা আমাদের কাছে ছিল শকিং! আমরা জানতেই পারিনি ধোনি ক্য়াপ্টেন্সি ছেড়ে দেবেন। কিন্তু এবার আমরা জানতাম।
ফলে ফ্লেমিংয়ের কথায় স্পষ্ট ইঙ্গিত, ক্যাপ্টেন কুলের ঐতিহ্য বহনের জন্য উপযুক্ত ক্রিকেটারকে পেয়ে গিয়েছেন তাঁরা। গত কয়েক বছর ধরে তাঁরা অন্তত বিকল্প হিসেবে ঋতুরাজ গায়কোয়াড়কে তৈরি করে ফেলেছেন। ফ্লেমিংয়ের কথায়, ধোনির পর জীবনে গতি মন্থরতা আসতে পারে। কিন্তু আমরা লিডার তৈরির জন্য কঠোর পরিশ্রম করেছি। তরুণদের উপর আস্থা রাখার সুফল মিলেছে।
ঋতুরাজ-সহ কয়েকজনের সঙ্গে ইতিমধ্যেই লিডারশিপ ও ক্যাপ্টেন্সি নিয়ে তাঁর কথাও হয়েছে বলে জানিয়েছেন ফ্লেমিং। ঋতুর কাছে দলকে নেতৃত্ব দেওয়ার দারুণ সুযোগ এসেছে। তিনি সাফল্য পাবেন বলে আশাবাদী সিএসকে টিম ম্যানেজমেন্ট। ধোনির ফিটনেস নিয়েও আশার কথা শুনিয়েছেন ফ্লেমিং।
গত বছরের আইপিএলে হাঁটুর চোট নিয়ে খেলেছিলেন ধোনি। অপারেশন করিয়ে ধোনি এখন ফিট। তাঁকে প্রস্তুতি ম্যাচেও চেনা ছন্দে দেখা গিয়েছে বলে জানান ফ্লেমিং। তিনি বলেন, ধোনি প্র্যাকটিস ম্যাচে ভালো খেলেছেন। আশা করি, এবারের আইপিএলে পুরোটাই তাঁকে পাওয়া যাবে।
Theek hai mahi bhai kardunga delete 😈👀#Thala #ThalaForAReason #Mahi #leak #dhoni #leakkardukya #ad pic.twitter.com/oKxrmQP26Y
— Bobby Deol (@thedeol) March 20, 2024
এদিকে, হঠাৎই ভাইরাল হয়ে যায় ববি দেওলের টুইট। গতকাল তিনি একটি স্ক্রিনশট শেয়ার করে বোঝাতে চান, ধোনি তাঁকে মেসেজ করে জানিয়েছেন একটি ভিডিও অস্বস্তিকর দেখতে লাগে। সেটি যেন ববি ডিলিট করে দেন। এতেই চর্চা হয় কোন ভিডিওর কথা ধোনি বলতে চাইছেন তা নিয়ে।
On popular demand! here’s a video of Mahi bhai grooving to my steps 🥃🕺@msdhoni#ad #DhoniDance #WinZO pic.twitter.com/ICAemR48c6
— Bobby Deol (@thedeol) March 21, 2024
হার্দিক পাণ্ডিয়া, ঈশান কিষাণদের সঙ্গে ধোনির কোনও নাচের দৃশ্যের কথা বলা হচ্ছে কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়। যদিও আজ তা খোলসা করেন ববি। একটি বিজ্ঞাপনে ধোনি ও ববিকে দেখা যাবে। তাতে ববির জামাল কুদু নাচের স্টাইলে ধোনিক একটি নাচ রয়েছে। সেটি পোস্ট করে দেন ববি।












Click it and Unblock the Notifications