IPL 2024: ঘরের মাঠে বদলা নিল দিল্লি, মুম্বইকে হারিয়ে প্লে-অফের লড়াই জমিয়ে দিল দাদার দল
ঘরের মাঠে বদলা নিল দিল্লি ক্যাপিটালস। শনিবার মুম্বই ইন্ডিয়ান্সেকে ১০ রানে হারিয়ে প্লে অফের লড়াই জমিয়ে দিল ঋষভ পন্থের দল।
এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ঋষভ পন্থ। দিল্লি এদিন পৃথ্বী শ-কে বসিয়ে খেলিয়েছিল কুমার কুশাগ্রকে। অন্য়দিকে মুুম্বই ইন্ডিয়ান্সও একটি বদল করেছিল। গোয়েৎজের পরিবর্তে লিউক উডকে খেলানো হয়েছিল। ওপেনিংয়ে পৃথ্বী না থাকায় এদিন অভিষেক পোড়েল নামেন জ্যাক ফ্রেজার-ম্যাকগ্রুকের সঙ্গে।

দিল্লির ওপেনার, সৌরভ গঙ্গোপাধ্যায়ের টিমের নতুন হিরে জ্যাক আর একটি রেকর্ড গড়েছেন শনি-বিকেলে। পাওয়ার প্লে-তে সবচেয়ে বেশি রান করা ব্যাটারদের তালিকায় অ্যাডাম গিলক্রিস্টকে পিছনে ফেলে দিলেন জ্যাক ফ্রেজার ম্যাকগুরুক। এরপর ১৭ বলে ৫ ছক্কার সহযোগে ৪১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন সাই হোপ। ১৯ বলে ২৯ রান করেই বুমরাহের বলে আউট হলেন ট্রিস্টান স্টাবস, অক্ষর প্যাটেল জুটি শেষ দিকে দলের হাল ধরেন।ট্রিস্টান স্টাবস ২৫ বলে ৪৮ রান করে অপরাজিত থাকেন। ১১ রান করেন অক্ষর। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৫৭ রান তুলল দিল্লি।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা প্রত্যাশা অনুসারে হল না মুম্বই দলের। রোহিত শর্মা -ঈশান কিষাণের ওপেনিং জুটি দলকে বড় রানের দিশা দেখাতে ব্যর্থ হলেন। ৩৫ রানেই মুম্বইয়ের প্রথম উইকেটের পতন হয়। ৮ বলে ৮ রান করে আউট হলেন রোহিত। অন্য ওপেনার ঈশান ১৪ বলে ২০ রান করে ফিরলেন।
পরিবর্ত হিসেবে নামা সূর্যকুমার যাদব বড় রান করতে ব্যর্থ হলেন। ২৬ রান করে আউট হলেন সূর্য। এরপর মুম্বইকে টানতে শুরু করেন হার্দিক পাণ্ডিয়া এবং তিলক ভর্মা জুটি। ২৪ বলে ৪৬ রান করে পাণ্ডিয়া আউট হলেন। এরপর রান পেলেন না নেহালও। তাঁর সংগ্রহ ৪ রান। যদিও দলের হাল ধরে রাখেন সেই তিলক। অর্ধশতরানও পূর্ণ করেন।
১৮ বলে ৬৪ রান প্রয়োজন ছিল মুম্বই দলের। এই পরিস্থিতিতে টিম ডেভিড আগ্রাসী মেজাজে ব্যাটিং করতে শুরু করেন।কিন্তু ১৭ বলে ৩৭ রান করার পরই মুকেশ কুমারের বলে আউট হলেন ডেভিড। ১২ বলে ৪১ রান প্রয়োজন ছিল মু্ম্বই দলের। শেষ ওভারে দরকার ছিল ২৫ রানের। তিলক প্রথম বলেই রান আউট হলেন। ৬৩ রান করলেন তিলক, নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ২৪৭ রানে থেমে গেল মুম্বইয়ের ইনিংস।
দিল্লির বোলারদের হয়ে মুকেশ কুমার ও রাসিক সালাম তিনটি করে উইকেট নিলেন। দুটি উইকেট পেলেন খলিল আহমেদ। এই ম্যাচ জিতে ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে উঠে এল দিল্লি। অন্যদিকে ৯ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে থাকল মুম্বই।












Click it and Unblock the Notifications