IPL 2024: ক্রিকেট সরঞ্জাম কেনার সামর্থ্য ছিল না, সেই শুভমকে কোটিপতি বানাল আইপিএল, প্রথমেই কোন পরিকল্পনা?
IPL 2024: একটা সময় ক্রিকেট কিট কেনার পয়সা ছিল না। কষ্টার্জিত উপার্জনে বাবার এনে দেওয়া ব্যাট সঙ্গী করেই স্বপ্নপূরণের লক্ষ্যে এগিয়ে যেতে থাকেন শুভম দুবে। বিদর্ভের এই ক্রিকেটার এখনও দেশের হয়ে খেলেননি।
যদিও আইপিএল নিলামের আসর রাতারাতি কোটিপতি বানিয়ে দিয়েছে সেই শুভমকে। রাজস্থান রয়্যালস ৫ কোটি ৬০ লক্ষ টাকা খরচ করে কিনেছে বিদর্ভের এই বাঁহাতি ব্যাটারকে।

বিদর্ভের হয়ে ৮টি ৫০ ওভারের ম্যাচ খেলেছেন, টি২০ খেলেছেন ২০টি। দুই ফরম্য়াটেই একটি করে অর্ধশতরান রয়েছে। এবারের সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে শুভম দুবের আগ্রাসী ব্যাটিং নজরে পড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির স্কাউটদের। আইপিএলের নিলামে তাঁর যে এতটা দর উঠবে তা অবশ্য কেউই ভাবেননি।
শুভম যখন ক্রিকেট শুরু করেন তখন তাঁর বাবার পানের দোকান ছিল। সেই দোকান থেকে উপার্জিত অর্থেই ছেলেকে ব্যাট কিনে দিয়েছিলেন। শুভম রাজস্থান রয়্যালসকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, পরিবারে আর্থিক অবস্থা ভালো না থাকলেও তাঁকে ক্রিকেট ছেড়ে অন্য কিছু বেছে নেওয়ার চাপ কখনও দেওয়া হয়নি।
শুভমের বাবা পানের দোকান চালানোর পর একটি হোটেলের ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন। পরে রিয়াল এস্টেটের সঙ্গে যুক্ত হন। শুভমের দাদারা সংসার চালানোর ভার নেন। শুভমের উপর কখনও কোনও চাপ আসেনি। বরং যখন তিনি চোটের কারণে বাইরে ছিলেন তখন পরিবারের সকলে তাঁকে মাঠে ফেরার মানসিক শক্তি জুগিয়েছিলেন।
আইপিএল বানিয়ে দিয়েছে কোটিপতি। শুভম বলেছেন, আমার পরিবারের সদস্যদের এবার কিছু স্বাচ্ছন্দ্যের বন্দোবস্ত করতে চাই। প্রথম লক্ষ্যই হলো পরিবারের জন্য একটি বাড়ি কেনা। শুভমের লিস্ট এ অভিষেক হয়েছে চলতি বছরেই। টি২০ ফরম্য়াটে বিদর্ভের হয়ে প্রথম খেলেন ২০২১ সালের নভেম্বরে।
শুভমের কেরিয়ারে অনুপ্রেরণা জুগিয়েছেন বিদর্ভের অধিনায়ক ফৈজ ফজল। শুভমের কথায়, আমার এক কাকা বলেছিলেন অ্যাডভোকেট একাদশে নাম লেখাতে। এখানে আর্থিকভাবে পিছিয়ে থাকা প্রতিভা যাঁরা ফি দিয়ে ক্রিকেট শিখতে পারে না, তাদের জন্য প্রশিক্ষণের বন্দোবস্ত করা হয়। সেখানেই ফজলের সঙ্গে আলাপ।
শুভম বলেছেন, ফজলের ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস, তিনি যেভাবে সকলে সম্ভ্রম আদায় করে নেন, এ সব দেখে প্রথম দিনই মনে হয়েছিল তাঁর মতো আমাকেও হতে হবে। তিনিও বাঁহাতি ব্যাটার ছিলেন। ফলে তাঁর সঙ্গে একাত্মতা অনুভব করতে আমার সুবিধাই হতো। রাজস্থান রয়্যালসে ডিরেক্টর অব ক্রিকেট তথা হেড কোচ হিসেবে শুভম পাবেন কুমার সঙ্গকারাকে। শ্রীলঙ্কার কিংবদন্তিও শুভমের আইডল। সঙ্গকারার গাইডেন্সে শুভম নিজেকে আরও সমৃদ্ধ করতে চান।












Click it and Unblock the Notifications