IPL 2024, LSG vs MI Updates: লখনউ সুপার জায়ান্টসের কাছে হেরে মুম্বই ইন্ডিয়ান্সের স্বপ্নভঙ্গ, মাতালেন স্টইনিস
IPL 2024, LSG vs MI Updates: লখনউয়ের একানা স্টেডিয়ামে আজ লখনউ সুপার জায়ান্টস খেলতে নামছে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। হারলেই এবারের আইপিএল থেকে বিদায় নিশ্চিত হার্দিক পাণ্ডিয়াদের।
লখনউ সুপার জায়ান্টস আজ জিতলে পাঁচ থেকে তিনে উঠে আসবে। নবম স্থানে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। এই ম্যাচের স্কোর, টাটকা তথ্য ও পরিসংখ্যান জানতে চোখ রাখুন ওয়ানইন্ডিয়া বাংলায়।

লখনউয়ের জয়ে মুম্বইয়ের বিদায়
লখনউ সুপার জায়ান্টস ৪ বল বাকি থাকতে ৪ উইকেটে ম্যাচ জিতে মুম্বই ইন্ডিয়ান্সকে ছিটকে দিল প্লে-অফের দৌড় থেকে। মার্কাস স্টইনিসের অর্ধশতরানে ভর করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় লখনউ সুপার জায়ান্টস। তিনে নেমে সাতটি চার ও ২টি ছয়ের সাহায্যে ৪৫ বলে ৬২ করেন স্টইনিস। টি২০ বিশ্বকাপ দলে ব্রাত্য লোকেশ রাহুল ২২ বলে ২৮ রান করেন। আরশিন কুলকার্নি অবশ্য প্রথম বলেই আউট হন।
দীপক হুডা ১৮, অ্যাশটন টার্নার করেন ৫ রান। দুই রান নিতে গিয়ে রান আউট হন আয়ুষ বাদোনি। যদিও তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক রয়েছে। শেষ অবধি ১৯.২ ওভারে ৬ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় লখনউ। নিকোলাস পুরান ১৪ বলে ১৪ ও ক্রুণাল পাণ্ডিয়া ১ বলে ১ রানে অপরাজিত থাকেন।
হার্দিক পাণ্ডিয়া ৪ ওভারে ২৬ রান দিয়ে ২টি উইকেট নেন। নুয়ান তুষারা, জেরাল্ড কোয়েটজি ও মহম্মদ নবির ঝুলিতে ১টি করে উইকেট। জসপ্রীত বুমরাহ ৪ ওভারে ১৭ রান দিয়ে উইকেট পাননি। ৪ বল বাকি থাকতে ৪ উইকেটে জয়ের সুবাদে লখনউ সুপার জায়ান্টস ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দখলে নিল পয়েন্ট তালিকার তৃতীয় স্থান।
মুম্বই ইন্ডিয়ান্সের ১০ ম্যাচে ৬ পয়েন্ট, রইল নবম স্থানেই। নেট রান রেট মাইনাস (-) ০.২৭২। বাকি চারটি ম্যাচ জিতলে সর্বাধিক ১৪ পয়েন্ট হবে। যা প্লে-অফে ওঠার পক্ষে যথেষ্ট হবে না বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই ১৬ পয়েন্টে পৌঁছে গিয়েছে রাজস্থান রয়্যালস। ১২ পয়েন্ট কেকেআর ও লখনউয়ের।
ময়াঙ্কের চোট, টার্গেট ১৪৫
লখনউ সুপার জায়ান্টসের সামনে জয়ের জন্য রানের লক্ষ্যমাত্রা দিল মুম্বই ইন্ডিয়ান্স। টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন সুপার জায়ান্টস অধিনায়ক লোকেশ রাহুল। একানা স্টেডিয়ামে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৪ রান তুলেছে মুম্বই ইন্ডিয়ান্স। ৪১ বলে সর্বাধিক ৪৬ করেন নেহাল ওয়াধেরা। ঈশান কিষাণ ৩৬ বলে ৩২ রান করে আউট হন। জন্মদিনে রোহিত শর্মার সংগ্রহ ৫ বলে ৪। সূর্যকুমার যাদব ১০, তিলক বর্মা ৭ করেন। প্রথম বলেই হার্দিক পাণ্ডিয়া শূন্য রানে সাজঘরে ফেরেন। মহম্মদ নবি করেন ১। ১৮ বলে ৩৫ রানে অপরাজিত থাকেন টিম ডেভিড, জেরাল্ড কোয়েটজি ১ রানে অপরাজিত থাকেন। মহসীন খান ২টি, মার্কাস স্টইনিস, নবীন উল হক, ময়াঙ্ক যাদব ও রবি বিষ্ণোই একটি করে উইকেট পান। চোট সারিয়ে মাঠে ফিরলেও এদিন ফের চোট পেয়ে পুরো কোটা বোলিং করতে পারেননি ময়াঙ্ক। তিনি ১৯তম ওভারের প্রথম বল করে মাঠ ছাড়েন।
লখনউ সুপার জায়ান্টস দলে বেশ কয়েকটি পরিবর্তন
লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক লোকেশ রাহুল বলতে পারলেন না ঠিক কতগুলি পরিবর্তন হয়েছে। যেহেতু ব্যাটিং ও বোলিংয়ের দল আলাদা হয়, তাই মনে করতে পারলেন না। কুইন্টন ডি কক খেলছেন না। আরশিন কুলকার্নি দলে এলেন। অ্যাশটন টার্নার খেলছেন। চোট সারিয়ে দলে ফিরলেন ময়াঙ্ক যাদব।
পারস্পরিক দ্বৈরথের ফলাফল
আইপিএলে লখনউ সুপার জায়ান্ট চারটি ম্যাচ খেলেছে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। ২০২২ সালে প্রথম দুই সাক্ষাতে লখনউ জেতে যথাক্রমে ১৮ ও ৩৬ রানে। গত বছর প্রথম সাক্ষাতে লখনউ ৫ রানে হারায় মুম্বই ইন্ডিয়ান্সকে। গত বছরের এলিমিনেটরে মুম্বই ৮১ রানে হারিয়েছিল লখনউকে।












Click it and Unblock the Notifications