IPL 2023: পৃথ্বী-রুসোর অর্ধশতরান, দিল্লিকে হারাতে পাঞ্জাবের চাই ২১৪
আইপিএলে কামব্যাক ম্যাচে অর্ধশতরান পেলেন পৃথ্বী শ। দিল্লি ক্যাপিটালসের নিয়মরক্ষার ম্যাচে হাফ সেঞ্চুরি এলো রাইলি রুসোর ব্যাট থেকেও। যার ফলে ধরমশালায় পাঞ্জাব কিংসের সামনে জেতার জন্য রানের টার্গেট দিল দিল্লি ক্যাপিটালস।
নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে দিল্লি ক্যাপিটালস ২১৩ রান তুলেছে। পৃথ্বী শ আউট হন ৫৪ রান করে। রাইলি রুসো তিনে নেমে ৩৭ বলে ৮২ রানে অপরাজিত থাকেন। স্যাম কারান পেয়েছেন ২ উইকেট।

ধরমশালায় নতুন পিচে খেলা হচ্ছে। উইকেট শক্ত। ঘাস আছে। ফলে মনে করা হয়েছিল পেসাররা সুবিধা আদায় করতে পারবেন। পাঞ্জাব কিংস কাগিসো রাবাডাকে দলে নেয়। যদিও তিনি হতাশই করলেন। উইকেট কেমন আচরণ করবে সেই নিয়ে সন্দিহান ছিলেন পাঞ্জাব অধিনায়ক শিখর ধাওয়ান। সে কারণে টস জিতে দিল্লিকে ব্যাট করতে পাঠান।

পিচ রিপোর্ট দিতে গিয়ে হাই স্কোরিং ম্যাচের আভাস দিয়েছিলেন ম্যাথু হেডেন। তিনি বলেছিলেন, পার স্কোর ১৮০। দিল্লি সেটাকেই ছাপিয়ে গেল। প্রথম ৬ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৬১ রান তুলে ফেলেন পৃথ্বী শ ও ডেভিড ওয়ার্নার। ১০.২ ওভারে ৯৪ রানের মাথায় ওয়ার্নারকে ফেরান কারান। দিল্লি অধিনায়ক পাঁচটি চার ও ২টি ছয় মেরে ৩১ বলে ৪৬ রান করেন।

৪.৪ ওভারে ৫০, ১০.৫ ওভারে ১০০, ১৫.৩ ওভারে ১৫০ রান তোলে ক্যাপিটালস। পৃথ্বী শ ৩৬ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করার পর ৩৮ বলে ব্যক্তিগত ৫৪ রানে আউট হন। তিনি সাতটি চার ও একটি ছয় মারেন। ১৫ ওভারে ১৪৮ রানে দ্বিতীয় উইকেটের পতনের পর আর কোনও উইকেট হারায়নি ক্যাপিটালস।

তৃতীয় উইকেট জুটিতে ৫০ রান যোগ করতে রুসো ও ফিল সল্ট নেন মাত্র ২৬ বল। দিল্লির ২০০ রান পূর্ণ হয় ১৯.২ ওভারে। হরপ্রীত ব্রার শেষ ওভারে ২৩ রান দেন। রুসোর অপরাজিত ৮২ রানের ইনিংসে রয়েছে ৬টি করে চার ও ছয়। তিনি অর্ধশতরান পূর্ণ করেন ২৬ বলে। শেষ পাঁচ ওভারে কোনও উইকেট না হারিয়ে দিল্লি ৬৫ রান তোলে।
২টি করে চার ও ছয়ের সাহায্যে ফিল সল্ট ১৪ বলে ২৬ রানে অপরাজিত থাকেন। স্যাম কারান ৪ ওভারে ৩৬ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। রাবাডা ৩ ওভারে ৩৬, অর্শদীপ সিং ২ ওভারে ২১, নাথান এলিস ৪ ওভারে ৪৬, রাহুল চাহার ৪ ওভারে ৩৫ ও হরপ্রীত ব্রার ৩ ওভারে ৩৯ রান দেন।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications