IPL 2024 : প্রতি বলে আয় ৭ লক্ষ টাকার বেশি! রেকর্ড দাম পাওয়ার খবর স্টার্কের থেকে আগে পেলেন স্ত্রী অ্যালিসা
আইপিএলের ইতিহাসে রেকর্ড সৃষ্টি করেছেন মিচেল স্টার্ক। ২৪.৭৫ কোটি টাকা দিয়ে স্টার্ককে দলে নিয়েছে কেকেআর। অজি পেসার নিলামে সর্বোচ্চ দর পেলেন। তাঁর জন্য যেন টাকার থলি নিয়ে নেমেছিল নাইটরা। যে কোনও মূল্যেই স্টার্ককে দলে নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠে কেকেআর। আইপিএলে প্রতি বল পিছু কত টাকা পাবেন স্টার্ক? অঙ্কের হিসেব কী বলছে?
নিলামে ২৪.৭৫ কোটি টাকা পেয়েছেন স্টার্ক। স্টার্ক বল প্রতি ৭ লক্ষ টাকার বেশি পাবে এবারের আইপিএলে। যদিও কেকেআর নক আউট পর্বে নাও উঠে তাহলে ১৪ ম্যাচে খেলতে হবে। যদি পুরো ১৪ ম্যাচে খেলেন এবং চার ওভার করে বল করেন তাহলে মোট ৩৩৬টা বল করবেন অজি পেসার। ২৪.৭৫ কোটিকে যদিও ৩৩৬ দিয়ে ভাগ করা যায় তাহলে বল পিছু স্টার্কের আয় দাঁড়াবে ৭.৩ লক্ষ টাকা।

২০১৪-১৫ মরসুমে শেষ বার আইপিএলে খেলতে দেখা গিয়েছিল অস্ট্রেলিয়ান পেস বোলারকে। পরের মরসুমেই কেকেআরে সই করেছিলেন ঠিকই, চোটের জন্য খেলতে পারেননি। ৯ বছর পর সেই অজি তারকা আবার ফিরছেন আইপিএলেও, তাও ঠিক টি২০ বিশ্বকাপের আগে। এর মধ্যে দেশের জার্সিতে তিনটে বিশ্বকাপ জিতেছেন স্টার্ক। সদ্য ভারতের মাটিতে একদিনের বিশ্বকাপজয়ী দলের সদস্য।
কলকাতায় নাম লিখিয়ে অস্ট্রেলিয়া থেকে নাইট সমর্থকদের জন্য বার্তা পাঠালেন স্টার্ক। অজি তারকা বলেন, 'আমার স্ত্রী খেলার জন্য বর্তমানে ভারতে রয়েছেন, সে আমার থেকে দ্রুত আপডেট পাচ্ছিল। এই দর আমাকে অবাক করে দিয়েছ। কেকেআর ভক্তদের সামনে ইডেনে ঘরের মাঠে খেলার অপেক্ষায় আছি, আমি রীতিমতো উত্তেজিত আগামী মরসুমে নাইট শিবিরে যোগদানের জন্য। আমি কেকেআর।'
একইসঙ্গে জিও সিনেমাতে তিনি বলেন, 'আমি কিছুটা অবাক হয়েছি এই দাম পেয়ে। এই দলে দারুণ সব ক্রিকেটার আছেন। শ্রেয়স দলের অধিনায়ক। আমি নিজের সেরাটা দিয়ে দলকে সাহায্য করতে চাই। ২০১৪-১৫ মরসুমে শেষবার আরসিবির হয়ে খেলেছিলাম। এরপর একবার দলে সুযোগ পেয়েও চোটের জন্য খেলতে পারিনি। এবার টি২০ বিশ্বকাপের আগে আইপিএল খেলাটা দারুণ কাজে লাগবে ভালো প্রস্তুতির জন্য।'
স্টার্ককে নেওয়ার জন্য রীতিমতো অলআউট খেলল নাইটরা। শেষ পর্যন্ত সফলও হল। স্টার্ককে দলে নেওয়ার পর দলের সিইও ভেঙ্কি মাইসোর বলেন, স্টার্ক দুরন্ত ক্রিকেটার। কাউকে পেতে গেলে কাউকে তো হারাতেই হয়। ওকে পাওয়ার জন্য শেষ পর্যন্ত ঝাঁপিয়েছে কলকাতা। ২০০৮ সালে যখন আইপিএল শুরু হয় তখন গোটা দলের স্যালারি ক্যাপ ছিল ২০ কোটি টাকা। এখন একজন ক্রিকেটারের জন্য খরচ করতে হচ্ছে ২৪.৭৫ কোটি টাকা। এখন বেতন কাঠামো বদলে গিয়েছে।'
একইসঙ্গে তিনি বলেন, প্রতিটি দলই তাঁদের রণকৌশলভাবে অর্থ খরচ করার সিদ্ধান্ত নিয়েছে। এই কারণে কাউকে বেশি অর্থ দেওয়া হচ্ছে বা কাউকে কম অর্থ দেওয়া হচ্ছে কি না সেটা বিচার্য বিষয় নয়। কারণ, আমরা সবাই সমান অর্থ খরচ করছি।'












Click it and Unblock the Notifications