IPL 2024, SRH vs MI: প্রবল সমালোচনার মুখে হার্দিক, ভেঙে পড়া মুম্বই দলকে চাঙ্গা করতে মাস্টারের পেপ টক
পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের এবারের আইপিএলের সূচনাটা একেবারেই ভালো হয়নি। প্রথম ম্যাচে গুজরাত টাইটান্সের কাছে হার আর বুধবার দ্বিতীয় ম্যাচে নিজামের শহরের দলতো রীতিমতো শাসন করেছে মুম্বইয়ের উপর। তার উপর মুম্বই দলের রোহিত-হার্দিক দ্বন্ড অন্যতম চর্চার বিষয়ে এবারের আইপিএলে।
হায়দরাবাদের বিরুদ্ধে হারের পর বিধ্বস্ত মুম্বই শিবির। দলকে চাঙ্গা করার দায়িত্ব নিজের কাঁধেই নিলেন মেন্টর সচিন তেন্ডুলকর। ম্যাচ শেষে বুমরাহ, রোহিতরা যখন সাজঘরে ঢুকছেন তখন তাঁদের শরীরী ভাষা বলে দিচ্ছিল, কতটা ভেঙে পড়েছে গোটা দল। পেপ টক দিয়ে দলকে চাঙ্গা করার কাজটা করলেন সচিন এবং সেনাপতি হার্দিক।

এরপরই নিাজের বক্তব্য শুরু করেন হার্দিক। সতীর্থদের মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক বার্তা দেন। তাঁর কথায়, 'শক্তিশালী সৈন্যরাই সব থেকে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়। এই প্রতিযোগিতায় আমরাই শক্তিশালী দল। ব্যাটিং গ্রুপ হিসেবে আমরা নিজেদের যে উচ্চতায় নিয়ে গিয়েছি, তার কাছাকাছি একমাত্র পৌঁছতে পারি আমরাই।"
অধিনায়কত্বের দায়িত্ব নিয়ে প্রথম দুই ম্যাচেই হার। প্রশ্নের মুখে মুম্বই দলে হার্দিকের নেতৃত্ব। প্রাক্তন ক্রিকেটাররাও পাণ্ডিয়ার সমালোচনায় সরব। ইউসুফ এবং ইরফান পাঠান উভয়েই কড়া সমালোচনা করেছেন।
লোকসভা নির্বাচনে বহরমপুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ। ভোট যুদ্ধে থাকলেও ক্রিকেট থেকে দূরে থাকবেন কী করে? হার্দিকের সমালোচনা করে ইউসুফ লেখেন, 'হার্দিকের কৌশল কোনও ভাবেই বুঝতে পারলাম না। কেন একজন স্পিনারকে দিয়ে শেষ ওভার করাতে গেল?'
হার্দিকের অধিনায়কত্ব নিয়ে কড়া সমালোচনা করলেন ইরফান পাঠানও। প্রাক্তন ক্রিকেটার সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'যখন গোটা দল ২০০-র বেশি স্ট্রাইক রেটে ব্যাট করছে, তখন অধিনায়ক কোনও ভাবেই ১০০ স্ট্রাইক রেটে ব্যাট করতে পারে না।'
🗣️ "Toughest soldiers get the toughest test" 💪
— Mumbai Indians (@mipaltan) March 28, 2024
Sachin & Hardik with some inspiring words after #SRHvMI 💙#MumbaiMeriJaan #MumbaiIndians pic.twitter.com/yTkPCcuXQB
লুক উড চোট পাওয়ায় বদলি হিসেবে গতকাল অভিষেক হয় দক্ষিণ আফ্রিকার কোয়েনা মাপাখা'র। সম্প্রতি অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন মাপাখা। প্রতিভাবান তরুণের আইপিএল যাত্রাপথের সূচনাটা অবশ্য ভালো হলো না। তাঁর হাতেই নতুন বল তুলে দিয়েছিলেন হার্দিক। কিন্তু শুরু থেকেই তাঁকে আক্রমণ করেন ট্র্যাভিস হেড। কেন বুমরাহকে সঠিকভাবে ব্যবহার করতে পারলেন না হার্দিক সেই প্রশ্নও উঠতে শুরু করেছে।
মুম্বই শিবিরের জন্য খারাপ খবর। প্রথম দুটি ম্যাচের মতোই আরও কিছু ম্যাচে খেলতে পারবেন না সূর্যকুমার যাদব। এনসিএ থেকে এখনও ফিট সার্টিফিকেট পাননি সূর্য।












Click it and Unblock the Notifications