IPL 2023: আইপিএল ঘিরে সক্রিয় বেটিং চক্র! আরসিবি তারকার কাছে রহস্যজনক ফোন
আইপিএলকে কেন্দ্র করে রমরমিয়ে চলছে বেটিং। এবার রহস্যজনক ফোন পেলেন খোদ মহম্মদ সিরাজ। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পেসার সিরাজ সে কথা সঙ্গে সঙ্গে জানিয়েছেন বিসিসিআইয়ের দুর্নীতিদমন শাখাকে।
সিরাজকে ফোন করে আরসিবির ভিতরের নানাবিধ তথ্য জানার চেষ্টা করেছিলেন এক ব্যক্তি। সংবাদসংস্থা পিটিআইয়ের দাবি, ওই ব্যক্তি কোনও বুকি নন। হায়দরাবাদের এক ড্রাইভার। আইপিএল বেটিংয়ে প্রচুর অর্থ খুইয়ে মরিয়া হয়ে সিরাজকে ফোন করেন।

চলতি আইপিএলে প্রতিটি ম্যাচেই উইকেট পেয়েছেন মহম্মদ সিরাজ। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২১ রানে ১ উইকেট, কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৪৪ রানে ১টি, লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ২২ রানে তিনটি, দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ২৩ রানে ২টি এবং চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৩০ রানে ১টি উইকেট দখল করেন।
বিসিসিআইয়ের সূত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থা জানাচ্ছে, সিরাজের কাছে সন্দেহজনক যে ফোন এসেছিল সে বিষয়ে বিস্তারিত তথ্য আরসিবিতে খেলা হায়দরাবাদের পেসার বোর্ডের দুর্নীতিদমন শাখাকে জানিয়েছেন। তবে কোনও বুকির কাছ থেকে ফোনটি আসেনি। হায়দরাবাদের এক ড্রাইভার ফোনটি করেন।

ফোনটি যখন ওই ব্যক্তি সিরাজকে করেন তার আগের ম্যাচেই তিনি প্রচুর টাকা খুইয়েছেন আইপিএল বেটিংয়ে। ওই ব্যক্তি আইপিএলের ম্যাচকে কেন্দ্র করে চলা বেটিংয়ে টাকা খাটান। সিরাজের কাছে ফোন করে আরসিবির অভ্যন্তরীণ বিষয়ক তথ্য জানতে চান ওই অভিযুক্ত। ইতিমধ্যেই অভিযুক্তকে পুলিশ গ্রেফতারও করেছে।
এস শ্রীসন্থ, অঙ্কিত চ্যবন, অজিত চাণ্ডিলার মতো ক্রিকেটাররা আইপিএল চলাকালীন গ্রেফতার হয়েছিলেন স্পট ফিক্সিংয়ের অভিযোগে। চেন্নাই সুপার কিংসের প্রাক্তন কর্ণধার গুরুনাথ মেয়াপ্পনও ধরা পড়েন ম্যাচ গড়াপেটা কেলেঙ্কারিতে। চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসকে নির্বাসিতও করেছিল বিসিসিআই।

এই ঘটনার পর থেকেই দুর্নীতিদমন শাখাকে আরও মজবুত করা হয়। প্রতিটি দলের সঙ্গেই থাকেন একজন এসিইউ আধিকারিক। টিম হোটেল থেকে স্টেডিয়াম, সব জায়গাতেই তিনি সকলের গতিবিধির উপর নজর রাখেন। প্লেয়ারদের কী করণীয়, কী করা উচিত নয় সে বিষয়ে ওয়ার্কশপ হয়।
যদি কেউ সন্দেহজনক কার্যকলাপ গোপন রাখেন তাহলে শাস্তির বিধান রয়েছে। শাকিব আল হাসান সন্দেহজনক কার্যকলাপ দুর্নীতিদমন শাখার কাছে গোপন রেখেছিলেন ২০১৮ সালে ত্রিদেশীয় সিরিজ ও আইপিএল চলাকালীন। সে কারণে তাঁকে সাসপেনশনের মুখে পড়তে হয়েছিল। ক্রিকইনফোর দাবি, সিরাজ আইপিএল শুরুর আগে ফোন পান। তখন ভারত-অস্ট্রেলিয়া ওয়ান ডে সিরিজ চলছিল।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications