IPL 2024: দীপক চাহার আইপিএল থেকে ছিটকে যাবেন? চেন্নাই সুপার কিংস কীভাবে বদলাচ্ছে স্ট্র্যাটেজি?
IPL 2024: চলতি আইপিএলে চিপকে দ্বিতীয় পরাজয়ের মুখে পড়তে হয়েছে চেন্নাই সুপার কিংসকে। ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ঋতুরাজ গায়কোয়াড়ের দল পয়েন্ট তালিকার চারে রয়েছে।
প্লে-অফে উঠতে গেলে অন্তত তিনটি ম্যাচ জিততেই হবে। যদিও তার মধ্যে সমস্যা বাড়ছে গতবারের চ্য়াম্পিয়নদের ড্রেসিংরুমে।

চলতি আইপিএলে চোটের কারণে দুটি ম্যাচে ছিলেন না দীপক চাহার। গতকাল পাঞ্জাব কিংস ম্যাচে মাত্র দুটি বল করেই চোট নিয়ে মাঠ ছাড়েন তিনি। প্রাথমিকভাবে চেন্নাই সুপার কিংসের হেড কোচ স্টিফেন ফ্লেমিং বলেছেন, চোট দেখে মোটেই ভালো মনে হচ্ছে না। তবু ফিজিও ও চিকিৎসকদের কাছে ভালো রিপোর্ট আসার প্রত্যাশায়।
মুস্তাফিজুর রহমান দেশে ফিরে গিয়েছেন। দীপক চাহার আইপিএল থেকে ছিটকে গেলে সমস্যা জটিল হবে। চোটের কারণে মাথিশা পাথিরানাকে গতকালের ম্য়াচে পাওয়া যায়নি। বিশ্বকাপ খেলতে যাওয়ার ভিসা সংক্রান্ত বিষয় মেটাতে পাথিরানা ও মাহিশ থিকশানা দেশে ফিরেছেন।
ফ্লেমিং আশাবাদী, রবিবার ফের ধরমশালায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে শ্রীলঙ্কার এই দুই ক্রিকেটার চলে আসবেন। ফ্লু-তে আক্রান্ত তুষার দেশপাণ্ডে গতকাল মাঠেও আসতে পারেননি। ফলে বোলিং বিভাগে বাধ্য হয়ে বেশ কয়েকটি পরির্তন আনতে হয়েছে। রিচার্ড গ্লিসন অবশ্য প্রথম সুযোগেই দু-দিকে বল স্যুইং করিয়ে নজর কেড়েছেন।
গ্লিসন একটি উইকেটও পেয়েছেন। ফলে এই বিষয়টিকে ইতিবাচক হিসেবেই চেন্নাই সুপার কিংস শিবির। তবে বিদেশি সিমারের সংখ্যা কমে যাওয়া ভোগাতে পারে চেন্নাই সুপার কিংসকে। ফলে চলতি বছর একটি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলা মুকেশ চৌধুরী সুযোগ পেতে পারেন। এ ছাড়া রয়েছেন লেগস্পিনার প্রশান্ত সোলাঙ্কি, যিনি এ বছর একটিও ম্যাচ খেলেননি।
চেন্নাই সুপার কিংস অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় বলেছেন, অন্তত ৫০-৬০ রান বেশি তোলা উচিত ছিল। গতকাল টানা ৫৫ বল কোনও বাউন্ডারি পায়নি সিএসকে। যা চলতি আইপিএলে আগে হয়নি। গুজরাত টাইটান্স দিল্লি ক্যাপিটালস ম্যাচে টানা ৩৮টি বলে বাউন্ডারি হাঁকাতে পারেনি।
সমীর রিজভিকে ইমপ্যাক্ট সাব হিসেবে ব্যাট করানোর পথ থেকে সরতে পারে সিএসকে। রিজভি নেটে বড় বড ছক্কা হাঁকালেও ম্যাচ টেম্পারামেন্টে সমস্যা হচ্ছে। সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে তিনে নেমে অর্ধশতরান করা ড্যারিল মিচেলকে কাল আটে নামানোও ভুল হয়েছে বলে মনে করছেন অনেকে। ডানহাতি-বাঁহাতি কম্বিনেশনের কথা ভেবেই এই সিদ্ধান্ত বলে জানান ফ্লেমিং। যদিও এই কৌশল খাটেনি। সবমিলিয়ে বোলিংয়ের পাশাপাশি ব্য়াটিং বিভাগেও কৌশলগত বদলের পথে হাঁটবে সিএসকে। মিচেল স্যান্টনারকে খেলানোর ভাবনাও চলছে।












Click it and Unblock the Notifications