IPL 2024: কোহলিকে টপকে ঈর্ষণীয় নজির শুভমানের, আইপিএলে বেশি স্ট্রাইক রেট কোন ওপেনারদের?
IPL 2024: আইপিএলে তিন হাজার রান পূর্ণ করার সঙ্গে সঙ্গেই ঈর্ষণীয় নজির গড়ে ফেললেন গুজরাত টাইটান্স অধিনায়ক শুভমান গিল। টপকে গেলেন বিরাট কোহলিকে।
সর্বকনিষ্ঠ হিসেবে তিন হাজার রান পূর্ণ করে কোহলিকে পিছনে ফেলে দিলেন শুভমান। নাম তুলে ফেললেন এলিট লিস্টে।

আইপিএলে শুভমান ৯৭টি ম্যাচ খেলে ৯৪ ইনিংসে ৩০৪৫ রান করেছেন। তিনটি শতরান ও ২০টি অর্ধশতরান রয়েছে। গড় ৩৮.৫৪, স্ট্রাইক রেট ১৩৫.৩৯। শুভমান গতকাল আইপিএলে তিন হাজার রানের মাইলফলক ছুঁলেন, ২৪ বছর ২১৫ দিনের মাথায়।
বিরাট কোহলি আইপিএলে যেদিন ৩ হাজার রান পূর্ণ করেন, সেদিন তাঁর বয়স ছিল ২৬ বছর ১৮৬ দিন। সঞ্জু স্যামসন ২৬ বছর ৩২০ দিনের মাথায় আইপিএল কেরিয়ারের ৩ হাজার রান পূর্ণ করেছিলেন। যে নজির গড়তে সুরেশ রায়নার লেগেছে ২৭ বছর ১৬১ দিন, রোহিত শর্মার ২৭ বছর ৩৪৩ দিন।
বিরাট কোহলি চলতি আইপিএলে ৫ ম্যাচে ৩১৬ রান করেছেন। আগের ম্যাচে ৬৭ বলে শতরান করায় তাঁর স্ট্রাইক রেট নিয়ে অনেকে নাক সিঁটকেছিলেন। যদিও চলতি আইপিএলে তাঁর স্ট্রাইক রেট ১৪৬.২৯। আইপিএলে ওপেন করতে নেমে যা রীতিমতো সমীহযোগ্য।
ব্রায়ান লারা পর্যন্ত বলেছেন, টি২০-তে ওপেনারের ১৩০-১৪০ স্ট্রাইক রেট যথেষ্ট। বিরাটের কোচ রাজকুমার শর্মা বলেন, ম্যাচে কোন পরিস্থিতির মধ্যে বিরাট শতরান করেছেন তা বিচার্য হওয়া উচিত। ফলে যাঁরা স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন তুলছেন তাঁরা ক্রিকেটের সি বোঝেন না, খবরে থাকতেই এই ধরনের মন্তব্য করছেন।
আইপিএলে ওপেনারদের স্ট্রাইক রেটে চোখ রাখলে বিরাটকে নিয়ে যে উদ্বেগ নেই তা বোঝা যাবে। আইপিএলে নিয়মিত ওপেন করা এবং অন্তত ১ হাজার রান রয়েছে এমন ব্যাটারদের তালিকায় স্ট্রাইক রেটে শীর্ষে বীরেন্দ্র শেহওয়াগ। ১০৪ ম্যাচে তাঁর স্ট্রাইক রেট ১৫৫.৪৪।
আইপিএলে ওপেনারদের মধ্যে একমাত্র বীরুর গড়ই দেড়শোর উপর। তালিকা দুইয়ে থাকা ক্রিস গেইলের ১৪১ ইনিংসে স্ট্রাইক রেট ১৪৮.৯৬। যশস্বী জয়সওয়ালের ৪২ ইনিংসে স্ট্রাইক রেট ১৪৮.০৮। জস বাটলার ১০০টি ইনিংসের পর আইপিএল স্ট্রাইক রেট ১৪৭.৫। পৃথ্বী শ রয়েছেন পাঁচে, ৭৪ ইনিংসে স্ট্রাইক রেট ১৪৬.৬৮।












Click it and Unblock the Notifications