IPL 2024: আইপিএল থেকে সরে দাঁড়ালেন জেসন রয়, ইংল্যান্ড থেকেই বিকল্প নিল কলকাতা নাইট রাইডার্স
IPL 2024: আইপিএল থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়ালেন জেসন রয়। তাঁর পরিবর্ত হিসেবে বিদেশি উইকেটরক্ষক দলে নিল কলকাতা নাইট রাইডার্স। রয়ের মতো তিনিও ইংল্যান্ডের।
গত বছরের আইপিএলে রয়কে নিয়েছিল কেকেআর। শ্রেয়স আইয়ার ছিটকে যাওয়ায় ও শাকিব আল হাসান সরে দাঁড়ানোর ফলে রয়কে নেওয়া হয়।

জেসন রয়ের বেস প্রাইস ছিল দেড় কোটি টাকার। তাঁকে নিলাম থেকে কেকেআর নিয়েছিল ২.৮ কোটি টাকায়। ২০১৭ সালে গুজরাত লায়ন্স, ২০১৭ সালে দিল্লি ডেয়ারডেভিলসে খেলার পাশাপাশি তিনি সানরাইজার্স দলেও ছিলেন। তবে আইপিএল থেকে সরে দাঁড়ানো এবারই প্রথম নয়।
২০২০ সালে দিল্লি ডেয়ারডেভিলসে থাকাকালীন তিনি ব্যক্তিগত কারণে আইপিএল থেকে সরে দাঁড়ান। ২০২২ সালে গুজরাত টাইটান্স তাঁকে দলে নিলেও ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের ব্রেক নেন। ফলে খেলেননি। গত বছর কেকেআরের হয়ে ৮ ম্যাচে ২৮৫ রান করেন। ২টি হাফ সেঞ্চুরি-সহ।
রয়ের পরিবর্ত হিসেবে ইংল্যান্ডেরই উইকেটরক্ষক ফিল সল্টকে দলে নিল কেকেআর। গত বছর সল্ট ছিলেন দিল্লি ক্যাপিটালসে। এই নিয়ে দ্বিতীয়বার আইপিএলে কোনও দল পেলেন তিনি। নিলামে অবিক্রিত ছিলেন। তাঁকে বেস প্রাইস দেড় কোটি টাকায় দলে নিল কেকেআর।
গত ডিসেম্বরে তিনি ওয়েস্ট ইন্ডিজ সফরে ৪০, ২৫, অপরাজিত ১০৯, ১১৯ ও ৩৮ রান করেছিলেন। কিন্তু দুটি শতরানই এসেছিল আইপিএল নিলাম হয়ে যাওয়ার পর। যদিও জেসন রয় সরে দাঁড়াতেই কপাল খুলে গেল ইংল্যান্ডের এই কিপার-ব্যাটারের।
ওয়েস্ট ইন্ডিজ সফরে চতুর্থ টি২০ আন্তর্জাতিকে তাঁর শতরানটি এসেছিল ৪৮ বলে। যা ইংল্যান্ডের ব্যাটারদের মধ্যে দ্রুততম। টি২০-তে ২২১ ইনিংসে সল্টের ৫৩০৮ রান রয়েছে, স্ট্রাইক রেট ১৫৩.৪১, গড় ২৫.৮৯। বিগ ব্যাশ লিগ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, পাকিস্তান সুপার লিগ, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরশাহীর লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে।
ওপেনিং স্লটে রহমানুল্লাহ গুরবাজের সঙ্গে সল্টকে নামাতে পারে কেকেআর। শেরফান রাদারফোর্ডও রয়েছেন। আন্দ্রে রাসেল, সুনীল নারিন, মিচেল স্টার্ক, দুষ্মন্ত চামিরা, মুজিব উর রহমানের মতো বিদেশি বোলার এবং অলরাউন্ডারও রয়েছেন। ফলে কোন চার বিদেশি একাদশে থাকবেন সেটাই দেখার। শুক্রবার থেকে ইডেনে অনুশীলনে নামবে শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন কেকেআর।












Click it and Unblock the Notifications