IPL 2024: কেকেআরের জোশ বাড়াতে রাজস্থান ম্যাচেও ইডেনে শাহরুখ? গম্ভীরের সঙ্গে দূরত্ব ঘুচল সুজনের
IPL 2024: চলতি আইপিএলে ইডেনে দুটি ম্যাচের দুটিতেই জয় ছিনিয়ে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। লখনউ সুপার জায়ান্টসকে কেকেআর হারিয়েছে ৮ উইকেটে।
ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পরই মাঠে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ ইডেনের প্রধান পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন কেকেআরের অন্যতম কর্ণধার শাহরুখ খান।

ম্যাচ চলাকালীনই সুজন মুখোপাধ্যায়ের কাছে বার্তা গিয়েছিল শাহরুখ তাঁর সঙ্গে দেখা করতে চান। সুজন সেইমতো মাঠেই ছিলেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠান যখন চলছে তখন শাহরুখ পুত্র আব্রামকে নিয়ে ইডেন পরিক্রমায় বের হন।
হাত নেড়ে ধন্যবাদ জানাতে থাকেন দর্শকদের। কখনও তাঁর সিগনেচার স্টাইলে নাচের স্টেপেও মাতিয়ে দেন দর্শকদের। সুজন তখন পিচ প্রস্তুতির তদারকিতে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণের মধ্যেই শাহরুখের এক সহকারী সুজনকে গিয়ে বলেন, বস, আপ কো বুলা রহে হ্যায়। সুজন বলেন, কে বস? উত্তর আসে শাহরুখ।
সুজনকে দেখেই 'সুজনদা' সম্বোধন করেন শাহরুখ। বলেন, আপনার সঙ্গে দেখা করতে চাইছিলাম। সুজন ওয়ানইন্ডিয়া বাংলাকে জানালেন, শাহরুখ যেভাবে সুজনদা বললেন তাতে বুঝলাম আমাকে চেনেন। উইকেট দেখে শাহরুখ ভীষণ খুশি।
SRK with the pitch curator of Eden Gardens Sujan Mukharjee 🔥@iamsrk @KKRiders @KKRUniverse #ShahRukhKhan #KKRvLSG #SRK #KKR #IPL pic.twitter.com/cnkwiCvVw9
— Shah Rukh Khan Universe Fan Club (@SRKUniverse) April 14, 2024
নববর্ষে দল জেতায় খুশি শাহরুখ বলেন, উইকেট খুব ভালো হয়েছে। সুজন প্রত্যুত্তরে বলেন, হারলেই তো সমালোচনা হতো, খারাপ উইকেট বলা হতো। শাহরুখ বলেন, না দাদা, উইকেটকে কেউ খারাপ বলেন না। সকলেই এখানকার উইকেটে খুশি। আমাদের কিছু আবদার থাকে, সব সময় তো আপনি সেটা দেনও না!
সুজন কিং খানকে বলেন, দল ভালো খেলছে। তবে তিনি থাকলে কেকেআরের সকলেই আলাদা জোশ পান। শাহরুখ জানিয়ে গিয়েছেন, মঙ্গলবারও তিনি রাজস্থান রয়্যালস ম্যাচের সময় ইডেনে আসবেন। বোঝাই যাচ্ছে, বাড়তি জোশ দিতেই দলের পাশে কিং খান।
শাহরুখ গতকাল সুজনকে বলেন, আপনাকে এতবার নৈশভোজে আমন্ত্রণ জানাই, আপনি তো আসেন না। সুজন বলেন, এমনিতেই আমি বাইরের খাবার খাই না। তবে খেলার মধ্যে নয়। পরবর্তীকালে শাহরুখের ব্যক্তিগত আমন্ত্রণ তিনি রক্ষা করবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন।
এরই মধ্যে জানা গেল, কেকেআরের মেন্টর গৌতম গম্ভীরের সঙ্গেও দূরত্ব ঘুচেছে সুজনের। সুজন মুখোপাধ্যায় উইকেট নিয়ে কোনও কম্প্রোমাইজ করেন না। ফলে পছন্দসই উইকেট না মেলায় অসন্তোষ ছিল গম্ভীরের। নাইট শিবিরে প্রত্যাবর্তনের পর সুজনের কাছে গিয়ে শুভেচ্ছা বিনিময় সেরেছেন নাইটদের মেন্টর। প্রশংসা করেছেন উইকেটেরও।












Click it and Unblock the Notifications