IPL 2023: আইপিএলে মুখোমুখি পাঞ্জাব-রাজস্থান, জিতলেও নিশ্চিত নয় প্লে-অফ
আইপিএলের ম্যাচে কাল ধরমশালায় মুখোমুখি হচ্ছে পাঞ্জাব কিংস ও রাজস্থান রয়্যালস। দুই দলই ১৩টি করে ম্যাচ খেলে ১২ পয়েন্টে দাঁড়িয়ে। রাজস্থান রয়্যালসের নেট রান রেট ০.১৪০, পাঞ্জাব কিংসের মাইনাস (-) ০.৩০৮। কালকের ম্যাচে যারাই জিতবে তাদের পয়েন্ট হবে ১৪। তবে শেষ চারে যাওয়া কঠিন।
এমনিতে যা পরিস্থিতি তাতে ১৪ পয়েন্ট নিয়ে প্লে-অফে যাওয়ার সম্ভাবনা ক্ষীণ। যদিও বা কোনও একটি দল যায় সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে নেট রান রেট। সেক্ষেত্রে পাঞ্জাব কিংসের আশা নেই। বড় জয় ছিনিয়ে নিয়ে অন্য ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে গতবারের রানার-আপ রাজস্থানকে।

দুই দলের রণকৌশল প্রশ্নের মুখে পড়েছে। পাঞ্জাব যেমন স্পিন সহায়ক চেন্নাইয়ে হরপ্রীত ব্রারকে দিয়ে বোলিং করায়নি, সেই তাঁকেই গতকাল বাঁহাতি রাইলি রুসো ক্রিজে থাকা সত্ত্বেও ১৬, ১৮ ও ২০ ওভার করিয়েছে। তিন ওভারে ৩৯ রান দিয়ে তিনি উইকেট পাননি। সিদ্ধান্ত ভুল ছিল, স্বীকার করেছেন অধিনায়ক শিখর ধাওয়ান।
আবার রান তাড়া করার সময় স্যাম কারান, জিতেশ শর্মা, শাহরুখ খানরা থাকা সত্ত্বেও অথর্ব তাইড়েকে রিটায়ার্ড আউট হয়ে বেরিয়ে আসার নির্দেশ দিতে অনেক দেরি করে ফেলেছে। যার নিট ফল দিল্লি ২ উইকেটে ২১৩ রান তোলার পর ম্যাচ জিতেছে ১৫ রানে। এই পরাজয় পাঞ্জাবকে টিকিয়ে রেখেছে অঙ্কের হিসেবে।

রাজস্থান রয়্য়ালস ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মের যথাযথ ব্যবহার করতে পারেনি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। জেসন হোল্ডারের ব্যাটিং দক্ষতার উপর প্রথমদিকে আস্থা রাখেনি, ফিট হয়ে ফেরা ওবেদ ম্যাককয়কে সানরাইজার্সের বিরুদ্ধে এক ওভারের বেশি ব্যবহার করা হয়নি। রাজস্থানের ভরাডুবি হয়েছে আরসিবি ম্যাচে ১১২ রানে হারার ফলে।

দুই দলেই ফিটনেস সংক্রান্ত কোনও সমস্যা নেই। প্লে-অফের ক্ষীণ আশা জিইয়ে রাখতে দুই দলই সর্বস্ব উজাড় করে দেবে। যেহেতু ধরমশালার উইকেটে পেসাররা সাফল্য পান, সেক্ষেত্রে অ্যাডাম জাম্পাকে বাইরে রেখে খেলানো হতে পারে ট্রেন্ট বোল্টকে। পাঞ্জাব কিংস একাদশে রদবদলের পথে নাও হাঁটতে পারে।
পাঞ্জাব কিংসের সম্ভাব্য একাদশ- শিখর ধাওয়ান (অধিনায়ক), প্রভসিমরণ সিং, অথর্ব তাইড়ে, লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা (উইকেটকিপার), শাহরুখ খান, স্যাম কারান, হরপ্রীত ব্রার, রাহুল চাহার, কাগিসো রাবাডা বা সিকান্দর রাজা, নাথান এলিস। বোলিংয়ের সময় নামবেন অর্শদীপ সিং।

রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশ- যশস্বী জয়সওয়াল, জস বাটলার, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), দেবদত্ত পাড়িক্কল, জো রুট, শিমরন হেটমায়ার, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, অ্যাডাম জাম্পা বা ট্রেন্ট বোল্ট, যুজবেন্দ্র চাহাল, সন্দীপ শর্মা। বোলিংয়ের সময় কেএম আসিফকে নামানো হতে পারে।
ধরমশালার এইচপিসিএ স্টেডিয়ামের বাউন্ডারি বড় নয়। হাই স্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনা থাকছে। ম্যাচ চলাকালীন বৃষ্টির পূর্বাভাস নেই। মনোরম, শীতল আবহাওয়ায় রুদ্ধশ্বাস ম্যাচের প্রতীক্ষা করতেই পারেন ক্রিকেটপ্রেমীরা।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications