IPL 2023: আইপিএলে আজ আরসিবি বনাম লখনউ, দ্বৈরথে এগিয়ে কারা? কী হবে রণকৌশল?
আইপিএলে আজ বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর খেলতে নামছে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। গত বছরের আইপিএলে লিগ পর্বে লখনউকে ১৮ রানে হারায় আরসিবি। এরপর এলিমিনেটরে আরসিবি লখনউকে ১৪ রানে হারায়।
ইডেনে কেকেআরের কাছে হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর লড়াই আরসিবির। লখনউ চাইবে জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে। সানরাইজার্সকে হারানোর পর রাহুলরা খেলতে নামছেন বিরাটদের হোম গ্রাউন্ডে। যা রাহুলের ঘরের মাঠও।

বিদেশি বাছাইয়ের চ্যালেঞ্জ
লখনউ সুপার জায়ান্টসের বিদেশি বেছে নেওয়া বড় মাথাব্যথা। কাইল মেয়ার্স ব্যাট হাতে সাফল্য পাচ্ছেন। কুইন্টন ডি ককের সঙ্গে এমনিতে লোকেশ রাহুল ওপেন করেন। ডি কক দেরিতে এসেছেন। তাঁর জায়গায় মেয়ার্স ওপেন করতে নেমে সফল। ফলে ডি কককে আগের ম্য়াচে বাইরে থাকতে হয়েছে।

উড, আবেশ খেলবেন?
মার্কাস স্টইনিস ও নিকোলাস পুরাণ ডেথ ওভারে ঝোড়ো ইনিংস খেলতে পারদর্শী। মার্ক উড আগের ম্যাচে ফ্লুতে আক্রান্ত হওয়ায় খেলেননি। তিনি ফিট থাকলে একাদশে থাকবেন। আবেশ খান চোটের কারণে আগের ম্যাচে লখনউয়ের একাদশে ছিলেন না। লখনউয়ের ইমপ্যাক্ট প্লেয়ার আয়ুষ বাদোনি।

বাদোনির সঙ্গে অদলবদল
বাদোনিকে ব্যাটার হিসেবে নামানো হচ্ছে। কখনও তাঁকে বদলানো হয়েছে কৃষ্ণাপ্পা গৌতম ও অমিত মিশ্রর সঙ্গে। কখনও আবেশ খানের জায়গায় তিনি ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নেমেছেন। সেই রণকৌশল এদিনও নিতে পারে লখনউ। ডি কক খেললে বাদ পড়বেন স্টইনিস।

প্রথমে ব্যাটিং করেনি আরসিবি
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর চলতি আইপিএলে প্রথমে ব্যাট করেনি। ওয়ানিন্দু হাসারঙ্গা খেলতে পারেন মাইকেল ব্রেসওয়েলের জায়গায়। ইমপ্যাক্ট প্লেয়ারের অদলবদল হতে পারে সুযশ প্রভুদেশাই ও মহম্মদ সিরাজের মধ্যে। নজর থাকবে বিরাট কোহলির দিকে।

সিক্সার-ফ্রেন্ডলি চিন্নাস্বামী
২০১৮ সাল থেকে বেঙ্গালুরুতে প্রথম ইনিংসে গড় স্কোর ১৮৩। পেসারদের তুলনায় রানের গতিতে রাশ টানতে বেশি কার্যকরী হন স্পিনাররা। আইপিএলে যে মাঠগুলিতে সবচেয়ে বেশি ছক্কা হয় তার মধ্যে অন্যতম চিন্নাস্বামী। গত পাঁচ মরশুমে ম্যাচ প্রতি ১৮টি ছক্কা হয়েছে। আজ হাই স্কোরিং ম্যাচের অপেক্ষা। বৃষ্টির পূ্র্বাভাস নেই। টস জিতলে সংশ্লিষ্ট দল রান তাড়া করতে চাইবে।

এগারোয় কারা?
আরসিবির সম্ভাব্য একাদশ- বিরাট কোহলি, ফাফ দু প্লেসি (অধিনায়ক), সুযশ প্রভুদেশাই, গ্লেন ম্যাক্সওয়েল, শাহবাজ আহমেদ, দীনেশ কার্তিক (উইকেটকিপার), ওয়ানিন্দু হাসারঙ্গা বা মাইকেল ব্রেসওয়েল, ডেভিড উইলি, হর্ষল প্যাটেল, কর্ণ শর্মা, আকাশ দীপ
লখনউ সুপার জায়ান্টসের সম্ভাব্য একাদশ- লোকেশ রাহুল (অধিনায়ক), কাইল মেয়ার্স, কুইন্টন ডি কক (উইকেটকিপার), দীপক হুডা, ক্রুণাল পাণ্ডিয়া, নিকোলাস পুরাণ, আয়ুষ বাদোনি, রোমারিও শেফার্ড বা মার্ক উড, যশ ঠাকুর, রবি বিষ্ণোই, জয়দেব উনাদকাট।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications