IPL 2024: মেজাজ হারালেন বিরাট, কেকেআর জিততেই ছুটি হয়ে গেল আরসিবির, হতাশ করলেন স্টার্ক
IPL 2024, KKR vs RCB: ইডেনের পাশেই বাবুঘাটের গঙ্গায় জলাঞ্জলি রয়্য়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএল খেতাব জয়ের স্বপ্ন। হাই স্কোরিং ম্যাচ জিতে ফের দ্বিতীয় স্থান দখল কেকেআরের।
ব্যাটে-বলে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন আন্দ্রে রাসেল। ইডেনে একটা সময় দাপট দেখাচ্ছিল কোহলি-কোহলি বা আরসিবি-আরসিবি শব্দব্রহ্ম। ম্যাচ গড়াতে সেটাই বদলে গেল কেকেআরের জয়ধ্বনিতে।

জয়ের জন্য ২২৩ রানের টার্গেট তাড়া করতে নেমে ২ ওভারে ২৭ রান তুলে ফেলে আরসিবি। তৃতীয় ওভারের প্রথম বলে আউট হন বিরাট কোহলি। হর্ষিত রানার বলে কট অ্যান্ড বোল্ড। কোমরের উচ্চতায় বল এসেছিল ভেবে রিভিউ নেন বিরাট। যদিও তৃতীয় আম্পায়ার আউটের সিদ্ধান্তই দেন।
রিপ্লেতে দেখা গিয়েছে বিরাট ক্রিজের বাইরে ছিলেন। বলটিও নীচুতে নামছিল। তবে তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত দেওয়ার আগেই আম্পায়ারের কাছে পৌঁছে যান আরসিবি অধিনায়ক ফাফ দু প্লেসি। আউট হয়ে সাজঘরে ফেরার আগে মেজাজ হারিয়ে আম্পায়ারকে কিছু বলতেও দেখা যায় বিরাটকে। ড্রেসিংরুমে ঢোকার আগে মাটিতে আছড়ান ব্যাট।
কোহলি ৭ বলে ১৮ রান করেন। ফাফ দু প্লেসি ৭ বলে ৭ রান করেন। ৩.১ ওভারে ৩৫ রানে দুই ওপেনারকে হারানোর পর দলকে টানছিলেন উইল জ্যাকস ও রজত পাটীদার। ১১ ওভারে স্কোর ছিল ২ উইকেটে ১৩৭। ৫৪ বলে দরকার ছিল ৮৬।
কিন্তু সেখান থেকেই ১৩ ওভারে স্কোর পৌঁছয় ৬ উইকেটে ১৫৫ রানে। দ্বাদশ ওভারের প্রথম ও চতুর্থ বলে যথাক্রমে উইল জ্যাকস (৩২ বলে ৫৫) ও রজত পাটীদারকে (২৩ বলে ৫২) ফেরান আন্দ্রে রাসেল। ত্রয়োদশ ওভারের তৃতীয় ও ষষ্ঠ বলে জোড়া ধাক্কা দেন সুনীল নারিন।
ক্যামেরন গ্রিন ৪ বলে ৬ ও মহীপাল লোমরর ৩ বলে ৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন। ১৭.২ ওভারে ১৮৭ রানে পড়ে সপ্তম উইকেট। ১৮ বলে ২৪ রানে হর্ষিত রানার শিকার সুযশ প্রভুদেশাই। ১৯তম ওভারের শেষ বলে দীনেশ কার্তিক আন্দ্রে রাসেলের তৃতীয় শিকার হতেই আরসিবির যাবতীয় আশা শেষ হয়ে যায়।
কার্তিক ১৮ বলে ২৫ রান করে আউট হন। শেষ ওভারে আরসিবির দরকার ছিল ২১। আইপিএলের সবচেয়ে দামী মিচেল স্টার্কের জঘন্য বোলিং কেকেআর শিবিরে উৎকণ্ঠা বাড়িয়েছিল। কেকেআর জিতল ১ রানে। ১৯.৫ ওভারে কর্ণ শর্মা ১৮ বলে ২৫ রানে কট অ্যান্ড বোল্ড হন। শেষ বলে ২ রান নিতে গিয়ে লকি ফার্গুসন রান আউট হন।
আন্দ্রে রাসেল ৩ ওভারে ২৫ রান দিয়ে তিন উইকেট নেন। হর্ষিত রানা ৪ ওভারে ৩৩ ও সুনীল নারিন ৪ ওভারে ৩৪ রান খরচ করে ২টি করে উইকেট দখল করেন। মিচেল মিচেল স্টার্ক ও বরুণ চক্রবর্তী ১টি করে উইকেট পেয়েছেন। স্টার্ক ৩ ওভারে খরচ করেন ৫৫ রান।
টস জিতে ফিল্ডিং নিয়েছিল আরসিবি। কলকাতা নাইট রাইডার্স ২০ ওভারে ৬ উইকেটে তোলে ২২২। শ্রেয়স আইয়ার ৫০ ও ফিল সল্ট করেন ৪৮। আন্দ্রে রাসেল ২০ বলে ২৭ ও রামনদীপ সিং ৯ বলে ২৪ রানে অপরাজিত থাকেন। যশ দয়াল ও ক্যামেরন গ্রিন নেন ২টি করে উইকেট। ১টি করে উইকেট পান মহম্মদ সিরাজ ও লকি ফার্গুসন।
আরসিবি টানা ৬টি ম্যাচে পরাস্ত হলো। কেকেআর ৭ ম্যাচে ১০ পয়েন্ট দখল করে দখলে নিল দ্বিতীয় স্থান। নেট রান রেট ১.২০৬। আরসিবি ৮ ম্যাচের শেষে ২ পয়েন্টে দাঁড়িয়ে রইল। বাকি ৬টি ম্যাচেই জিতলে তাদের পয়েন্ট হবে ১৪, তবে তা প্লে-অফে ওঠার পক্ষে যথেষ্ট হবে না, অন্তত লিগ টেবলের যা পরিস্থিতি।












Click it and Unblock the Notifications