IPL 2023: বিরাট-ফাফ-ম্যাক্সওয়েল ঝড়, লখনউকে দুই শতাধিক রান তাড়ার চ্যালেঞ্জ দিল আরসিবি
আইপিএলে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ব্যাটিংয়ে ফের স্বমহিমায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বিরাট কোহলি, অধিনায়ক ফাফ দু প্লেসির পর অর্ধশতরান পেলেন গ্লেন ম্যাক্সওয়েল। টস জিতে ফিল্ডিং নিয়েছিল লখনউ সুপার জায়ান্টস।
নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২১২ রান তুলেছে আরসিবি। বিরাট কোহলি ৬১ রান করে আউট হন। এরপর দুরন্ত পার্টনারশিপ গড়েন দু প্লেসি ও ম্যাক্সওয়েল। অমিত মিশ্র ও মার্ক উড একটি করে উইকেট নেন।

বিরাট কোহলি এদিন শুরু থেকেই ছিলেন আগ্রাসী মেজাজে। পাওয়ারপ্লে-র ৬ ওভারে স্কোর ছিল বিনা উইকেটে ৫৬। ৫.৩ ওভারে ৫০ রান পূর্ণ হয় আরসিবির। বিরাট ৩৫ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। চারটি করে চার ও ছয় মেরে তিনি ৪৪ বলে ৬১ রান করেন। অমিত মিশ্রর বলে বিরাটের ক্যাচ ধরেন মার্কাস স্টইনিস

বিরাট কোহলি এদিন আইপিএলে ৫১ বার পঞ্চাশোর্ধ্ব রান করে স্পর্শ করলেন শিখর ধাওয়ানের নজির। বিরাটের আইপিএলে পাঁচটি শতরান রয়েছে, হাফ সেঞ্চুরি হলো ৪৬টি। শিখরের ২টি শতরান ও ৪৯টি অর্ধশতরান রয়েছে। টি ২০-তে রানের নিরিখে কোহলি পিছনে ফেললেন অ্যারন ফিঞ্চকে।
১১.৩ ওভারে ৯৬ রানে ওপেনিং জুটি ভাঙে আরসিবির। ১২.৩ ওভারে ১০০, ১৬.১ ওভারে ১৫০ ও ১৮.৪ ওভারে ২০০ রানে পৌঁছয় আরসিবি। ফাফ দু প্লেসি হাফ সেঞ্চুরি করেন ৩৫ বলে। গ্লেন ম্যাক্সওয়েলের লাগে ২৪ বল। দ্বিতীয় উইকেট জুটিতে ফাফ-ম্যাক্সওয়েল ১০০ রান যোগ করেন মাত্র ৪২ বলে।

শেষ ওভারে এক বল বাকি থাকতে মার্ক উড বোল্ড করে দেন বিধ্বংসী মেজাজে থাকা গ্লেন ম্যাক্সওয়েলকে। তিনটি চার ও পাঁচটি ছয়ের সাহায্যে ম্যাক্সওয়েল ২৯ বলে ৫৯ করেন। পাঁচটি করে চার ও ছয়ের সাহায্যে ৪৬ বলে ৭৯ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন ফাফ দু প্লেসি।

আইপিএলে সবচেয়ে বেশি ছক্কা যে স্টেডিয়ামগুলিতে হয়েছে তার মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে চিন্নাস্বামী। এদিন আরসিবি ইনিংসে ছয়ের সংখ্যা ১৫। শেষ পাঁচ ওভারে ১ উইকেট হারিয়ে আরসিবি ৭৫ রান সংগ্রহ করেছে। দীনেশ কার্তিক শেষ বল খেলতে নেমে ১ রানে অপরাজিত থাকেন।
মার্ক উড ১টি মেডেন-সহ ৪ ওভারে ৩২ রান দিয়ে ১টি উইকেট পেয়েছেন। তিনি আপাতত সর্বাধিক উইকেটশিকারী হয়ে ম্যাক্সওয়েলের হাত থেকে বেগুনি টুপি নিলেন। ২ ওভারে ১৮ রান দিয়ে ১টি উইকেট নেন অমিত মিশ্র। জয়দেব উনাদকাট ডেথ ওভারে নিজের দ্বিতীয় ওভার করতে এসে ২৭ রান দেন। প্রথম ওভারে মাত্র চার রান দিয়েছিলেন।

আবেশ খান ৪ ওভারে ৫৩, ক্রুণাল পাণ্ডিয়া ৪ ওভারে ৩৫ ও রবি বিষ্ণোই ৪ ওভারে ৩৯ রান দিয়েছেন। অমিত মিশ্রর জায়গায় ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে আয়ুষ বাদোনিকে নামাবে লখনউ। আরসিবি নিল কর্ণ শর্মাকে। আগের ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে ২০০-র উপর রান তাড়া করতে গিয়ে হেরেছিল লখনউ। আজ আরসিবির বিরুদ্ধে তার পুনরাবৃত্তি চাইবে না লখনউ।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications