IPL 2024 Auction: ভারতীয় বোলারদের মধ্যে শীর্ষে হর্ষল প্যাটেল, চেন্নাই সুপার কিংসে প্রত্যাবর্তন শার্দুলের
IPL 2024 Auction: আইপিএল নিলামে প্যাট কামিন্সকে সর্বকালীন রেকর্ড দর সাড়ে ২০ কোটি টাকায় কিনেছে সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএল মিনি নিলামের নিরিখে ক্রিস মরিস ও মেগা অকশনের নিরিখে স্যাম কারানকে পিছনে ফেলেছেন অজি অধিনায়ক।
ভারতীয় বোলারদের মধ্যে এখনও অবধি রেকর্ড দর পেয়েছেন হর্ষল প্যাটেল। ১১.৭৫ কোটি টাকায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রাক্তনী হরিয়ানার এই পেসারকে কিনেছে পাঞ্জাব কিংস। অলরাউন্ডার শার্দুল ঠাকুরকে নিয়েছে চেন্নাই সুপার কিংস।

হর্ষল প্যাটেল ডেথ ওভারে খুবই কার্যকরী। ফলে পাঞ্জাব কিংসের বোলিং শক্তি বাড়ল নিশ্চিতভাবেই। হর্ষলকে ছেড়ে দিয়েছিল আরসিবি। তাঁর বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। পাঞ্জাব কিংস শুরু থেকেই হর্ষলকে নিতে ঝাঁপায়। সঙ্গে হর্ষলকে ফেরাতে দর কষাকষিতে নামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
এরই মধ্যে আসরে নামে গুজরাত টাইটান্স। তারা ৪ কোটি দর দিতেই সরে যায় আরসিবি। লড়াই চলতে থাকে পাঞ্জাব ও গুজরাতের মধ্যে। লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে দর। গুজরাত ১০ কোটি টাকা দর দেয়, প্যাডল তুলে তাকে টেক্কা দেয় পাঞ্জাবও। এবারের আইপিএলে ওভারে দুটি করে বাউন্সার দেওয়া যাবে। ফলে হর্ষলের স্লো বাউন্সার কার্যকরী হতে পারে।
দর কষাকষি চলতে চলতেই আচমকা লখনউ সুপার জায়ান্টস ১১ কোটি টাকা দর হাঁকে। সুপার জায়ান্টসের ঝুলিতে এমনিতেই রয়েছে ১৩.৭৫ কোটি টাকা। ফলে তারা বেশিদূর যেতে পারেনি। শেষ অবধি ১১.৭৫ কোটি টাকা দরে পাঞ্জাব কিংসে খেলা নিশ্চিত হয়ে যায় হর্ষলের। সম্প্রতি যিনি হরিয়ানাকে বিজয় হাজারে ট্রফি জেতাতেও অবদান রেখেছেন।
দ্বিতীয় সেট থেকে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারঙ্গাকে তাঁর বেস প্রাইস দেড় কোটি টাকাতেই কিনেছে সানরাইজার্স হায়দরাবাদ। চেন্নাই সুপার কিংস শার্দুল ঠাকুরকে নিয়েছে ৪ কোটি টাকায়। তাঁর বে প্রাইস ছিল ২.২ কোটি টাকা। দিল্লি ক্যাপিটালস, কলকাতা নাইট রাইডার্স হয়ে শার্দুল ফিরলেন চেন্নাই সুপার কিংসেই।
মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে শার্দুল সিএসকে-তে দারুণ সফল হয়েছিলেন। ২০২১ সালে খেতাব জেতাতেও অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। শার্দুলকে নিতে মরিয়া ছিল সানরাইজার্স হায়দরাবাদ। তবে শেষ হাসি হাসে সিএসকেই। আফগানিস্তানের অলরাউন্ডার আজমাতুল্লাহ ওমরজাইকে ৫০ লক্ষ টাকায় নিয়েছে গুজরাত টাইটান্স।
দক্ষিণ আফ্রিকার পেসার জেরাল্ড কোয়েটজির বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। চেন্নাই সুপার কিংস ও লখনউ সুপার জায়ান্টসের চ্যালেঞ্জ সামলে প্রোটিয়া পেসারকে ৫ কোটি টাকায় কিনেছে মুম্বই ইন্ডিয়ান্স। পাঞ্জাব কিংসে হর্ষল প্যাটেলের সঙ্গী হবেন ক্রিস ওকস। ইংল্যান্ডের প্লেয়ারের বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। কেকেআরকে টেক্কা দিয়ে শেষ অবধি ৪.২০ কোটি টাকায় ওকসকে নেয় পাঞ্জাব।
১১.৫ কোটি টাকায় আলজারি জোসেফকে নিয়েছে নিয়েছে আরসিবি। ওয়েস্ট ইন্ডিজের এই পেসারের বেস প্রাইস ছিল ১ কোটি টাকা। লখনউ সুপার জায়ান্টসকে শেষ অবধি টেক্কা দিয়েছে আরসিবি। উমেশ যাদবের জন্য আগ্রহ দেখিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ, দিল্লি ক্য়াপিটালস ও গুজরাত টাইটান্স। ২ কোটি টাকার বেস প্রাইসের উমেশকে ৫.৮ কোটি টাকায় কিনেছে ২০২২-এর চ্যাম্পিয়নরাই।
লকি ফার্গুসনকে ছেড়ে দিয়েছিল কেকেআর। তিনি এখনও অবিক্রিত। বেস প্রাইস ৫০ লক্ষ টাকায় চেতন সাকারিয়াকে নিয়েছে কেকেআর। লখনউ সুপার জায়ান্টস ৬.৪ কোটি টাকায় কিনল শিবম মাভিকে। লখনউয়ের সঙ্গে মরিয়া লড়াই চালাচ্ছিল আরসিবিও। উইকেটকিপার কেএস ভরতকে ৫০ লক্ষ টাকায় কিনেছে কেকেআর। বেস প্রাইস ৫০ লক্ষ টাকাতেই ট্রিস্টান স্টাবস গেলেন দিল্লি ক্যাপিটালসে।












Click it and Unblock the Notifications