IPL 2024: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সব ম্যাচ জিতলে যেতে পারবে প্লে-অফে? ভাগ্য ঝুলে কাদের হাতে?
IPL 2024: ইডেনে কলকাতা নাইট রাইডার্সের কাছে ১ রানে হারতেই আইপিএল থেকে ছুটি হয়ে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। যেটুকু প্রাণবায়ু আছে তা অঙ্কের জটিল সমীকরণে।
এই আবহেই আজ বিধ্বংসী ছন্দে থাকা সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামছে আরসিবি। আজ হারলে আর কোনও আশাই থাকবে না আরসিবির।

আরসিবি ৮ ম্যাচে জিতেছে মাত্র একটিতে। বাকি রয়েছে ৬টি ম্যাচ। যার সব কটি জিতলে আরসিবি যেতে পারে সর্বাধিক ১৪ পয়েন্টে। তবে হারের ডাবল হ্যাটট্রিক করা আরসিবি বাকি ৬টি ম্যাচেই জিতবে এমন আশা অতি বড় আরসিবি ভক্তও করছেন না। তবে এই প্রতিবেদনে আমরা চোখ রাখব সম্ভাব্য পরিস্থিতির দিকে।
১৪ পয়েন্টে পৌঁছলেও আরসিবি প্লে-অফে যাবে তেমন কোনও নিশ্চয়তা নেই। সেজন্য প্রয়োজন অন্য বেশ কয়েকটি ম্যাচের ফলাফল তাদের পক্ষে যাওয়া। সেক্ষেত্রে নেট রান রেটের বিচারে একটা পথ খুলতে পারে। কিন্তু যে সব হিসেব দরকার এই সমীকরণ সফল করতে তা অস্বাভাবিক বললেও কম বলা হয়।
এখনও অবধি পয়েন্ট তালিকার যা অবস্থান তাতে রাজস্থান রয়্যালস, কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদের প্লে-অফে যাওয়ার প্রবল সম্ভাবনা। রয়্যালস যদি ৬ ম্যাচের চারটিতে জেতে এবং কেকেআর ও সানরাইজার্স তাদের বাকি ৭টির মধ্যে ৫টিতে জেতে তাহলে তাদের পয়েন্ট হবে যথাক্রমে ২২, ২০ ও ২০।
সেটা হলে যদি বাকি দলগুলি ১২ পয়েন্টের মধ্যে আটকে যায় তাহলে আরসিবি ১৪ পয়েন্ট নিয়ে চলে যেতে পারবে প্লে-অফে। অঙ্কের নিয়মে আরসিবির তিন নম্বর দল হওয়ার পথও খোলা রয়েছে। সেক্ষেত্রে সানরাইজার্স ও কেকেআর দুই দলকেই বাকি ৭টি ম্যাচের মধ্যে ৬টিতেই হারতে হবে। তাতে তাদের পয়েন্ট হবে ১২।
লখনউ সুপার জায়ান্টস যদি বাকি ৬টির মধ্যে পাঁচটিতে জেতে তাহলে তারা পৌঁছবে ২০ পয়েন্টে। ফলে প্রথম দুইয়ে থাকবে রাজস্থান আর লখনউ। আরসিবি থাকবে তিনে, ১৪ পয়েন্ট নিয়ে। ৬টি দল থাকবে ১২ পয়েন্টে। কেকেআর বা সানরাইজার্সের মধ্যে কোনও একটি দল প্রথম দুইয়ে থাকলেও আরসিবি তিনে থেকে প্লে-অফে যেতে পারে।
ধরা যাক, আজ সানরাইজার্সের কাছে আরসিবি হেরে গেল। তাতে বাকি ম্যাচগুলিতে জিতলে তারা সর্বাধিক ১২ পয়েন্ট অবধি পৌঁছতে পারে। তাতেও প্লে-অফের রাস্তা খোলা থাকবে, সবটাই অঙ্কের নিয়মে, অনেক জটিল পরিস্থিতির মাধ্যমেই। এমন পরিস্থিতিও তৈরি হতেই পারে যাতে ৮টি দল শেষ করল ১২ পয়েন্টে। নেট রান রেটে নির্ধারিত হলো শেষ ২ দল। তবে সবার আগে প্রয়োজন আরসিবির জয়ের রাস্তায় ফেরা এবং বড় মার্জিনে জেতা।












Click it and Unblock the Notifications