IPL 2024 Auction: ডেভিড ওয়ার্নারকে ব্লক করল সানরাইজার্স হায়দরাবাদ! কীভাবে বুঝলেন অস্ট্রেলীয় ওপেনার?
IPL 2024 Auction: আইপিএলে দিল্লি ক্যাপিটালসে রয়েছেন ডেভিড ওয়ার্নার। চলতি বছর ঋষভ পন্থের অনুপস্থিতিতে আইপিএলে নেতৃত্ব দিয়েছেন। ২০২৪ সালের আইপিএলে খেলার কথা অধিনায়ক ঋষভ পন্থের।
পন্থ আজ ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়, হেড কোচ রিকি পন্টিংদের সঙ্গে উপস্থিত রয়েছেন নিলামের টেবিলে। আইপিএলের নিলামের দিকে চোখ রেখেছেন ডেভিড ওয়ার্নার। তারই মধ্যে উল্লেখযোগ্য বিষয় নজরে পড়ল অস্ট্রেলীয় তারকার।

ডেভিড ওয়ার্নার ইনস্টাগ্রাম স্টোরিতে স্ক্রিনশট শেয়ার করে জানালেন, তাঁকে ব্লক করে রেখেছে সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ খেতাব জিতেছে একমাত্র ডেভিড ওয়ার্নারের নেতৃত্বেই। যদিও শেষটা মধুর হয়নি। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে ওয়ার্নারের সম্পর্কে ছেদ পড়ে তিক্ততার মধ্যে দিয়ে।
দলের ব্যর্থতায় অধিনায়কত্ব খোয়াতে হয়। যেভাবে তাঁকে সানরাইজার্স ছেঁটে ফেলে তা মনঃপুত হয়নি অজি তারকার। আইপিএলে হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে বিচ্ছেদের পর ওয়ার্নার কটাক্ষও করেছিলেন পুরানো দলকে। তবে এদিনই তিনি আবিষ্কার করলেন তাঁকে ব্লক করে দিয়েছেন সানরাইজার্স হায়দরাবাদ!
আজকের নিলাম থেকে সানরাইজার্স হায়দরাবাদ সাড়ে ২০ কোটি টাকায় কিনেছে সানরাইজার্স। ট্রাভিস হেডকে নিয়েছে ৬ কোটি ৮০ লক্ষ টাকা দিয়ে। কামিন্স অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক। ওপেনার ট্রাভিস হেড বিশ্বকাপ সেমিফাইনাল ও ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ হন।
অস্ট্রেলিয়া দলের দুই সতীর্থকে অভিনন্দন জানাতে গিয়েছিলেন ওয়ার্নার। তখনই তিনি বুঝতে পারেন সানরাইজার্স হায়দরাবাদ ব্লক করে দিয়েছে। সে কথা সোশ্যাল মাধ্যমের মাধ্যমেই সকলকে জানিয়ে দিয়েছেন ওয়ার্নার। ফলে বোঝাই যাচ্ছে, আইপিএল জেতানো অধিনায়কের সঙ্গে তিক্ততা কতটা বেড়েছে সানরাইজার্সের।
২০১৪ সালের আইপিএল নিলাম থেকে ওয়ার্নারকে নিয়েছিল হায়দরাবাদের ফ্র্যাঞ্চাইজি। ২০১৫ সালে অধিনায়ক করা হয়। ২০১৬ সালের আইপিএল জেতে সানরাইজার্স। অধিনায়ক ওয়ার্নার সেবারের আইপিএলে দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রহকারী হন, তাঁর নামের পাশে ছিল ৮৪৮ রান।
অস্ট্রেলিয়ার হয়ে খেলতে গিয়ে বল ট্যাম্পারিং কাণ্ডে জড়িয়ে পড়ে নির্বাসিত হন ওয়ার্নার। সেই কাণ্ডের পর ২০২০ সালে ওয়ার্নারকে অধিনায়ক করেছিল সানরাইজার্স। যদিও তার পরের বছর আইপিএলের মধ্যেই ওয়ার্নারকে সরিয়ে কেন উইলিয়ামসনকে অধিনায়ক করে দিয়েছিল সানরাইজার্স। ২০২২ সালের মেগা নিলামের আগে তাঁকে ছেড়েও দেয়।
এবারের আইপিএলে এখনও পর্যন্ত কামিন্স ও হেড ছাড়া ১ কোটি ৬০ লক্ষ টাকায় জয়দেব উনাদকাট ও দেড় কোটি টাকায় স্পিনার ওয়ানিন্দু হাসারঙ্গাকে দলে নিয়েছে সানরাইজার্স।












Click it and Unblock the Notifications