IPL 2024: বলিউডে আত্মপ্রকাশ আন্দ্রে রাসেলের! পলকের সঙ্গে গলা মিলিয়ে অভিকার বিপরীতে
IPL 2024: ডোয়েইন ব্র্যাভো পরিচিত ডিজে ব্র্যাভো নামে। আন্দ্রে রাসেলকে বলা হয় দ্রে রাস। তবে এবার কি রাসেলের নামের আগেও জুড়বে ডিজে তকমা?
এমনটা বলার কারণ, মাঠের পাশাপাশি এবার মাঠের বাইরেও ঝড় তুলতে চলেছেন আন্দ্রে রাসেল। ৯ মে প্রকাশ পাচ্ছে তাঁর হিন্দি গান। ফলে বলাই যায়, রাসেলের বলিউড ডেবিউ হচ্ছে।

'লড়কি তু কামাল কি' গানটিতে রাসেল গলা মিলিয়েছেন পলক মুছলের সঙ্গে। পালকের ভাই পলাশ গানটি লিখেছেন এবং সুর দিয়েছেন বলে জানা যাচ্ছে। মিউজিক ভিডিওটি তিনি পরিচালনাও করেছেন। পলাশ আবার স্মৃতি মান্ধানার বয়ফ্রেন্ড। কোরিওগ্রাফারের ভূমিকায় পবন-বব। প্রযোজক গিরিশ ও বিনীত জৈন।
ভয়লা ডিজি (VOILA!DIGI)-তে মিউজিক ভিডিওটি প্রকাশ পাবে। রাসেলকে গায়ক ও অভিনেতার মুখে দেখা যাচ্ছে, সেটাকেই প্রচারে বিশেষভাবে তুলে ধরা হচ্ছে। আন্দ্রে রাসেলের বিপরীতে মিউজিক ভিডিওয় দেখা যাবে অভিনেত্রী অভিকা গোরকে।
পলাশ নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলিতে এই গানটির প্রচার চালাচ্ছেন। তাতে লেখা রয়েছে গানটি প্রকাশের দিনক্ষণ। রাসেল ও অভিকার সঙ্গে নিজের ছবিও পোস্ট করে সকলকে গানটি শোনার ও মিউজিক ভিডিও দেখার আহ্বান জানিয়েছেন পলাশ।
সম্প্রতি রাসেল শাহরুখ খানের ডাঙ্কি ছবির লুট পুট গয়া গানটি গেয়ে সকলকে চমকে দিয়েছিলেন। এবার আসছে তাঁর নিজস্ব গান। তাও আবার ইডেনে মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের ২ দিন আগেই। চলতি আইপিএলে রাসেল ১১ ম্যাচে ১৯৮ রান করেছেন, ১টি অর্ধশতরান রয়েছে। বল হাতে তুলে নিয়েছেন ১৩টি উইকেট, সেরা বোলিং ২৫ রানে তিন উইকেট। গতকালের ম্যাচে রাসেল নিকোলাস পুরাণ ও মার্কাস স্টইনিসকে আউট করেন। রাসেল রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের টি২০ বিশ্বকাপ দলেও।












Click it and Unblock the Notifications