IPL 2024: দিল্লি ক্যাপিটালসে ম্যাকগার্কের জায়গা পাকা! বিরাট ইঙ্গিত সৌরভের, কোন গুণগুলিতে মুগ্ধ?
IPL 2024: দিল্লি ক্যাপিটালস আজ লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলছে অরুণ জেটলি স্টেডিয়ামে। এটিই ঋষভ পন্থদের শেষ ম্যাচ। কেন না, ১৪ পয়েন্ট নিয়ে প্লে-অফে যাওয়া যাবে না।
যদিও বা ১৪ পয়েন্ট নিয়ে কোনও দল যায়, সেক্ষেত্রে পন্থদের বড় বাধা নেট রান রেট। ধারাবাহিকতার অভাবেই সমস্যা হলো, উপলব্ধি দিল্লি ক্য়াপিটালসের ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়ের।

সৌরভের কথায়, এবারের আইপিএলে দল অনেক চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে গিয়েছে। শুরুটা ভালো হয়নি। তারপর বেশ কয়েকটি ম্যাচ জিতেছে ক্যাপিটালস। কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচের হারটাই সব শেষ করে দিল বলে মনে করছেন সৌরভ।
সৌরভ আইপিএল সম্প্রচারের দায়িত্বপ্রাপ্ত সংস্থায় দেওয়া সাক্ষাৎকারে বলেন, ঋষভ পন্থকে ওই ম্যাচে আমরা মিস করেছি। ১৮৮ রান তুলতে হতো। আইপিএলের মতো টুর্নামেন্টে ভালো মানের ভারতীয় ক্রিকেটার গুরুত্বপূর্ণ সব সময়ই। ফলে উত্থান-পতনের মধ্যে দিয়ে যাওয়া, ধারাবাহিকতার অভাবকেই দায়ী করেছেন সৌরভ।
সৌরভ উচ্ছ্বসিত অস্ট্রেলিয়ার ওপেনার জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ককে নিয়ে। তাঁকে জিক বলে ডাকেন সৌরভ। সৌরভ স্বীকার করে নিলেন, যেভাবে ম্যাকগার্ক এবারের আইপিএলে খেলেছেন তাতে তিনি 'হ্যাপিলি সারপ্রাইজড'।
মহারাজের এই প্রশংসার কিছুক্ষণ পর অবশ্য হতাশ করলেন ম্যাকগার্ক। ২ বল খেলে শূন্য রানে সাজঘরে ফিরলেন। এবারের আইপিএলে তিনি ৮টি ম্যাচ খেলে ৩৩০ রান করেছেন। সর্বাধিক স্কোর ৮৪। গড় ৪১.২৫, স্ট্রাইক রেট ২৩৭.৪১। ৩২টি চার ও ২৮টি ছয় মেরেছেন।
ম্যাকগার্কের স্ট্রাইক রেট বলে দিচ্ছে তিনি কতটা আগ্রাসী। সৌরভ বলেন, উপমহাদেশে প্রথম খেললেন ম্যাকগার্ক। আইপিএলে দিল্লি-সহ বিভিন্ন জায়গায় ভালো উইকেট হয়েছে। সবচেয়ে ভালো লেগেছে তাঁর অ্যাটিটিউড। কঠিন পরিশ্রম করেন। অনুশীলন মিস করেন না। অপশনাল ট্রেনিং থাকলেও দীর্ঘক্ষণ নেটে সময় কাটান।
মহারাজ বলেন, সবমিলিয়ে ম্যাকগার্ক খুবই ভালো। ডেভিড ওয়ার্নার কিংবদন্তি। তবে হাতের চোটের কারণে মাসখানেক তাঁকে বাইরে থাকতে হয়েছে। এই পরিস্থিতিতে রিকি জিককে খুব ভালো গাইড করেছেন। ম্যাকগার্কের মধ্যে সাফল্যের ক্ষুধা রয়েছে।
এরপরই সৌরভ বলেন, ম্যাকগার্ক বিশ্বকাপ দলে থাকার যোগ্য। যদিও অস্ট্রেলিয়ার মতো দলে ট্রাভিস হেড, ডেভিড ওয়ার্নার, তিনে মিচেল মার্শ রয়েছেন। ফলে ম্যাকগার্ককে নেওয়ার জায়গা ছিল না। কিন্তু ওঁর বয়স ২২। সামনে লম্বা কেরিয়ার পড়ে। যে কোনও পরিস্থিতিতে তিনি খেলতে প্রস্তুত থাকেন। আমরাও ম্যাকগার্কের মতো গেমচেঞ্জারকে ফের দলে নিতে চাইব।












Click it and Unblock the Notifications