IPL 2024: গুজরাত টাইটান্সের মরণ-বাঁচন লড়াই, দুর্বল পেস আক্রমণ নিয়ে প্লে-অফে চোখ চেন্নাই সুপার কিংসের
IPL 2024: আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে কাল আমেদাবাদে মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস ও গুজরাত টাইটান্স। গতবারের চ্যাম্পিয়ন সিএসকে চাইবে প্লে-অফের সম্ভাবনা উজ্জ্বল করতে।
অন্যদিকে, পয়েন্ট তালিকার সবার নীচে রয়েছে গুজরাত টাইটান্স। গতবারের রানার-আপরা কালকের ম্যাচ হারলেই বিদায় নেবে এবারের আইপিএল থেকে।

আইপিএলে এই দুই দল মোট ৬টি ম্যাচ খেলেছে একে এপরের বিরুদ্ধে। দুই দলই জিতেছে তিনটি করে দ্বৈরথ। শেষ তিনটি ম্যাচে অবশ্য জিতেছে সিএসকে। ফলে সর্বশেষ পাঁচটি দ্বৈরথের ফল ধোনিদের পক্ষে ৩-২। চলতি আইপিএলে চেন্নাই সুপার কিংস নিজেদের মাঠে ২৬ মার্চ গুজরাত টাইটান্সকে হারিয়েছিল ৬৩ রানে।
পয়েন্ট তালিকায় ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সিএসকে আপাতত রয়েছে চার নম্বরে। গুজরাতের পয়েন্ট ১১ ম্যাচে ৮। ফলে বাকি শেষ তিনটি ম্যাচে জিতলেও প্লে-অফ নিশ্চিত হবে না শুভমান গিলের নেতৃত্বাধীন দলের। চেন্নাই সুপার কিংস জিতলে সানরাইজার্সের মতো ১৪ পয়েন্টে পৌঁছে যাবে, নেট রান রেটে টেক্কা দিয়ে তিনেও চলে যাবে।
গুজরাত টাইটান্সের হয়ে চলতি আইপিএলে খেলেছেন মোট ২২ জন প্লেয়ার। যা টুর্নামেন্টে যুগ্ম সর্বাধিক। টপ অর্ডারে শুভমান গিলের ব্য়াট ও ফিনিশার হিসেবে ডেভিড মিলারের ভূমিকার উপর নির্ভর করছে গুজরাতের সাফল্য। সাই সুদর্শনের সঙ্গে সাই কিশোর বা সন্দীপ ওয়ারিয়রের রদবদল হবে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে।
চেন্নাই সুপার কিংসের পেস আক্রমণ দুর্বল হয়ে পড়েছে। বিশেষ করে মাথিশা পাথিরানা, মুস্তাফিজুর রহমান ও দীপক চাহার না থাকায়। অজিঙ্ক রাহানের ফর্মও মোটেই ভালো নয়। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে রদবদলের স্ট্র্যাটেজিতে বদলের সম্ভাবনা কম। রাহানে ও সিমরজিৎ সিংয়ের মধ্যে তা হতে পারে।
আমেদাবাদে শেষ ২১টি আইপিএল ম্যাচের ১৩টিতেই জিতেছে রান তাড়া করা দল। ডিউ ফ্যাক্টরের কারণে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পরিস্থিতিও ব্যাটিং সহায়ক হয়। প্রথম ইনিংসের গড় স্কোর ১৮৮। খেলা শুরুর সময় তাপমাত্রা থাকতে পারে ৩৭ ডিগ্রির আশেপাশে, আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ হতে পারে ৩৩ শতাংশ। বৃষ্টির সম্ভাবনা নেই।
গুজরাত টাইটান্সের সম্ভাব্য দল- শুভমান গিল (অধিনায়ক), ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), বি সাই সুদর্শন, এম শাহরুখ খান, ডেভিড মিলার, বিজয় শঙ্কর, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, মোহিত শর্মা, নূর আহমেদ, জশ লিটল বা আজমাতুল্লাহ ওমরজাই। বোলিংয়ের সময়- সাই কিশোর বা সন্দীপ ওয়ারিয়ার।
চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য দল- ঋতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), অজিঙ্ক রাহানে, ড্যারিল মিচেল, শিবম দুবে, মঈন আলি, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), মিচেল স্যান্টনার, শার্দুল ঠাকুর, তুষার দেশপাণ্ডে, রিচার্ড গ্লিসন। বোলিংয়ের সময়- সিমরজিৎ সিং।












Click it and Unblock the Notifications