KKR In IPL 2024: আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হোম ও অ্যাওয়ে ম্যাচের পূর্ণাঙ্গ সূচি, ইডেনে ফের কবে খেলা?
KKR Matches In IPL 2024: আইপিএলের পূর্ণাঙ্গ সূচি এবার জনসমক্ষে। লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার অপেক্ষায় থেকে ৭ এপ্রিল অবধি সূচি ঘোষণা করেছিল বিসিসিআই।
সেক্ষেত্রে প্রথম ২১টি ম্যাচের সূচি প্রকাশ্যে আনা হয়েছিল। আজ প্রকাশ পেল পূর্ণাঙ্গ সূচি। দেখে নেওয়া যাক কলকাতা নাইট রাইডার্সের ম্যাচগুলি কবে রয়েছে।

ইডেনে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে এবার অভিযান শুরু করেছে শ্রেয়স আইয়ারের কেকেআর। ২৯ মার্চ বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নাইটদের পরবর্তী ম্যাচ। ৩ এপ্রিল বিশাখাপত্তনমে কেকেআর যে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে সেটাও জানা গিয়েছিল আগেই।
আজ ঘোষিত সূচিতে দেখা যাচ্ছে, ৮ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টায় চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলবে কেকেআর। ১৪ এপ্রিল ইডেনে বিকেলে সাড়ে তিনটে থেকে নাইটদের প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস। এপর ১৭ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ইডেনেই কেকেআর বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ।
২১ এপ্রিল কলকাতায় বিকেল সাড়ে ৩টে থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে কেকেআর। ২৬ এপ্রিল ইডেনেই নাইটদের প্রতিপক্ষ পাঞ্জাব কিংস, এই ম্যাচটি শুরু সন্ধ্যা সাড়ে ৭টা থেকে। ২৯ এপ্রিল ইডেনে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নাইটদের দ্বৈরথ, এটিও সাড়ে ৭টা থেকে শুরু।
মে মাসের ৩ তারিখ কেকেআর মুম্বইয়ে সন্ধ্যা সাড়ে ৭টা থেকেই খেলবে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। মে মাসের ৫ তারিখ লখনউয়ে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে কেকেআরের খেলা রয়েছে। ইডেনে চলতি আইপিএলের শেষ ম্যাচটি হবে ১১ মে। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সেই ম্যাচে নাইটদের প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। দুটি খেলাই শুরু সন্ধ্যা সাড়ে ৭টায়।
এরপর প্লে-অফের আগে আরও দুটি ম্যাচ রয়েছে কেকেআরের। ১৩ মে আমেদাবাদে গুজরাত টাইটান্স ও ১৯ মে গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবে শ্রেয়স আইয়ারের দল। ২১ ও ২২ মে আমেদাবাদে হবে কোয়ালিফায়ার-১ ও এলিমিনেটর। ২৪ মে চেন্নাইয়ে কোয়ালিফায়ার-২। ২৬ এপ্রিল চেন্নাইয়েই ফাইনাল।
আইপিএলে গ্রুপ এ-তে রয়েছে দিল্লি ক্যাপিটালস, কলকাতা নাইট রাইডার্স, লখনউ সুপার জায়ান্টস, মুম্বই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালস। বি গ্রুপে রয়েছে চেন্নাই সুপার কিংস, গুজরাত টাইটান্স, পাঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদ।
নিয়ম অনুযায়ী, কোনও দল নিজের গ্রুপের অন্য দলগুলির সঙ্গে দু-বার করে খেলবে। অন্য গ্রুপের পাঁচটির মধ্যে চারটির বিরুদ্ধে খেলবে একবার করে এবং বাকি দলটির বিরুদ্ধে খেলবে দু-বার করে। লটারির মাধ্যমে তা সুনিশ্চিত করা হয়েছে।












Click it and Unblock the Notifications