IPL 2023: সানরাইজার্স ম্যাচের আগে আরসিবিকে উদ্বেগে রাখবে পরিসংখ্যান, দলগত সংহতি চান পাঠান
আইপিএলে আজ হায়দরাবাদে সানরাইজার্স হায়দরাবাদ চলতি মরশুমে নিজেদের শেষ হোম ম্যাচটি খেলতে নামছে। প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। শেষ চারে যেতে আরসিবির কাছে আজকের ম্যাচ জেতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অরেঞ্জ আর্মি খেলবে নিয়মরক্ষার ম্যাচ।
পরিসংখ্যান অবশ্য আজকের ম্যাচের আগে চিন্তায় রাখবে আরসিবি। হায়দরাবাদ ও বেঙ্গালুরুর মধ্যে আইপিএলে মোট দ্বৈরথ হয়েছে ২২টি, তার মধ্যে ১২টিতেই জিতেছে নিজামের শহর। ৯টিতে জিতেছেন বিরাট কোহলিরা। ১টি ম্যাচ পরিত্যক্ত।

শুধু তাই নয়। সবচেয়ে বেশিবার হায়দরাবাদের কাছে হেরে কাপজয়ের স্বপ্নভঙ্গ হয়েছে আরসিবির। ২০০৯ সালের ফাইনালে ডেকান চার্জার্স (হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজির পূর্বতন নাম) ৬ রানে আরসিবিকে হারিয়ে খেতাব জিতেছিল। ২০১২ সালে ডেল স্টেইন ৮ রানে তিন উইকেট নিয়ে উড়িয়ে দেন আরসিবিকে।
২০১৩ সালে হায়দরাবাদ শেষ ম্যাচে কেকেআরকে হারিয়ে ছিটকে দিয়েছিল আরসিবিকে। আরসিবি ছিল পাঁচে। ২০১৬ সালের ফাইনালে সানরাইজার্স ৮ রানে আরসিবিকে পরাস্ত করেছিল। ২০২০ সালের এলিমিনিটেরে সানরাইজার্স হারিয়ে দিয়েছিল আরসিবিকে। ২০২১ সালে সানরাইজার্সের কাছে হারার ফলে প্রথম দুইয়ে থাকতে পারেনি আরসিবি।

ফলে আইপিএলে হায়দরাবাদ সব সময়ই বেঙ্গালুরুর শক্ত গাঁট। আরসিবি আজ সানরাইজার্স ও শেষ ম্যাচে নিজেদের মাঠে গুজরাত টাইটান্সকে হারালে ১৬ পয়েন্টে পৌঁছে যেতে পারবে। তাতে শেষ চারে ওঠার রাস্তাও হয়ে যাবে মসৃণ। বিরাট কোহলিই এই দুটি বড় ম্যাচে জ্বলে উঠতে পারেন বলে আশাবাদী ক্রিকেট মহল।

স্টার স্পোর্টসের ক্রিকেট লাইভ অনুষ্ঠানে টম মুডি বলেন, শুরুটা ভালো করলেও দ্বিতীয় পর্যায়ে কিছুটা ছন্দ হারিয়েছে। বাকি দুটি ম্যাচে সর্বশক্তি নিয়ে আরসিবিকে সেরাটাই দিতে হবে। বিরাট কোহলি নিজের সেরাটা উজাড় করে দিয়ে দলকে প্লে-অফে পৌঁছে দিতে দৃঢ়প্রতিজ্ঞ থাকবেন।

ইউসুফ পাঠানের কথায়, আরসিবিকে দল হিসেবে খেলতে হবে। এখন আর সেই সময় নেই যে আরসিবিকে শুধু তিনজন ক্রিকেটার (বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল ও ফাফ দু প্লেসি)-র উপর ভরসা করলেই চলবে। প্রত্যেককে এগিয়ে এসে নিজেদের দায়িত্ব পালন করতে হবে। পাঞ্জাবের হারে আরসিবির সুবিধা হয়েছে বলে মন্তব্য পাঠানের।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications