IPL 2024: আইপিএল ম্যাচের ছবি ও ভিডিও পোস্ট করা যাবে না! নিয়ম ভাঙলেই শাস্তি, কড়া নির্দেশ বিসিসিআইয়ের
IPL 2024: আইপিএলে ধারাভাষ্যকারদের কড়া নির্দেশ দিল বিসিসিআই। সেই সঙ্গে সচেতন করা হয়েছে ১০টি দল এবং ক্রিকেটারদের। সোশ্যাল মিডিয়ায় আর ইচ্ছেমতো ছবি ও ভিডিও আপলোড করা যাবে না।
ম্যাচের দিন স্টেডিয়াম থেকে কোনও ধারাভাষ্যকার ছবি বা ভিডিও পোস্ট করতে পারবেন না বলে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। তেমনই কোনও দল লাইভ ম্যাচের ভিডিও দিতে পারবে না সোশ্যাল মিডিয়ায়।

একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকের প্রতিবেদনে উল্লেখ, সম্প্রতি ভারতীয় দলের প্রাক্তন ব্যাটার আইপিএলে ধারাভাষ্য দেওয়ার ছবি তুলে পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। এরপরই বিসিসিআইয়ের তরফে তাঁকে ছবিটি ডিলিট করতে বলা হয়। কিন্তু বেঁকে বসেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার।
ধারাভাষ্যকারদের সোশ্যাল মিডিয়া পোস্টে নজরদারি চালাচ্ছে বিসিসিআইয়ের একটি টিম। তারই এক সদস্য ছবিটি ডিলিট করতে বলেছিলেন। ওই প্রাক্তনীর ১০ লক্ষের কাছাকাছি ফলোয়ার। যদিও আইপিএলের নিয়ম ভঙ্গ করেছিলেন ওই প্রাক্তনী। শেষে পোস্টটি ডিলিট করতে বাধ্য হন তিনি।
সোশ্যাল মিডিয়ায় কোনও ছবি বা ভিডিও পোস্ট করে ফলোয়ারের নিরিখে ফায়দা তোলা থেকে ব্যক্তি বা দলগুলিকে বিরত রাখতে কড়া পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই ও আইপিএল সম্প্রচারকারী সংস্থাগুলি। বিশেষ করে ম্যাচের দিন কড়াকড়ি বেশি থাকছে।
বিসিসিআই ইতিমধ্যেই সমস্ত ধারাভাষ্যকার, ক্রিকেটার, আইপিএল দলের কর্ণধার, সমস্ত দলের সোশ্যাল মিডিয়া ও কনটেন্টের দায়িত্বপ্রাপ্তদের কাছে নির্দেশিকা পাঠিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, নিয়ম ভাঙলে পরবর্তী প্রক্রিয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।
জানা গিয়েছে, এক ধারাভাষ্যকারের ইনস্টাগ্রামের লাইভ পোস্ট ১০ লক্ষ ভিউ ছাড়িয়ে গিয়েছিল। লাইভ ম্যাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় একটি দলের ৯ লক্ষ টাকা জরিমানাও ধার্য করা হয়েছে। টিভি সম্প্রচারের দায়িত্বে থাকা স্টার ইন্ডিয়া ও ডিজিটালের স্বত্ত্বাধিকারী ভায়াকমই একমাত্র লাইভ ম্যাচ-সহ নানা কনটেন্ট প্রকাশ করতে পারবে, বাকিরা নয়।
আইপিএলের কোনও দলও সরাসরি ফুটেজ নিয়ে বা ভিডিও তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে দিতে পারে না। ম্যাচের দিনের কিছু নির্দিষ্ট সংখ্যক ছবিই তারা পোস্ট করতে পারে। বিসিসিআই ও আইপিএলের সোশ্যাল মিডিয়া পোস্টগুলি আইপিএলের দলগুলি ও ধারাভাষ্যকাররা রিপোস্ট করতে পারেন।
বোর্ডের এক কর্তার কথায়, সম্প্রচারকারী সংস্থাগুলি আইপিএলের স্বত্ত্ব কিনতে বিপুল অর্থ ব্য়য় করে থাকে। ফলে ধারাভাষ্যকাররা ম্যাচের দিন মাঠের কোনও জায়গা থেকে কোনও ছবি বা ভিডিও পোস্ট করতে পারেন না। আইপিএল দলগুলিও ম্যাচ আপডেট দিতে পারে, কিন্তু ইচ্ছেমতো সোশ্যাল মিডিয়ায় ছবি দিতে পারে না। নিয়ম ভাঙলে জরিমানা হবে।
বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, নিয়মবিরুদ্ধভাবে কিছু ক্রিকেটাররাও সোশ্যাল মিডিয়ায় ম্যাচের দিনের ছবি দিয়েছিলেন। তাঁদেরও সেগুলি ডিলিট করতে বলা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্টের ক্ষেত্রে তাঁদের সতর্ক থাকতে বলা হয়েছে। ক্রিকেটারদের নিয়ম সংক্রান্ত সব বিষয়ে অবগত করা হয়েছিল। কিন্তু তাতেও অবাঞ্ছিত পোস্ট প্রাথমিকভাবে আটকানো যায়নি।












Click it and Unblock the Notifications