IPL 2024: হার্দিকের প্রাপ্তি বিদ্রুপ! অধিনায়ক বদলেও প্রথম ম্যাচে পরাজয়ের ধারা এড়াতে পারল না মুম্বই ইন্ডিয়ান্স
IPL 2024: অধিনায়ক থাকা অবস্থাতেই গুজরাত টাইটান্স ছেড়ে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দেন হার্দিক পাণ্ডিয়া। সেখানে হার্দিককে ক্যাপ্টেন করতে ঘোষণার পরও সরানো হয় রোহিত শর্মাকে।
ফলে একদিকে গুজরাত টাইটান্স যেমন জবাব দিতে ফুঁসছিল, তেমনই রোহিত শর্মার ভক্তরাও তাকিয়ে ছিলেন এবারের আইপিএলে প্রথম ম্যাচের দিকে। যেখানে গুজরাত টাইটান্সের কাছে পরাস্ত হলো মুম্বই ইন্ডিয়ান্স।

হার্দিক পাণ্ডিয়াকে যে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিদ্রুপ শুনতে হবে, ধেয়ে আসবে কটাক্ষ, তা কি কেউ আঁচ করেছিলেন? কিন্তু তেমনটা হলো গতকাল। যা অবাক করেছে ধারাভাষ্যকারদের। একমাত্র ভারতের হয়ে নামলেই যে এবার থেকে হার্দিক সমর্থন পাবেন, সেটাও মনে করা হচ্ছে।
এক যুগ ধরে আইপিএলের প্রথম ম্যাচে জয় অধরা মুম্বই ইন্ডিয়ান্সের। অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশিবার আইপিএল খেতাব জিতেছেন রোহিত শর্মা ও মহেন্দ্র সিং ধোনি। সেই রোহিতকে সরিয়ে হার্দিকের হাতে ক্যাপ্টেন্সির ব্যাটন তুলে দেওয়া হলেও প্রথম ম্যাচে জয়ের খরা কাটল না।
২০১২ সালে শেষবার আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে জিতেছিল মুম্বই ইন্ডিয়ান্স। সেবার প্রতিপক্ষ ছিল চেন্নাই সুপার কিংস। ২০১৩ সাল থেকে টানা আইপিএলে নিজেদের প্রথম ম্যাচ হেরে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স। ২০১৩ সালে আরসিবি, ২০১৪ ও ২০১৫ সালে কলকাতা নাইট রাইডার্সের কাছে প্রথম ম্যাচ হারে MI।
২০১৬ ও ২০১৭ সালে আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স পরাস্ত হয়েছিল রাইজিং পুনে সুপারজায়ান্টের কাছে। ২০১৮ সালে চেন্নাই সুপার কিংসের কাছে পরাজয়। ২০১৯ সালে দিল্লি ক্যাপিটালস, ২০২০ সালে চেন্নাই সুপার কিংস, ২০২১ সালে আরসিবি ও ২০২২ সালে দিল্লি ক্যাপিটালসের কাছে প্রথম ম্যাচে হারে মুম্বই ইন্ডিয়ান্স।
২০০৮ সালে প্রথম আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে আরসিবির কাছে হেরেছিল মুম্বই ইন্ডিয়ান্স। যদিও ২০০৯ সালে চেন্নাই সুপার কিংস, ২০১০ সালে রাজস্থান রয়্যালস ও ২০১১ সালে দিল্লি ডেয়ারডেভিলসকে হারিয়ে আইপিএল অভিযান শুরু করেছিল তারা।
মুম্বই ইন্ডিয়ান্স যতবার আইপিএল খেতাব জিতেছে তার প্রতিবারই তারা প্রথম ম্যাচে পরাস্ত হয়েছিল। ফলে প্রথম ম্যাচ হারকে শুভ ইঙ্গিত বলেই ভাবেন মুম্বই ইন্ডিয়ান্স ভক্তরা। এবারও তাই প্রথম ম্যাচে পরাজয়ে উদ্বেগ নেই তাঁদের।












Click it and Unblock the Notifications