IPL 2024, KKR vs DC Updates: দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দাপুটে জয় কেকেআরের, কঠিন হয়ে গেল পন্থদের সমীকরণ
IPL 2024: আইপিএলে ইডেনে কলকাতা নাইট রাইডার্সের সামনে দিল্লি ক্যাপিটালস। বিশাখাপত্তনমে দিল্লি বধ সেরে এসেছিল নাইটরা। ফলে দিল্লি ক্যাপিটালস নামছে মধুর প্রতিশোধ নিতে।
প্লে-অফে ওঠার ক্ষেত্রেও এই ম্যাচটি দুই দলের কাছে গুরুত্বপূর্ণ। ম্যাচের স্কোর, নিউজ আপডেট, পরিসংখ্যান জানতে চোখ রাখুন ওয়ানইন্ডিয়া বাংলায়।

কেকেআরের দুরন্ত জয়
ইডেনে ২১ বল বাকি থাকতে দিল্লি ক্যাপিটালসকে ৭ উইকেটে হারাল কলকাতা নাইট রাইডার্স। ৬ ওভারে ৭৯ রান তুলে ফেলেন কেকেআরের ওপেনাররা। সপ্তম ওভারের প্রথম বলে ৭৯ রানে পড়ে প্রথম উইকেট। সুনীল নারিন ১০ বলে ১৫ রান করে আউট হন। দ্বিতীয় উইকেট পড়ে ৮.১ ওভারে ৯৬ রানে। সাতটি চার ও পাঁচটি ছয়ের সাহায্যে ফিল সল্ট ৩৩ বলে ৬৮ করেন। দুই ওপেনারকেই ফেরান অক্ষর প্যাটেল।
৯.২ ওভারে তৃতীয় উইকেটের পতন ১০০ রানে। রিঙ্কু সিং তিনে খেলতে নেমে ১১ বলে ১১ করে লিজাড উইলিয়ামসের শিকার। যদিও আর কোনও উইকেট পড়েনি। ১৬.৩ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় কেকেআর। ২১ বল বাকি থাকতে জয় ৭ উইকেটে।
অধিনায়ক শ্রেয়স আইয়ার তিনটি চার ও একটি ছয়ের সাহায্যে ২৩ বলে ৩৩ ও ভেঙ্কটেশ আইয়ার ২৩ বলে ২৬ রানে অপরাজিত থাকেন। অক্ষর প্যাটেল ৪ ওভারে ২৫ রান দিয়ে ২টি ও লিজাড উইলিয়ামস ৩ ওভারে ৩৮ রান দিয়ে ১টি উইকেট পান। কুলদীপ যাদব ৪ ওভারে ৩৪ রান খরচ করে কোনও উইকেট পাননি। রসিখ সালাম ২.৩ ওভারে দেন ৩০।
এই জয়ের ফলে ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে কেকেআর প্লে-অফের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল, দ্বিতীয় স্থানও মজবুত করল। ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দিল্লি ক্যাপিটালস ছয়ে। প্লে-অফে যেতে গেলে তাদের বাকি সব ম্যাচই জিততে হবে।
কেকেআরের টার্গেট ১৫৪
চলতি আইপিএলে ইডেনে হওয়া ম্যাচগুলিতে সবচেয়ে কম রান উঠল আজ। টস জিতে ব্যাটিং নিয়ে চমকে দিয়েছিলেন ঋষভ পন্থ। যদিও দিল্লি ক্যাপিটালস ২০ ওভারে ৯ উইকেটে ১৫৩ রানের বেশি তুলতে পারেনি। পৃথ্বী শ ১৩, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক ১২, অভিষেক পোড়েল ১৮, শেই হোপ ৬, ঋষভ পন্থ ২৭, অক্ষর প্যাটেল ১৫, ট্রিস্টান স্টাবস ৪, কুমার কুশাগ্র ১, রসিখ সালাম ৮ রান করেন। কুলদীপ যাদব ২৬ বলে সর্বাধিক ৩৪ রানে অপরাজিত থাকেন। লিজাড উইলিয়ামস ১ রানে নট আউট থাকেন । বরুণ চক্রবর্তী ৪ ওভারে ১৬ রান দিয়ে তিন উইকেট পেয়েছেন। বৈভব অরোরা ৪ ওভারে ২৯ ও হর্ষিত রানা ৪ ওভারে ২৭ রান দিয়ে ২টি করে উইকেট নেন। মিচেল স্টার্ক ৩ ওভারে ৪৩ ও সুনীল নারিন ৪ ওভারে ২৪ রান দিয়ে নেন ১টি করে উইকেট। আন্দ্রে রাসেল ১ ওভারে ১০ রান দেন।
পারস্পরিক দ্বৈরথের ফলাফল
আইপিএলের ইতিহাসে ৩৩টি দ্বৈরথে ১৭ বার দিল্লিকে হারিয়েছে কলকাতা। দিল্লির জয় ১৫টিতে, একটি ম্যাচে ফয়সালা হয়নি। দুই দলের শেষ সাক্ষাতে বিশাখাপত্তনমে ৩ এপ্রিল কেকেআর তাদের সর্বাধিক ৭ উইকেটে ২৭২ রান তুলে ১০৬ রানে হারিয়েছিল ক্যাপিটালসকে। শেষ পাঁচটি দ্বৈরথের নিরিখে অবশ্য ৩-২ ব্যবধানে এগিয়ে দিল্লি ক্যাপিটালস।












Click it and Unblock the Notifications