IPL 2024: টানা দুটি অ্যাওয়ে ম্যাচে পরাস্ত রাজস্থান, প্লে-অফের আশা বাঁচিয়ে রাখল দিল্লি, উজ্জ্বল অভিষেক
IPL 2024: টানা দুটি অ্যাওয়ে ম্যাচে পরাস্ত রাজস্থান রয়্যালস। যার ফলে কলকাতা নাইট রাইডার্সকে সরিয়ে পয়েন্ট তালিকার দুই নম্বর জায়গাটি দখলে নিতে পারলেন না সঞ্জু স্যামসনরা।
অন্যদিকে, কলকাতা নাইট রাইডার্সের কাছে হারের পর লম্বা ছুটির পর জয়ের সরণিতে ফিরে প্লে-অফের আশা জিইয়ে রাখল দিল্লি ক্যাপিটালস। ঋষভ পন্থরা জিতলেন ২০ রানে।

এদিন টস জিতে ফিল্ডিং নিয়েছিল রাজস্থান রয়্যালস। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ২২১ রান তোলে দিল্লি ক্যাপিটালস। ওপেন করতে নেমে বাংলার অভিষেক পোড়েল ৩৬ বলে ৬৫ রান করেন, তাঁর ইনিংসে রয়েছে সাতটি চার ও তিনটি ছয়।
অপর ওপেনার জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক ২০ বলে ৫০ রান করে আউট হন। ৪.২ ওভারে ৬০ রানে ওপেনিং জুটি ভাঙে, তার মধ্যে ম্যাকগার্কের একারই ৫০। শেই হোপ ১, অক্ষর প্যাটেল ১৫, ঋষভ পন্থ ১৫, গুলবদিন নঈব ১০ ও রসিখ সালাম ৯ রান করেন। ৫ রানে অপরাজিত থাকেন কুলদীপ যাদব।
রবিচন্দ্রন অশ্বিন ৪ ওভারে ২৪ রান দিয়ে তিন উইকেট পান। ট্রেন্ট বোল্ট, সন্দীপ শর্মা ও যুজবেন্দ্র চাহাল ১টি করে উইকেট তুলে নেন। প্রথম ভারতীয় হিসেবে এদিনই ৩৫০তম টি২০ উইকেট ঝুলিতে পুরলেন চাহাল। তিনি ফেরান ক্যাপিটালস ক্যাপ্টেন ঋষভ পন্থকে।
জবাবে খেলতে নেমে প্রথম ওভারের দ্বিতীয় বলে যশস্বী জয়সওয়ালের উইকেট হারায় রাজস্থান রয়্যালস। যশস্বী করেন ৪। জস বাটলার ১৭ বলে ১৯ রান করে আউট হন দলের ৬৭ রানের মাথায়, ৫.৫ ওভারে। ১১ ওভারে ১০৩ রানে পড়ে তৃতীয় উইকেট। রিয়ান পরাগ ২২ বলে ২৭ রান করেন।
এরপর সঞ্জু স্যামসন ইনিংস এগিয়ে নিয়ে যেতে থাকেন শুভম দুবেকে নিয়ে। স্যামসন ৮টি চার ও ৬টি ছয়ের সাহায্যে ৪৬ বলে ৮৬ রান করে আউট হন। দুবে ১২ বলে ২৫ রান করে আউট গন। ডনোভান ফেরেরা ১ ও রবিচন্দ্রন অশ্বিন ২ রানের বেশি করতে পারেননি।
শেষ ওভারের দ্বিতীয় বলে রভম্যান পাওয়েলকে ফেরান মুকেশ কুমার। পাওয়েল ১০ বলে ১৩ রান করে সাজঘরে ফেরেন। রাজস্থান রয়্যালস ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০১ রানে থামে। ট্রেন্ট বোল্ট ২ ও আবেশ খান ৭ রানে অপরাজিত থাকেন।
খলিল আহমেদ ৪ ওভারে ৪৭ ও কুলদীপ যাদব ৪ ওভারে ২৫ রান দিয়ে দুটি করে উইকেট নিলেন। মুকেশ কুমারও পেলেন দুটি উইকেট। তিনি ৩ ওভারে দেন ৩০। অক্ষর প্যাটেল ৩ ওভারে ২৫ ও রসিখ সালাম ৩ ওভারে ৩৬ রান দিয়ে ১টি করে উইকেট দখল করেন।
এই জয়ের ফলে ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পাঁচে উঠে এলো দিল্লি ক্যাপিটালস। ২০ রানে জেতার ফলে নেট রান রেট এখন মাইনাস (-) ০.৩১৬। লখনউ সুপার জায়ান্টস ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ছয়ে। রাজস্থান রয়্যালস ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দুইয়েই দাঁড়িয়ে রইল। নেট রান রেট ০.৪৭৬।












Click it and Unblock the Notifications