CSK vs GT In IPL 2024: আইপিএলে চেন্নাইয়ের সামনে গুজরাত! গত বছরের ফাইনালের পুনরাবৃত্তি, নাকি প্রতিশোধ?
CSK vs GT In IPL 2024: আইপিএলে কাল চেন্নাইয়ের চিপকে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের সামনে রানার-আপ গুজরাত টাইটান্স। দুই দলই এবার নিজেদের প্রথম ম্যাচে জিতেছে।
চেন্নাই সুপার কিংসকে তাদের মাঠে হারানো সহজ নয়। ফলে গুজরাত টাইটান্সের সামনে কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে। পারস্পরিক দ্বৈরথের নিরিখে অবশ্য এগিয়ে টাইটান্স।

আইপিএলে চিপকে একবারই খেলেছে গুজরাত টাইটান্স এবং সেই ম্য়াচে হেরেছে। আইপিএলে সামগ্রিকভাবে পাঁচটি ম্যাচে মুখোমুখি হয়েছে সুপার কিংস ও টাইটান্স। তার মধ্যে গুজরাত টাইটান্স জিতেছে ৩টিতে, চেন্নাই সুপার কিংস ২টি। সর্বশেষ সাক্ষাতে গত বছরের ফাইনালে সিএসকে জিতেছিল ৫ উইকেটে।
২০২২ সালের আইপিএলে দুটি সাক্ষাতেই জয়লাভ করেছিল গুজরাত টাইটান্স। প্রথম দ্বৈরথে ৩ উইকেটে, তারপর ৭ উইকেটে। ২০২৩ সালের আইপিএলে উদ্বোধনী ম্যাচে গুজরাত টাইটান্স নিজেদের মাঠে ৫ উইকেটে হারিয়েছিল ধোনির দলকে। যদিও চেন্নাই নিজেদের মাঠে গুজরাত-বধ সেরেছিল, জয় ১৫ রানে।
গুজরাতের বিরুদ্ধে চেন্নাইয়ের একটি জয় এসেছিল প্রথমে ব্যাট করে, অপরটি রান তাড়া করে। গুজরাত টাইটান্স অবশ্য CSK-এর বিরুদ্ধে তিনটি ম্যাচেই জয় পেয়েছিল রান তাড়া করে। চেন্নাই সুপার কিংস সর্বাধিক ১৭৮ ও সর্বনিম্ন ১৩৩ রান করেছে গুজরাতের বিরুদ্ধে। গুজরাতের ক্ষেত্রে সেটি যথাক্রমে ২১৪ ও ১৩৭।
সর্বাধিক রান তাড়া করে জয় চেন্নাইয়ের ক্ষেত্রে ১৭১, গুজরাতের ১৮২। সবচেয়ে কম ১৭২ রানের পুঁজি নিয়ে গুজরাত টাইটান্সকে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। কালকের ম্যাচে দুই দলই অবশ্য চাইবে জয়ের ধারা অব্যাহত রাখতে। গুজরাত টাইটান্স মরিয়া থাকবে গতবারের ফাইনালের পরাজয়ের মধুর প্রতিশোধ নেওয়ার জন্য।
ধোনি এখন অধিনায়ক নন। তাঁর সতীর্থ আশিস নেহরা এখন গুজরাত টাইটান্সের হেড কোচ, মেন্টর হিসেবে রয়েছে ২০১১ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় দলের কোচ গ্যারি কার্স্টেন। তাঁদের সঙ্গে আজ কথা বলতেও দেখা গিয়েছে। ক্ষুরধার ক্রিকেট মস্তিষ্কের রণকৌশলে কে কাল বাজিমাত করেন সেটাই দেখার।
চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ (ব্যাটিংয়ের ক্ষেত্রে)- ঋতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, অজিঙ্ক রাহানে, ড্যারিল মিচেল, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, সমীর রিজভি, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), দীপক চাহার, মাহিশ থিকশানা ও তুষার দেশপাণ্ডে। বোলিংয়ের সময় ইমপ্যাক্ট প্লেয়ার মুস্তাফিজুর রহমান (রদবদল শিবমের সঙ্গে)।
গুজরাত টাইটান্সের সম্ভাব্য একাদশ (ব্যাটিংয়ের ক্ষেত্রে)- ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), শুভমান গিল (অধিনায়ক), সাই সুদর্শন, আজমাতুল্লা ওমরজাই, ডেভিড মিলার, বিজয় শঙ্কর, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, উমেশ যাদব, সাই কিশোর, স্পেনসার জনসন। বোলিংয়ের সময় ইমপ্যাক্ট প্লেয়ার মোহিত শর্মা (রদবদল সুদর্শনের সঙ্গে।












Click it and Unblock the Notifications